
বিশ্ব শিক্ষক দিবস আজ। নানা আয়োজনে দিবসটি পালন করা হলেও অবসরপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে ভিন্ন চিত্র। অনেক শিক্ষক অবসর নেওয়ার পর ভোগান্তির জীবন যাপন করছেন। অবসরে যাওয়া কর্মচারীদের অবস্থাও একই। বছরের পর বছর প্রতীক্ষার পরও কল্যাণ ফান্ড ও অবসর ভাতা পাচ্ছেন না তাঁরা। সংসারের দৈনন্দিন খরচ, চিকিৎসার ব্যয় আর বয়সজনিত অসুবিধা মোকাবিলায় নিজেরাই নিরাশ্রয় হয়ে পড়েন। জীবনভর শিক্ষকতা করা এই মানুষগুলোকে এখন কেউ দেখছে না, কেউ শুনছে না।
টাঙ্গাইলের ধনবাড়ীর নল্লাবাজার এলাকার মমতাজ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম বাবুল। ২০২১ সালের অক্টোবর মাসে অবসরে যান তিনি। এখনো অবসর ভাতার আশায় দিন গুনছেন। তিনি বলেন, ‘আমি হার্টের রোগী। এখন ভাত খাওয়ার চেয়ে ওষুধের চিন্তা বেশি লাগে। গিন্নির তিনবার অপারেশন করিয়েছি। ডাক্তারের পরামর্শেই চলতে হয়। মাসে সাড়ে পাঁচ-ছয় হাজার টাকার ওষুধ লাগে। এই টাকার জন্যও অনেক সময় অস্থির হয়ে পড়ি। অবসর ভাতা পাইলে অন্তত কয়টা দিন টেনশন ছাড়া কাটাইতে পারতাম।’
টাঙ্গাইল জেলা অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নুও আড়াই বছর ধরে অপেক্ষায় আছেন কল্যাণ ফান্ড ও অবসরকালীন ভাতার জন্য। তাঁদের মতো টাঙ্গাইলের ১২টি উপজেলার শত শত শিক্ষক-কর্মচারী এবং সারা দেশের প্রায় ৬৪ হাজার শিক্ষক-কর্মচারী অবসর-পরবর্তী অনিশ্চয়তার জীবনে দিন কাটাচ্ছেন। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, চিকিৎসার খরচ জোগাতে অন্যের দ্বারস্থ হচ্ছেন অনেকে।
শিক্ষকজীবনে নিজেদের সর্বস্ব বিলিয়ে দেওয়া এসব শিক্ষক-কর্মচারীর খবর রাখছে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও। স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক সংগঠনগুলোর নেতারাও জানেন না জেলায় কতজন শিক্ষক অবসরে গেছেন বা কারা ভোগান্তিতে আছেন। টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ও জানে না, জেলায় কতজন শিক্ষক অবসরে গেছেন এবং কারা ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ হিসেবে কর্মকর্তারা জানান, অবসর-সংক্রান্ত কার্যক্রম তাঁদের দপ্তরে হয় না।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও অবসর সুবিধা বোর্ডের সহসভাপতি ড. মুহাম্মদ আজাদ খান বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর দেখি, অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা ও কল্যাণ ফান্ডে চরম বিশৃঙ্খলা চলছে। তাঁদের কোনো ক্রমতালিকা ছিল না। যেভাবে ইচ্ছা, সেভাবেই কাজ করা হয়েছে। শিক্ষকদের কাছ থেকে সংগৃহীত টাকা বেসরকারি ব্যাংকে রেখে সুবিধা নিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা। কিন্তু শিক্ষকদের কল্যাণ নিয়ে ভাবেননি।’
আজাদ খান আরও বলেন, ‘আমরা প্রথমেই সব ফান্ড রাষ্ট্রায়ত্ত ব্যাংকে স্থানান্তরের ব্যবস্থা করেছি। সরকার অবসর ভাতার জন্য ২ হাজার কোটি টাকা এবং কল্যাণ ফান্ডের জন্য ২০০ কোটি টাকার তহবিল দিয়েছে। এর লভ্যাংশ থেকে ক্রমতালিকা অনুসারে ভাতা পরিশোধ করা হবে। ২০১৮ সালের আগের অনেক আবেদনপত্র পাওয়া যায়নি। আমরা ২০২৩ সাল পর্যন্ত সারা দেশের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের তালিকা অনলাইনে হালনাগাদ করেছি। তাঁদের টাকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করা হবে।’

রাজধানী ঢাকার পথচলতি মানুষের ভয়ের কারণ হয়ে উঠেছে ছিনতাই। নগরের ছিনতাইপ্রবণ বিভিন্ন এলাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কেও ছিনতাই হচ্ছে। জাতীয় সংসদ ভবনসংলগ্ন সড়কে গত শনিবার প্রধান শিক্ষক রনজিলা পারভীন নিহত হওয়ার ঘটনা ছিনতাইকারীদের বেপরোয়াভাবকেই সামনে এনেছে।
২ ঘণ্টা আগে
সরকারি দরপত্রে সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা সংশোধনের একটি খসড়া চূড়ান্ত করেছে সরকার। খসড়াটি শিগগির সংসদে আসবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
৬ ঘণ্টা আগে
এখন ভাদ্র মাস। এ মাসে তাল পাকে। সেটা এমনি এমনি পাকে না, গরমের তীব্রতার কারণেই পাকে। সেই তাল পাকা গরমে দেশে বেড়েছে লোডশেডিং। ফলে, দিনে-রাতে গরমে হাঁসফাঁস অবস্থা। সে সঙ্গে সন্ধ্যা নামার পর লোডশেডিংয়ের কবলে পড়ে অন্ধকার নেমে আসছে দেশের অনেক এলাকায়।
৬ ঘণ্টা আগে
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দেশের বাইরে অবস্থান করবেন। পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (১) হুমায়ুন কবির...
৭ ঘণ্টা আগে