Ajker Patrika

সার নিয়ে ‘অপপ্রচার’, সতর্ক থাকার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২২: ৫৭
সার নিয়ে ‘অপপ্রচার’, সতর্ক থাকার আহ্বান কৃষি মন্ত্রণালয়ের

সারের ভেজাল ও নকল-বিষয়ক ‘অপপ্রচার’ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। আজ শুক্রবার রাতে কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সার নিয়ে ভেজাল ও নকল বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ভিডিও পোস্ট কৃষি মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। প্রচারিত ভিডিওটি গত ২৭ আগস্ট ২০২৬ সালে মানিকগঞ্জ জেলার, সাটুরিয়া উপজেলাধীন জাল্লা বাজারের সার ডিলার ভাই ভাই এন্টারপ্রাইজ হেফাজত থেকে ভেজাল সার জব্দ-সংক্রান্ত। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ভাই ভাই এন্টারপ্রাইজ ডিলার পয়েন্টে ভেজাল ডিএপি সার বিক্রয়ের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে উক্ত তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। মোবাইল কোর্ট কর্তৃক অভিযুক্তকে দুই লক্ষ টাকা জরিমানা এবং ভেজাল সার জব্দ ও ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি কর্তৃক অভিযুক্ত সারের ডিলার ‘ভাই ভাই এন্টারপ্রাইজের’ ডিলারশিপ বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হয়।

কৃষি মন্ত্রণালয় জানায়, আগস্ট ২০২৬ সালে আইনগতভাবে নিষ্পত্তি হওয়া একটি ঘটনাকে নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। ওই ভিডিও ও পোস্টে ‘সরকার ভেজাল সার সরবরাহ করছে’ মর্মে প্রচারিত তথ্য অসত্য। এ ধরনের প্রচারণার তীব্র প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে অসত্য তথ্য প্রচার ও প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিলার পর্যায়ে সার সরবরাহের আগে সরকার নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষাগারে সারের গুণগত মান যাচাই করা হয়। এ ছাড়া সার সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণসহ সরবরাহের প্রতিটি পর্যায়ে কঠোর নজরদারি ও তদারকি নিশ্চিত করা হয়।

সরকারি ব্যবস্থাপনায় সরবরাহ করা সারের গুণগত মান বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত