Ajker Patrika

পুলিশ যা পারেনি, র‍্যাব তা দক্ষতার সঙ্গে পেরেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৯ মে ২০২৬, ১৮: ১০
পুলিশ যা পারেনি, র‍্যাব তা দক্ষতার সঙ্গে পেরেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকার প্রয়োজন রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, পুলিশ বাহিনী যেসব অপরাধ দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারেনি, সেসব ক্ষেত্রে র‍্যাব কার্যকর ভূমিকা রেখেছে।

আজ মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ে সরকারের তিন মাস অতিক্রম নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। যেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাহেদ বলেন, ‘এক অর্থে র‍্যাব আগের মতো থাকছে না। এত দিন র‍্যাব আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটা অধীনে কাজ করছিল। এখন র‍্যাবের জন্য একটা পূর্ণাঙ্গ আইন করা হবে। র‍্যাবের নামও পরিবর্তন করা হবে।’

বর্তমান সরকার র‍্যাবকে মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহার করবে না উল্লেখ করে জাহেদ বলেন, ‘এই সরকার হাসিনার সময়ের মতো খেলাপি ঋণকে এনডোরস করবে না। একইভাবে হাসিনার সময়ে র‍্যাবকে যেভাবে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যবহার করা হয়েছে, এখন আর হবে না। তবে রাষ্ট্রে একটা এলিট ফোর্স থাকার দরকার আছে। সমালোচনা বাদ রেখে বলা যায়, র‍্যাব অত্যন্ত দক্ষতার সাথে নানা ধরনের অপরাধ মোকাবিলা করতে পেরেছে, যেটা আমাদের পুলিশ বাহিনী পারেনি। ফলে এ রকম একটা এলিট ফোর্স থাকবে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেশে ফিরে আসেন তাহলে তাঁর ওপর বেআইনি কোনো পদক্ষেপ না নিয়ে বিষয়টি আইনসিদ্ধভাবে মোকাবিলা করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।

তথ্য উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছি। কারণ, তিনি ইনসাফ করেন নাই। পরবর্তী বাংলাদেশের প্রধান উদ্দেশ্য হচ্ছে এখানে শত্রুর প্রতিও ইনসাফ থাকবে। শেখ হাসিনার প্রতিও ইনসাফ থাকবে। শেখ হাসিনা যদি আসেন, তাঁকে আইনের বাইরে গিয়ে কিছু করা হবে না। বিচার হয়েছে, উনাকে আবার আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হবে। তাতে তিনি যদি মৃত্যুদণ্ডাদেশ থেকে মুক্তি পান, সেটা আমরা মানব। আর যদি না হয়, সেটা কার্যকর হবে। এটাই হচ্ছে ইনসাফ।’

ব্রিফিংয়ে তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, তিস্তা মহাপরিকল্পনাকে কেবল বন্যা ও ভাঙন প্রতিরোধে সীমাবদ্ধ না রেখে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের অপশন যুক্ত করে নতুনভাবে সংশোধন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় পানি সংরক্ষণের এই অপশন যুক্ত করে নতুনভাবে প্রকল্পটি কারেক্ট বা সংশোধন করে উপস্থাপনের কাজ চলছে। জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের জন্যই এটি করা হচ্ছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত