Ajker Patrika

পূজার আগে রূপচর্চা করুন প্রাকৃতিক বোটক্স জেল ও মাস্ক দিয়ে

ফিচার ডেস্ক, ঢাকা 
পূজার আগে রূপচর্চা করুন প্রাকৃতিক বোটক্স জেল ও মাস্ক দিয়ে
কেমিক্যাল বা ইনজেকশনের কৃত্রিম পদ্ধতি এড়িয়ে পুরোপুরি প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানেও ত্বকে বোটক্সের মতো টানটান ভাব আনা সম্ভব। ছবি: পেক্সেলস

বয়স ত্রিশের কোঠায় পৌঁছতেই অনেকের ত্বকে সূক্ষ্ম বলিরেখা বা ফাইন লাইনস দেখা দিতে শুরু করে। ত্বকের এই ঝুলে পড়া ভাব দূর করতে এবং চামড়া টানটান রাখতে অনেকে চিকিৎসকের শরণাপন্ন হয়ে বোটক্স ইনজেকশন নেন। তবে কেমিক্যাল বা ইনজেকশনের কৃত্রিম পদ্ধতি এড়িয়ে পুরোপুরি প্রাকৃতিক ও ঘরোয়া উপাদানেও ত্বকে বোটক্সের মতো টানটান ভাব আনা সম্ভব। সামনেই দুর্গাপূজা। রান্নাঘরের কিছু সাধারণ উপাদান ব্যবহার করে কীভাবে ত্বকের তারুণ্য এবং উজ্জ্বলতা বাড়াবেন, তা জেনে নিন।

তিসির বীজের বোটক্স জেল

প্রাকৃতিক বোটক্স হিসেবে তিসির বীজ কার্যকরী। ছবি: পেক্সেলস
প্রাকৃতিক বোটক্স হিসেবে তিসির বীজ কার্যকরী। ছবি: পেক্সেলস

প্রাকৃতিক বোটক্স হিসেবে তিসির বীজ কার্যকরী। এতে রয়েছে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের কোলাজেন উৎপাদন বাড়াতে এবং ত্বক গভীরভাবে হাইড্রেট করতে সাহায্য করে।

একটি পাত্রে পানির সঙ্গে তিসির বীজ মিশিয়ে মাঝারি আঁচে ফোটাতে থাকুন। মিশ্রণটি যখন ফুটে আঠালো বা থকথকে জেলের মতো রূপ নেবে, তখন নামিয়ে নিন। এবার একটি সুতি কাপড় বা ছাঁকনি দিয়ে গরম থাকতেই জেলটি ছেঁকে আলাদা করে নিন। জেলটি ঠান্ডা হলে কাচের পাত্রে সংরক্ষণ করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পরিষ্কার মুখে এই জেল মেখে ২০ থেকে ৩০ মিনিট রাখুন, এরপর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বকের ঝুলে পড়া ভাব দূর হয়।

চালের গুঁড়া ও মধুর বোটক্স মাস্ক

গ্লাস স্কিন পাওয়ার জন্য চালের তৈরি ফেসপ্যাক দারুণ কাজ করে। ছবি: পেক্সেলস
গ্লাস স্কিন পাওয়ার জন্য চালের তৈরি ফেসপ্যাক দারুণ কাজ করে। ছবি: পেক্সেলস

গ্লাস স্কিন পাওয়ার জন্য চালের তৈরি ফেসপ্যাক দারুণ কাজ করে। চালের গুঁড়া ত্বক এক্সফোলিয়েট করে এবং মধু ত্বকের আর্দ্রতা ধরে রেখে প্রাকৃতিক টানটান ভাব এনে দেয়।

চাল ও তিসির বীজ একসঙ্গে ফুটিয়ে জেলের মতো তৈরি করে নিন। ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডারে ভালো করে পিষে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এবার এর সঙ্গে মধু ভালো করে মিশিয়ে নিলেই তৈরি বোটক্স মাস্ক। মিশ্রণটি মুখ ও গলায় পুরু স্তরে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর মাস্কটি শুকিয়ে টানটান হয়ে এলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এটি ব্যবহার করা যেতে পারে।

কলা, টক দই ও মধুর অ্যান্টি-এজিং প্যাক

পটাশিয়াম, ভিটামিন সি এবং ল্যাকটিক অ্যাসিডসমৃদ্ধ এই প্যাক ত্বকের মরা কোষ দূর করে এবং তাৎক্ষণিকভাবে ত্বক কোমল ও টানটান করে তোলে। এটি বোটক্সের মতো সাময়িক প্লাম্পিং ইফেক্ট দেয়।

প্রথমে পাকা কলাটি চামচ দিয়ে ভালো করে চটকে মসৃণ করে নিন। এরপর কলার সঙ্গে টক দই এবং মধু যোগ করে ভালোভাবে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। প্যাকটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। প্রথমে হালকা গরম পানি দিয়ে এবং পরে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নিন, যাতে ত্বকের রোমকূপ বন্ধ হয়।

জেনে রাখা ভালো

তিসির বীজ, কলা বা চালের গুঁড়ার মতো ঘরোয়া এই উপাদানগুলো ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। প্রাকৃতিক এসব উপাদান আর্দ্রতা জোগায়, সাময়িকভাবে ত্বক টানটান এবং উজ্জ্বল করে তোলে। তবে মনে রাখা প্রয়োজন, ক্লিনিক্যাল বোটক্স ইনজেকশন যেভাবে ত্বকের ভেতরের পেশি শিথিল করে গভীর বলিরেখা স্থায়ীভাবে দূর করে, ঘরোয়া মাস্ক কিন্তু হুবহু সেই কাজ করতে পারে না। এটি মূলত চমৎকার প্রাকৃতিক স্কিন কেয়ার রুটিন, যা দীর্ঘ মেয়াদে ত্বকের বার্ধক্য বিলম্বিত করতে পারে। যেকোনো নতুন ঘরোয়া উপাদান মুখে ব্যবহারের আগে অবশ্যই হাতের ত্বকে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত, যাতে কোনো অ্যালার্জির সমস্যা না হয়।

সূত্র: বি বিউটিফুল ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত