Ajker Patrika

দল বেঁধে সমুদ্র অভিমুখে ১০ কোটি কাঁকড়া, রহস্য কী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২২: ৩৫
দল বেঁধে সমুদ্র অভিমুখে ১০ কোটি কাঁকড়া, রহস্য কী
প্রতিবছর প্রায় ১০ কোটির বেশি লাল কাঁকড়া বনের ভেতর থেকে দল বেঁধে সাগরের দিকে যায়। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপের ১০ কোটির বেশি লাল কাঁকড়া বনের ভেতর থেকে দল বেঁধে সাগরের দিকে যাত্রা শুরু করেছে। স্থানীয় পরিবেশকর্মীরা চলতি সপ্তাহে এ তথ্য জানিয়েছেন।

প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলেই এই দ্বীপের লাল কাঁকড়াগুলো সাগরের দিকে ছোটে। বন, সড়ক ও সেতু পেরিয়ে সাগরের দিকে ছুটতে থাকা কাঁকড়াগুলো দেখে মনে হয়, এই দ্বীপে হয়তো কোনো মানুষ নেই! পুরো রাস্তা দখল করে চলেছে কাঁকড়া। কিন্তু কেন প্রতিবছর এত কাঁকড়া এক সঙ্গে দল বেঁধে জঙ্গল ছেড়ে সাগরের দিকে যায়?

অস্ট্রেলিয়ার পার্কস কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদের অবস্থান ও জোয়ার-ভাটার সঙ্গে এই যাত্রার সময় নির্ধারিত হয়। কাঁকড়াগুলো মূলত চাঁদের শেষ চতুর্থাংশে (যখন জোয়ারের পানি নামতে থাকে) সূর্য ওঠার আগেই ডিম ছাড়ে। তাই বছরের একটি নির্দিষ্ট সময়ে তারা জঙ্গল ছেড়ে সমুদ্রের দিকে যায়। অর্থাৎ লাল কাঁকড়ার এই বিশেষ যাত্রার উদ্দেশ্য প্রজনন।

ভারত মহাসাগরের প্রত্যন্ত দ্বীপ ক্রিসমাস আইল্যান্ড। প্রতিবছর কাঁকড়াদের এই বিশাল যাত্রা নির্বিঘ্ন করতে স্থানীয় পরিবেশকর্মীদের কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয়। দ্বীপটি ইন্দোনেশিয়ার দক্ষিণে ৩৫০ কিলোমিটার এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত।

ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস বলেন, ‘এই দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্রিসমাস দ্বীপে আসেন।’

ক্রিস চার্ট্রেস আরও বলেন, লাল কাঁকড়ার সংখ্যা বৃদ্ধিতে দীর্ঘদিনের সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ইয়েলো ক্রেজি অ্যান্ট বা হলুদ পাগল পিঁপড়ার নিয়ন্ত্রণ কাঁকড়ার জন্য অত্যন্ত জরুরি ছিল। এই প্রজাতির পিঁপড়া লাল কাঁকড়ার সবচেয়ে বড় শত্রু।

বিরক্ত বা উত্তেজিত হলে অস্বাভাবিক ও দ্রুত ছোটাছুটি করে বলে এই পিঁপড়াদের ‘ক্রেজি অ্যান্ট’ বা পাগল পিঁপড়া নামে ডাকা হয়। এক সময় তারা কাঁকড়ার গর্ত দখল করে দ্বীপে কয়েক কোটি লাল কাঁকড়ার আবাসস্থল দখল করে নিয়েছিল। এতে বিপুলসংখ্যক কাঁকড়া স্থানচ্যুত হয়।

এরপর পিঁপড়া নিয়ন্ত্রণসহ বিভিন্ন উদ্যোগের ফলে লাল কাঁকড়ার সংখ্যা আবার বেড়েছে। পরিবেশকর্মীদের হিসাবে, এক সময় দ্বীপে কাঁকড়ার সংখ্যা ৫ কোটি থাকলেও এখন তা বেড়ে ১০ কোটির বেশি হয়েছে।

চার্ট্রেস বলেন, কাঁকড়ার সংখ্যা বেড়ে যাওয়া তাদের সুস্থভাবে টিকে থাকার লক্ষণ। আর লাল কাঁকড়া এই দ্বীপের বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বনভূমির ভারসাম্য রক্ষা করে। ফলে কাঁকড়ার সংখ্যা ও স্বাস্থ্য ভালো থাকলে পুরো বাস্তুতন্ত্রই উপকৃত হয়।

তথ্যসূত্র: এএফপি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত