Ajker Patrika

ভারতসহ প্রতিবেশীদের নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদ্‌যাপনের কথা ভাবছে সরকার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৬: ৩২
ভারতসহ প্রতিবেশীদের নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদ্‌যাপনের কথা ভাবছে সরকার
ডা. জাহেদ উর রহমান। ফাইল ছবি

আগামী বছর থেকে ভারতসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার পার্শ্ববর্তী দেশগুলোকে নিয়ে আঞ্চলিকভাবে নববর্ষ উদ্‌যাপনের কথা ভাবছে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই তথ্য জানান।

উপদেষ্টা বলেন, ‘আমরা অনেকেই হয়তো জানি, ১৪ এপ্রিল শুধু আমাদের নববর্ষ নয়; পার্শ্ববর্তী ও নিকটবর্তী আরও কয়েকটি দেশেও প্রায় একই সময়ে এবং একই আঙ্গিকে নববর্ষ উদ্‌যাপিত হয়, যার মধ্যে রয়েছে মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরাসহ বেশ কিছু অংশ। আমরা আঞ্চলিকভাবে এই উৎসবকে একটি সাধারণ প্ল্যাটফর্মে উদ্‌যাপন করা যায় কি না, তা আগামী বছর থেকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখব।’

জাহেদ উর রহমান জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো একটি শক্তিশালী ‘সাংস্কৃতিক কূটনীতি’ গড়ে তোলা। তিনি বলেন, ‘এই লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ শুরু করব। আমাদের পরিকল্পনা হলো, দেশগুলোর মধ্যে সাংস্কৃতিক প্রতিনিধি ও শিল্পীগোষ্ঠী আদান-প্রদান করা। তাদের প্রতিনিধিরা আমাদের উৎসবে যোগ দেবেন এবং আমাদের প্রতিনিধিরা তাদের দেশে যাবেন। এটি কেবল উৎসব নয়, বরং দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে কাজ করবে।’

পারস্যের নববর্ষ ‘নওরোজ’-এর উদাহরণ টেনে জাহেদ উর রহমান আরও বলেন, ‘বিশ্বের অনেক দেশ যেমন সম্মিলিতভাবে নওরোজ পালন করে এর গুরুত্বকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়, বাংলাদেশও নববর্ষকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ায় তেমন একটি বৈশ্বিক ও উৎসবমুখর আবহ তৈরি করতে চায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এই উৎসবকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কারণ, এটি অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে এবং বিভিন্ন জাতিগোষ্ঠীকে একত্র করে বাংলাদেশি জাতীয়তাবোধকে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।’

উপদেষ্টা জানান, এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি পাঁচ দিনব্যাপী বৈশাখী উৎসবের আয়োজন করেছে। পয়লা বৈশাখ ঘিরে অনেকে বিভিন্ন ধরনের আশঙ্কা দেখানোর চেষ্টা করেছিলেন, তবে সবাই স্বীকার করেছেন যে এবারের মতো স্বতঃস্ফূর্ত ও বর্ণাঢ্য বৈশাখী উৎসব খুব কমই হয়েছে।

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন ভবিষ্যতে এসব আয়োজন আরও পরিকল্পিতভাবে করা হবে। এবার সরকার দায়িত্বে আসার পর খুব বেশি সময় পাওয়া যায়নি। বৈশাখকে কেন্দ্র করে শুধু তিন-চার দিন নয়, পুরো মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি ও উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে, বলেন জাহেদ উর রহমান।

উপদেষ্টা সরকারের চলমান উন্নয়ন ও স্বাস্থ্যসেবার পরিসংখ্যানও ব্রিফিংয়ে তুলে ধরেন। তিনি জানান, গত ৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে ২৬ লাখ ৫০ হাজার ৩৯টি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। সরকারের মূল লক্ষ্য হলো ১ কোটি ৮০ লাখ শিশুকে এই সুরক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসা।

এ ছাড়া সরকারের বিশেষ খাল খনন কর্মসূচি দ্রুতগতিতে এগিয়ে চলছে। এই প্রকল্পের আওতায় ১ হাজার ২৬০ কিলোমিটার খালের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতিমধ্যে ৫৬১ কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে, যা মোট কাজের ৪৪ দশমিক ৫৫ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয় মাত্রার জিল্লুরের সহধর্মিণী পেলেন বিএনপির মনোনয়ন

মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দী লাশ উদ্ধার

ছুরিকাহত জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ঢামেকে ভর্তি

জ্বালানি সংকট: উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার

সুদানে পাকিস্তানের ১.৫ বিলিয়ন ডলারের যুদ্ধবিমান বিক্রি আটকে দিল সৌদি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত