কে-পপ সংস্কৃতি এখন বিশ্বময় সমাদৃত। পুরো বিশ্বের তরুণেরা এ সংস্কৃতির প্রতি ভীষণ দুর্বল। তাই অনেকে এখন দক্ষিণ কোরিয়া ভ্রমণ করতে, এমনকি সে দেশের ভাষা শিখতেও আগ্রহী হয়ে উঠছে। তরুণ পর্যটকেরা দক্ষিণ কোরিয়া ভ্রমণ করছে কে-পপ মিউজিক ভিডিও এবং কে-নাটক শুটিংয়ের জায়গাগুলো দেখার জন্য। দেশটি সারা বিশ্বের তরুণদের এ প্রবণতাকে নিজেদের পর্যটনশিল্প বিকাশে কাজে লাগাতে চাইছে। ধারণা করা হচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার ভ্রমণকারীদের জন্য কে-কালচার ট্রেনিং ভিসা দক্ষিণ কোরিয়া ভ্রমণ অনেক সহজ করে দেবে।
সংবাদ সংস্থা সিএনএন জানিয়েছে, দক্ষিণ কোরিয়া শিগগির পর্যটকদের নতুন ভিসা চালু করতে যাচ্ছে। একে বলা হচ্ছে ‘কে-কালচার ট্রেনিং ভিসা’। কে-পপ ঘরানার নাচ, কোরিওগ্রাফি এবং মডেলিংয়ে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক পর্যটকেরা এ ভিসার আবেদন করতে পারবে। গত সোমবার এ ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়। এ বছরের শেষের দিকে এ বিষয়ে বিশদ জানা যাবে বলে জানিয়েছে সিএনএন।
নব্বইয়ের দশক থেকে কে-ওয়েভ নামে দক্ষিণ কোরিয়ার রপ্তানিমুখী সংস্কৃতির উত্থান। গত দশকে এটি বিশ্বময় জনপ্রিয়তা পায় বিটিএস এবং ব্ল্যাকপিঙ্কের মতো দারুণ সব ব্যান্ডের জন্য। এ ব্যান্ডগুলো এখন ভেঙে গেলেও আন্তর্জাতিক সংগীত চার্টে তাদের অবস্থান বেশ শক্ত। কোরিয়ান নাটক, সিনেমা ও সিরিজগুলো এখন স্ট্রিমিং জায়ান্ট প্ল্যাটফর্মগুলোতে তুমুল জনপ্রিয়। ইতিমধ্যে ‘স্কুইড গেম’খ্যাত অভিনেতা লি জং-জে দক্ষিণ কোরিয়ার পর্যটনদূত হয়েছেন।
সিএনএন জানিয়েছে, গত বছর প্রায় ১১ মিলিয়ন ভ্রমণকারী দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেছিল। এ সংখ্যা ২০২২ সালের চেয়ে বেশি হলেও ২০১৯ সালের চেয়ে কম। দেশটির সরকারি তথ্য জানাচ্ছে, ২০১৯ সালে দেশটিতে ১৭ দশমিক ৫ মিলিয়নের বেশি মানুষ ভ্রমণ করেছিল। ভ্রমণকারী কমে যাওয়ায় দেশটিতে পর্যটন খাতে আয়ও কমে গেছে। পর্যটন খাতে আয় বাড়াতে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয় পর্যটন ভিসা সহজ করার কাজ হাতে নিয়েছে।
এই বছরের শুরুতে ওয়ার্ক ভিসা বাস্তবায়ন করে দক্ষিণ কোরিয়া ‘ডিজিটাল যাযাবর’দের জন্য সে দেশে থাকা এবং কাজ করা সহজ করে দিয়েছে। সরকার এ প্রকল্প আরও বাড়ানোর কথা ভাবছে, যাতে সবচেয়ে কম আয় করা কর্মীরাও দেশটিতে কাজ করার সময় ভ্রমনও করতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ কোরিয়ার ভিসা সহজ করার এ উদ্যোগগুলো শুধু পর্যটনেই নয়, দেশটির শ্রমশক্তিও বাড়াতে ভূমিকা রাখবে। এ ছাড়া সন্তান জন্মহারে নিচের দিকে থাকা দেশটিতে জনসংখ্যার সংকটও কমিয়ে আনতে পারে।

এই গরমে মাছ-মাংস খেতে মন চাইছে না? হালকা নিরামিষের তরকারি আর শাক রান্না করার কথা ভাবছেন? আজ রাঁধুন মেথি শাকের লারা। কীভাবে রান্না করবেন? আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে
আজ আপনার আত্মবিশ্বাস এতটা তুঙ্গে থাকবে যে মনে হবে মাউন্ট এভারেস্টটা বগলদাবা করে পাড়ার মোড়ে চা খেতে যাবেন। কর্মক্ষেত্রে আপনার আইকিউ হঠাৎ আইনস্টাইনকে টপকে যেতে পারে। নতুন প্রজেক্টের অফার আসবে, কিন্তু অতি উৎসাহে বসের টেকো মাথায় হাত বুলিয়ে দেবেন না—চাকরিটা দরকার!
৩ ঘণ্টা আগে
মনোবিজ্ঞানীদের মতে, আনন্দে বা দুঃসময়ে একে অন্যকে জড়িয়ে ধরার প্রবণতা আমাদের আদিম পূর্বপুরুষ থেকে আসা এক সহজাত প্রবৃত্তি। বন্য প্রাণীরাও যেমন একে অপরের গায়ের লোম পরিষ্কার করে বা মমতা দিয়ে গা ঘষে সামাজিক বন্ধন তৈরি করে, মানুষের ক্ষেত্রেও স্পর্শ তেমনি নিরাপত্তা ও বিশ্বাসের প্রতীক।
৫ ঘণ্টা আগে
গ্রীষ্মকালে ঘরে ফিরে অল্প হলেও ত্বকের যত্ন নেওয়া উচিত। এতে করে রোদের তাপ ও ঘাম থেকে ত্বকে সমস্যা হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে। এ সময়ে ত্বক সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এই যেমন বাইরে থেকে ফিরে মুখে পানির ঝাপটা দিয়ে এক টুকরো পেঁপে চটকে মুখে মেখে নিলেন।
১৯ ঘণ্টা আগে