Ajker Patrika

লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সেই সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৯: ৩২
লাখ টাকাসহ গ্রেপ্তার ভূমি অফিসের সেই সার্ভেয়ার রিমান্ড শেষে কারাগারে
গত মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল পরিকল্পিত ফাঁদ অভিযান চালিয়ে সার্ভেয়ার আসাদুল ইসলামকে আটক করে। ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে ঘুষের এক লাখ টাকাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে হাতেনাতে গ্রেপ্তার সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।

রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের আইনজীবী দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেন।

৯ নভেম্বর আদালতের নির্দেশে তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়।

এর আগে ৩ নভেম্বর আসাদুল ইসলামকে আদালতে হাজির করার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, আসাদুল ইসলাম লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার হিসেবে কর্মরত। এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুদক ফাঁদ অভিযান পরিচালনা করে। ৩ নভেম্বর বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে সার্ভেয়ারের নির্ধারিত কক্ষে আসাদুল ইসলামকে ওই টাকা দেন অভিযোগকারী। টাকা গ্রহণের পর আসাদুল ইসলাম সেটি তাঁর ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় তাকে রাখেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুদকের ফাঁদ দলের সদস্যরা তাঁকে হাতেনাতে আটক করেন।

ঘুষ গ্রহণের বিষয়ে জিজ্ঞাসা করা হলে আসাদুল ইসলাম তা স্বীকার করেন। পরে তাঁর ব্যবহৃত সাইড টেবিলের দ্বিতীয় তাক থেকে খাকি রঙের খামে রাখা এক লাখ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার করা টাকার নম্বরের সঙ্গে আগের দিন অভিযোগকারীকে দেওয়া টাকার নম্বরের হুবহু মিল পাওয়া যায়।

দুদকের অভিযোগ সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম রাজধানীর লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং স্কেচ ম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন তিনি।

আবেদনের পর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও জমির সীমানা নির্ধারণের কাজ শেষ হয়নি। এ সময় লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও কোনো অগ্রগতি পাননি অভিযোগকারী। পরে তাঁকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।

অভিযোগে বলা হয়েছে, আসাদুল ইসলাম জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি দুদককে জানিয়ে ঘুষ গ্রহণের সময় তাঁকে হাতেনাতে ধরার অনুরোধ করেন অভিযোগকারী।

এরপর অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ফাঁদ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আসাদুল ইসলামকে আটক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত