
এ দেশে যত হাওর-বাঁওড় রয়েছে, সেগুলোর মধ্যে জনপ্রিয় হলো টাঙ্গুয়ার হাওর, নিকলী ও মিঠামইন হাওর। পর্যটকদের কাছে এই হাওর ভ্রমণ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
বছরের অন্য সময়ে উপভোগ করা যায় হাওরের সবুজে বিস্তৃত ভিন্ন এক রূপ। হাওরের আসল সৌন্দর্য উপভোগ করার একমাত্র উপযুক্ত সময় বর্ষাকাল। এ সময় চারদিকের ছোট-বড় বিল আর নদীগুলো এক হয়ে বিশাল জলরাশিতে রূপ নেয়, যা দেখতে সমুদ্রের মতো মনে হয়। খোলা হাওরে বর্ষার ঠান্ডা ও তীব্র বাতাস আপনার সব ক্লান্তি নিমেষে দূর করে দেবে।
চারদিকে অথই জল। সেই জলের মাঝে হাওরাঞ্চলের মানুষের জীবন, বিশেষ করে এই মৌসুমে নৌকায় তাদের যাতায়াত, মাঝিদের মাছ ধরার দৃশ্য দেখা কিংবা হাওরের মাছ দিয়ে দুপুরের খাবারের আয়োজন, জেগে ওঠা চরের মনোরম দৃশ্য উপভোগের জন্য এই মৌসুমে হাওর ভ্রমণ হতে পারে অন্যতম সেরা অভিজ্ঞতা।
হাওরের পাশাপাশি নিকলীতে ঘুরে দেখার মতো অন্যান্য জায়গার মধ্যে রয়েছে গুরই শাহি জামে মসজিদ, পাহাড় খাঁর মাজার ইত্যাদি।
বর্ষাকালে নিকলী হাওর ভ্রমণের সেরা সময় হলো জুলাই থেকে অক্টোবর। বর্ষাকালে ২১৮ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলার বেশির ভাগ অঞ্চল পানিতে নিমজ্জিত থাকে। তাই বর্ষার মৌসুমে চলাচলের জন্য অন্যতম মাধ্যম হিসেবে নৌকা বা ট্রলার ব্যবহার করতে হবে।
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় এই হাওরের অবস্থান। দেশের যেকোনো প্রান্ত থেকে বাসে বা ট্রেনে যাওয়া যায় নিকলীতে। তবে যাঁরা ঢাকা, কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়ায় থাকেন, তাঁরা চাইলে এক দিনেই ঘুরে আসতে পারেন এই হাওর থেকে। বাসে যেতে চাইলে প্রথমে আপনাকে কটিয়াদী বাসস্ট্যান্ড অথবা কিশোরগঞ্জ সদরে পৌঁছাতে হবে। সেখান থেকে ইজিবাইক বা অটোরিকশায় সরাসরি নিকলী হাওরের বেড়িবাঁধে পৌঁছে যেতে পারবেন। কিশোরগঞ্জ সদর থেকে নিকলীর দূরত্ব ২৫ থেকে ২৭ কিলোমিটার। পৌঁছাতে লাগবে প্রায় ১ ঘণ্টা।
কিশোরগঞ্জ জেলার আরেকটি উপজেলা মিঠামইন। অনেকে একে মিঠামন, মিটামন বা মিটাইমন বলেও চেনেন। নামের উৎস হিসেবে যে প্রচলিত মত রয়েছে, তা হলো এই গ্রামের পার্শ্ববর্তী এলাকায় একসময় প্রচুর মিষ্টি বা মিঠা রসের খাগড়ার বন ছিল। সেই থেকে প্রথমে মিঠাবন এবং পরবর্তী সময়ে মিঠামইন নামটি এসেছে। এর উত্তরে ইটনা উপজেলা, দক্ষিণে অষ্টগ্রাম আর পশ্চিমে নিকলী উপজেলা। হাওর এলাকা হলেও মিঠামইন একটি প্রাচীন জনপদ।
কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের অল ওয়েদার রোড। হাওর ছাড়াও এখানে ঘুরে দেখতে পারেন মালিকের দরগা, দিল্লির আখড়া, ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনা ও মসজিদ।
স্থানীয় হোটেলগুলোতে খেতে পারেন হাওরের বিভিন্ন তাজা মাছের পদ। সেখানে থাকার বিভিন্ন মানের ছোট-বড় হোটেল ও রিসোর্ট এবং উপজেলা পরিষদের ডাকবাংলো রয়েছে। আগাম বুকিং করে সেগুলোতে রাত্রিযাপনের সুযোগ রয়েছে।
মিঠামইন শহর থেকে যোগাযোগব্যবস্থা ভালো এবং কম সময়ে ঘুরে আসা যায় বলে ভ্রমণপ্রেমীদের কাছে এর জনপ্রিয়তা বাড়ছে।
প্রথমে আপনাকে বাসে বা ট্রেনে কিশোরগঞ্জ জেলা সদরে যেতে হবে। সেখান থেকে যেতে হবে বালিখলা ঘাট। সেখান থেকে ঘণ্টা হিসাবে বা সারা দিনের জন্য ছোট ইঞ্জিনচালিত নৌকা ভাড়া করে ঘুরে দেখতে পারেন হাওরের চারপাশ। নৌকার আকার, সিজন ও ছুটির দিনের ওপর নৌকার ভাড়া নির্ভর করে। বালিখলা ঘাট থেকে ইঞ্জিনচালিত নৌকায় মিঠামইন পৌঁছাতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা।
শুকনো মৌসুমে হাওরে পানি থাকে না বলে বালিখলা ঘাট থেকে নদী পার হয়ে সড়কপথেও মিঠামইনে যাওয়া যায়।
বর্ষা মৌসুমে হাওরে তীব্র বাতাস এবং ঢেউ হওয়া খুব স্বাভাবিক বিষয়। তাই নৌকায় ভ্রমণের সময় নিজের সুরক্ষায় লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে। একা যাওয়ার চেয়ে ৪ থেকে ৫ জনের গ্রুপ করে গেলে ট্রলার বা নৌকা ভাড়া বেশ সাশ্রয়ী হয়। রওনা হওয়ার আগে একবার স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে জেনে নিতে পারেন।

বাড়িতে ট্যাংরা মাছ ও চিচিঙ্গা—দুটোই থেকে থাকলে এই রেসিপি আপনার জন্য। ট্যাংরা মাছ দিয়ে চিচিঙ্গার রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১৭ ঘণ্টা আগে
বলিউড তারকা আলিয়া ভাটের কাছে ত্বকের যত্ন তাঁর দৈনন্দিন রুটিনের অপরিহার্য অংশ। তাঁর অসাধারণ রূপ সবাইকে মুগ্ধ করে। এর রহস্য লুকিয়ে আছে সহজ রুটিনের মধ্যে, যা তিনি কোনো ভুল না করে মেনে চলেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে এই তারকা তাঁর ত্বকের যত্নের রুটিনের বিস্তারিত ধাপগুলো জানিয়ে দিয়েছেন।
১৯ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে মুসলিম পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে; একই সঙ্গে এই বাজারে ব্যয়ের পরিমাণও। এমন বাস্তবতায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সামনে পর্যটন খাত সম্প্রসারণ ও বৈদেশিক মুদ্রা আয়ের বড় সুযোগ তৈরি হয়েছে। তবে পরিকল্পনা, সমন্বিত বিপণন এবং আন্তর্জাতিক পর্যায়ে দৃশ্যমানতার অভাবে সেই সম্ভাবনার...
১ দিন আগে
মেয়েটি এল সন্ধ্যাবেলায়। বাইরে তখন বৃষ্টি হচ্ছে। পাহাড়ের ঢালে বনের ভেতরে আমাদের হোস্টেল। চারপাশে গাছপালা দিয়ে আবৃত ছোট ডরমিটরি। বাইরে থেকে বোঝা যায় না। হোস্টেলের বারান্দায় বসে বনে সন্ধ্যাবেলার বৃষ্টি দেখছিলাম। গাছের পাতায় বৃষ্টির ফোঁটার টপটপ শব্দ শুনতে দারুণ লাগছে।
১ দিন আগে