জিয়াউলের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন তাঁর বোন ও আইনজীবী নাজনীন নাহার। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ তাঁর যুক্তি–তর্ক উপস্থাপনের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির জন্য সোমবার দিন ধার্য করে দেন। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেন।
শুনানির সময় রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমনিুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও শাইখ মাহদীসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করে জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড ও তাঁর সব সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়।
যুক্তি উপস্থাপনের বিষয়ে জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার সাংবাদিকদের বলেন, জিয়াউল আহসানকে দানব হিসেবে উপস্থাপন করে মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে। জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাদের ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল, তাদের একজন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল ইসলাম। যিনি জিয়াউল আহসানকে অনুকরণীয় ও দক্ষ সেনা কর্মকর্তা হিসেবে উল্লেখ করে বিভিন্ন সংস্থায় পদায়নের সুপারিশ করেছিলেন। অথচ এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে এই তৌহিদুল ইসলামই বলেছেন, জিয়াউল আহসান মেজর থেকে পদোন্নতি পাওয়ার যোগ্য ছিলেন না। বাংলাদেশ টেলিভিশন ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে চিফ প্রসিকিউটর উপস্থাপন করেছেন যে, জিয়াউল আহসানের পদোন্নতির যোগ্যতা ছিল না। আগের সরকারের পদলেহন করে তিনি পদোন্নতি পেয়েছিলেন।
এদিকে প্রসিকিউটর গাজী তামিম সাংবাদিকদের বলেন, জিয়াউল আহসানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সময় অপ্রাসঙ্গিক কথা বলে তাঁর আইনজীবীরা সময় নষ্ট করছেন। যুক্তিতর্কের সময় জিয়াউল আহসানের সার্ভিস রেকর্ড ট্রাইব্যুনালে উপস্থাপন করে আসামিপক্ষ। অথচ মামলার অভিযোগ-সংশ্লিষ্ট কোনো বক্তব্য আসেনি। মামলায় আসামিপক্ষের বলার তেমন কিছু নেই। এ কারণেই মামলার বিচার্য বিষয়ের বাইরে গিয়ে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে ট্রাইব্যুনালের সময় নষ্ট করছেন তাঁরা।










