বোর্ড সভার সিদ্ধান্ত উপেক্ষা করে আর্থিক সক্ষমতা নেই—এমন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগের মাধ্যমে সাড়ে ২৪ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমানসহ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের সভায় মামলা দুটির অনুমোদন দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।
দুদক সূত্রে জানা গেছে, দুটি মামলায় মোট ২৪ কোটি ৭১ লাখ ১৪ হাজার ২৩১ টাকা সরকারি আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। বোর্ড সভার সিদ্ধান্ত অমান্য করে অপর্যাপ্ত আর্থিক সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগের মাধ্যমে এই ক্ষতি করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।
একটি মামলায় ১ কোটি ১ লাখ ৮৪ হাজার ১২০ টাকা আত্মসাৎ ও সরকারি আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় পিডিবিএফের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান, সাবেক পরিচালক (অর্থ) মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান এবং সাবেক সহকারী পরিচালক মো. আতাউর হোসেনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বোর্ড সভার সিদ্ধান্ত অমান্য করে আর্থিক সক্ষমতাহীন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগ এবং এর মাধ্যমে নিজেরা লাভবান হওয়ার অভিযোগ আনা হয়েছে।
অপর মামলায় ২৩ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ১১১ টাকা সরকারি অর্থের ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় পিডিবিএফের সাবেক পরিচালক (অর্থ) মদন মোহন সাহা, সাবেক যুগ্ম পরিচালক (অর্থ) শহীদুল হক খান এবং সাবেক উপপরিচালক রুবী খাতুনকে আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধেও বোর্ড সভার সিদ্ধান্ত অমান্য করে অপর্যাপ্ত আর্থিক সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে।
মামলা দুটিতে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনার সিদ্ধান্ত হয়েছে।










