
গ্রীষ্মকালে ঘরে ফিরে অল্প হলেও ত্বকের যত্ন নেওয়া উচিত। এতে করে রোদের তাপ ও ঘাম থেকে ত্বকে সমস্যা হওয়ার আশঙ্কা কিছুটা হলেও কমে। এ সময়ে ত্বক সুরক্ষিত রাখতে বিভিন্ন ধরনের মৌসুমি ফল ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এই যেমন বাইরে থেকে ফিরে মুখে পানির ঝাপটা দিয়ে এক টুকরো পেঁপে চটকে মুখে মেখে নিলেন। ১০ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর ত্বক অনেকটাই উজ্জ্বল দেখাবে। শুধু পেঁপে নয়, প্রতিটি মৌসুমেই কোনো না কোনো ফল পাওয়া যায়। আবার এমন অনেক ফল রয়েছে, যা সারা বছর পাওয়া যায়। এসব ফল শরীরের জন্য যেমন উপকারী, তেমনি ত্বকের জন্যও প্রাকৃতিক টোনার, ময়শ্চারাইজার ও ক্লিনজার হিসেবে কাজ করে। আর কদিন পর বৈশাখ মাস শুরু হচ্ছে। ভরা গ্রীষ্মে কোন কোন ফল দিয়ে ত্বকের যত্ন নেবেন, জেনে নিন আজ।
পেঁপে
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, আর্দ্রতা ধরে রাখতে এবং ত্বক নরম রাখতে পেঁপে দারুণ একটি ফল। পাকা পেঁপে চটকে মুখে লাগানো যায়। তা ছাড়া পেঁপে থেঁতো এবং মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয়।
কলা
সারা বছর যে ফল পাওয়া যায়, তার নাম কলা। এ ফল যেমন পুষ্টি জোগায়, তেমনি ত্বকও সুন্দর রাখে। যাঁদের ত্বকে ছোপ ছোপ বা ব্রণের দাগ রয়েছে, তাঁরা কলা থেঁতো করে লাগাতে পারেন। তা ছাড়া রোদে পোড়া দাগ তুলতে এবং বলিরেখা দূর করতে কলার জুড়ি নেই।
কমলা
ভিটামিন সি সমৃদ্ধ ফল খেলে এবং ত্বকে লাগালে ত্বক ভালো থাকে। কমলা খুব সহজলভ্য ফল। এর মধ্যকার প্রাকৃতিক তেল ত্বকে পানির ভারসাম্য বজায় রাখে। ত্বকের কোলাজেন তৈরিতে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ উপাদান। অকালে বুড়িয়ে যাওয়ার হাত থেকেও রক্ষা করবে এই ফল। ফেসপ্যাকের সঙ্গে কমলার রস ব্যবহার করতে পারেন।
কচি ডাবের পানি
যেসব ফলে পানি রয়েছে, যেমন কচি ডাবের পানিও ত্বকের কমনীয়তা ধরে রাখতে সহায়তা করে। ত্বক ভালো রাখতে রোজ ডাবের পানি খেলে উপকার পাওয়া যাবে। এ ছাড়া ত্বকের যত্ন নিতে ডাবের পানি ফ্রিজে রেখে ঠান্ডা করে ত্বকে দিলে উপকার পাওয়া যায়। রোজ ডাবের পানি মুখে ব্যবহারে ত্বকের ব্ল্যাকহেডস, দাগ, ব্রণ দূর হয়।

আপেল
ফলের মধ্যে আপেল ভিটামিন এ এবং সি সমৃদ্ধ ফল। এর খোসায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। আপেল থেঁতো করে তাতে একটুখানি মধু মিশিয়ে মুখে মেখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেললে উপকার পাওয়া যায়।
স্ট্রবেরি
ফলের মধ্যে স্ক্র্যাবার হিসেবে স্ট্রবেরি খুব ভালো। যদিও বিশেষ বিশেষ সুপারশপ ছাড়া আমাদের দেশে স্ট্রবেরি সেভাবে পাওয়া যায় না। তবে এ ফল ত্বকের মরা কোষ ঝরিয়ে ত্বক পরিচ্ছন্ন, উজ্জ্বল ও নরম রাখে। এতে যে ভিটামিন সি রয়েছে, তা ত্বকের সুস্থতা ধরে রাখতে এবং ত্বক প্রাণবন্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গ্রীষ্মকালীন ত্বকের যত্নে কার্যকরী প্যাক তৈরি করবেন যেভাবে
ঘরে প্যাক তৈরি করার জন্য কমলা খুবই ভালো ফল। কমলার রস ও খোসা—দুটোই প্যাক তৈরিতে ব্যবহার করা যায়। কমলার খোসায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি। এগুলো রোদের ক্ষতিকর প্রভাব থেকে ত্বক সুরক্ষিত রাখে। এ ছাড়া কমলার খোসায় রয়েছে অ্যান্টি-এজিং উপাদান। ফলে ত্বক প্রাণবন্ত দেখায়। কমলার খোসা দিয়ে প্যাক তৈরি করতে প্রয়োজন হবে তিনটি কমলার খোসা দিয়ে তৈরি করা পেস্ট, ১ টেবিল চামচ টক দই, ১ চা-চামচ মধু। সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন।
সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

ধরুন, ঘড়িতে বাজে রাত ২টা। পুরো দুনিয়া গভীর ঘুমে মগ্ন আর আপনি বিছানায় শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আছেন; কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে বুঁদ হয়ে সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করছেন। যাঁরা রাতে ঘুমাতে পারেন না, কিন্তু সকালে ঠিকই অফিস বা ক্লাসের জন্য সময়মতো উঠতে অ্যালার্ম দিতে হয়,
১ ঘণ্টা আগে
তথ্যপ্রযুক্তির এই যুগে আমাদের চারপাশে রয়েছে অবিরাম তথ্যের স্রোত, দীর্ঘ স্ক্রিন-টাইম আর নানামুখী ব্যস্ততা। এখন মানুষের মনোযোগ দেওয়ার ক্ষমতা বা অ্যাটেনশন স্প্যান আশঙ্কাজনকভাবে কমে গেছে। এমন পরিস্থিতিতে মন শান্ত করতে এবং মনোযোগের ক্ষমতা বাড়াতে মানুষ নানান উপায় খুঁজছে।
৩ ঘণ্টা আগে
নিয়ম মেনে রোজই বয়স বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু বয়সের ছাপ শরীরে বা মুখে কত দ্রুত পড়বে, তা অনেকটাই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এই ধারণাকে কেন্দ্র করে বিশ্বজুড়ে এখন দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে স্লো এজিং। এতে ত্বকের বয়স বাড়ে, কিন্তু ধীরে। না, বিজ্ঞাপন দেখে নামী ব্র্যান্ডের দামি অ্যান্টি-এজিং ক্রিম মাখা...
৫ ঘণ্টা আগে
সমাজে একমাত্র সন্তানদের নিয়ে নানা ধরনের প্রচলিত ধারণা রয়েছে। অনেকেই মনে করেন, ভাইবোন না থাকায় তারা একাকী, স্বার্থপর, আদুরে, জেদি কিংবা সামাজিকভাবে অদক্ষ হয়ে ওঠে। কিন্তু দীর্ঘদিনের গবেষণা বলছে, এসব ধারণার পক্ষে শক্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
২১ ঘণ্টা আগে