
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সফর বাংলাদেশবিরোধী যেকোনো ধরনের ‘মিথ্যা প্রচার ও অস্থিতিশীল করার চেষ্টাকে’ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশবিরোধী ভুয়া তথ্য প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর এই সফর যেকোনো ধরনের মিথ্যা প্রচার ও অস্থিতিশীল করার চেষ্টাকে প্রতিহত করবে।
আজ শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে যৌথ ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মহাসচিব আরও প্রত্যক্ষ করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের সময় কী ধরনের উত্তরাধিকার পেয়েছে। তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তরের জন্য সংস্কার প্রক্রিয়ার জটিলতাগুলো উপলব্ধি করেছেন।
জাতিসংঘের পক্ষ থেকে এই সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, মহাসচিব বলেছেন, তিনি যা কিছু করতে পারেন, তাঁর সবকিছু দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সহায়তা করবেন এবং বাংলাদেশ ও এর জনগণের পাশে থাকবেন।
ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বোঝার জন্য মহাসচিব যুবসমাজ, সুশীল সমাজ এবং সংস্কার কমিশনের সদস্যদের সঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছেন বলেও তৌহিদ তুলে ধরেন। এই কমিশনই জুলাই চার্টার এর রূপরেখা তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, এটি দেশের গণতান্ত্রিক রূপান্তরের পথনির্দেশিকা এবং রাজনৈতিক, বিচারিক, নির্বাচনী, প্রশাসনিক, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কারের দিকনির্দেশনা দেবে।
তিনি বলেন, ‘মহাসচিব বাংলাদেশবিরোধী ভুয়া তথ্য প্রচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর এই সফর যেকোনো ধরনের মিথ্যা প্রচার ও অস্থিতিশীল করার চেষ্টাকে প্রতিহত করবে। তাঁর এই সমর্থন আমাদের সংস্কার প্রক্রিয়াকে সফল করতে এবং জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে এগিয়ে নিতে সহায়তা করবে।’
এ সফরকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি বাংলাদেশ ও জাতিসংঘ—উভয়ের জন্যই একটি ঐতিহাসিক মুহূর্ত। কারণ, মহাসচিব নিজেই এমন এক নতুন বাংলাদেশের গঠনপর্ব প্রত্যক্ষ করছেন। যে বাংলাদেশ জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে চূড়ান্ত আত্মত্যাগের মাধ্যমে এক ন্যায়সংগত, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজের স্বপ্ন দেখেছে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সংকটময় সময়ে জাতিসংঘ মহাসচিব ন্যায়বিচারভিত্তিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজের প্রচেষ্টার প্রতি সংহতি প্রকাশ করেছেন। তাঁর ভাষ্য, তাই, এই সফর সরকার এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
মহাসচিব রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন জানিয়ে তৌহিদ বলেন, তিনি মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের (রোহিঙ্গাদের) মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন।
জাতিসংঘের মহাসচিবের কক্সবাজার সফরের কথা তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কীভাবে তাঁরা দক্ষতা ও শিক্ষা অর্জন করছে, যা তাদের সম্মানজনক প্রত্যাবর্তনে সহায়তা করবে তা প্রত্যক্ষ করেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে এক ঐতিহাসিক সংহতি ইফতারে এক লক্ষাধিক রোহিঙ্গার সঙ্গে অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন, এই সফরের সময় মহাসচিব প্রত্যক্ষ করেছেন রোহিঙ্গারা তাদের জন্মভূমিতে ফিরে যেতে কতটা মরিয়া। তারা নিজেদের পরিচয় বজায় রাখতে চায়। নিজ ভূমিতে অধিকার ভোগ করতে চায় এবং এমন একটি জীবন যাপন করতে চায়, যা তাঁরা মর্যাদাপূর্ণ মনে করে।
তৌহিদ হোসেন বলেন, মহাসচিব রোহিঙ্গা ক্যাম্পে উপস্থিত থেকে তাঁদের আকাঙ্ক্ষার প্রতি সংহতি প্রকাশ করেছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে তাঁরা রোহিঙ্গাদের প্রতি সমর্থন অব্যাহত রাখেন এবং বিশ্বের সবচেয়ে বৈষম্যের শিকার এই জনগোষ্ঠীকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখেন।
তিনি বলেন, তিনি ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনের সফল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয় বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। যারা বৈচিত্র্যকে বিভাজনের পথে নিতে চায়, তারা দেশবিরোধী।
৫ মিনিট আগে
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। আজ শুক্রবার দেওয়া হচ্ছে ঈদযাত্রার ২৫ মের অগ্রিম টিকিট। ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় এদিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটেই ওয়েবসাইট...
৮ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো আজ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রায় আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে ২৫ মের টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে মার্কিন জ্বালানি দপ্তরে (ডিওই) এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
১৫ ঘণ্টা আগে