বাঙালি নারীর প্রিয় পোশাকের তালিকায় চিরকালই প্রথম দিকে রয়েছে শাড়ি। স্নিগ্ধ সাবেকিয়ানা বলুন বা ট্রেন্ডি স্টাইল; প্রতিটি প্রতিচ্ছবিতেই শাড়ির মায়া কাটানো মুশকিল। রিলস মেকিং বা প্রোফাইল ফটো বদলানোর এই যুগে ছয়টি ঋতু যেন ভিন্ন ভিন্ন শাড়ির প্রতিই মায়া তৈরি করে। হ্যাঁ, সত্য়ি, একেকটি ঋতু আসে, একেক ধরনের উদ্যাপন ও আয়োজন চলে আর তাতে প্রয়োজন পড়ে পাটভাঙা নতুন শাড়ির। এই শরতেই কাশবনে ঘুরে বেড়ানোর পরিকল্পনা, এই শরতেই ছাদে শুয়ে আকাশ দেখার শখ পূরণ আর এই শরতেই পূজা। ফলে শরতেও নারীর পোশাকে শাড়ির আবেদন থাকবেই। তবে এ ঋতুতে আমাদের দেশের যে আবহাওয়া, তাতে সাধারণত তীব্র রোদ আর ভ্যাপসা গরম থাকে। এই ঋতুতে পরার জন্য শাড়ি নির্বাচনের ক্ষেত্রে ‘আরাম’ ব্যাপারটা বেশি গুরুত্ব দিতে হবে। শরতের গরমেও শাড়িতে থাকতে পারেন সাবলীল। কী করে থাকবেন? সেই গল্প এখানে।
শরতের আবহাওয়া খানিকটা গরম থাকে। কখনো চকচকে রোদ, কখনো কিছু সময়ের জন্য বৃষ্টি নামে এ সময়। তবে গরম ছেড়ে যাবে না, এ কথা জানা। তাই শাড়ি পরার ক্ষেত্রে নজর দেওয়া চাই কাপড়ের উপাদান বা ম্যাটেরিয়ালের দিকে। এই সময়ে এমন কাপড় বেছে নেওয়া উচিত, যা বাতাস চলাচল করতে দেয় এবং শরীরের ঘাম শুষে নেয়।
রঙ বাংলাদেশের প্রধান নির্বাহী সৌমিক দাস বলেন, ‘যাঁরা প্রায়ই শাড়ি পরেন, তাঁরা শরতে চিরন্তন বন্ধু হিসেবে সুতি শাড়ি রাখতে পারেন। যেকোনো সুতি শাড়ি ওজনে হালকা এবং পরতে আরামদায়ক। সুতি ছাড়া বর্তমান সময়ে লিলেন শাড়ি তরুণীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এ ধরনের শাড়ি পরার পর শরীর বেশ ঠান্ডা থাকে। এ ছাড়া ঘেমে গেলেও দ্রুত শুকিয়ে যায়। এককথায় এ ধরনের শাড়ি পরলে বেশ চনমনে থাকা যাবে শরতের সকাল, বিকেল কিংবা সন্ধ্যায়।’
শরতের উষ্ণ এই আবহাওয়ায় শাড়ির ধরনের পাশাপাশি রং নির্বাচন করা জরুরি। রঙের নির্বাচন শুধু চোখের শান্তিই দেয় না, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। গাঢ় রং রোদ ও তাপ বেশি শোষণ করে। তাই এই সময়ে হালকা রং বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
হালকা বা প্যাস্টেল শেড: অফ হোয়াইট, হালকা গোলাপি, আকাশি নীল, মিন্ট গ্রিন অথবা লেমন কালার এই সময়ের জন্য আদর্শ।
সাদা বা নো কালার: সাদার কোনো বিকল্প নেই। একটি ধবধবে সাদা সুতি বা জামদানি শাড়ি গরমের দিনে যেমন স্নিগ্ধ দেখায়, তেমনই আরাম দেয়।

ভারী কাজ, জড়ি বা অতিরিক্ত সিকুইনের শাড়ি গরমে ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে। তাই নকশার ক্ষেত্রেও সিম্পল বা মিনিমালিস্টিক হওয়া উচিত।
ব্লক ও বাটিক প্রিন্ট: হালকা রঙের সুতি শাড়িতে সুন্দর ব্লক বা বাটিকের কাজ এই সময়ে ট্রেন্ডি আর আরামদায়ক।
হালকা এমব্রয়ডারি: শাড়ির জমিন যদি একরঙা হয়, তবে পাড়ে হালকা সুতার কাজ বা চিকন পাড়ের শাড়ি বেছে নিতে পারেন।
শরৎকালে পূজা তো রয়েছেই, এ ছাড়া যেকোনো আয়োজনে যদি উপস্থিত হতে হয়, তখন পিচ, গোলাপি, ম্যাজেন্টা, এমারেল্ড গ্রিন, সাদা ইত্যাদি রঙের জামদানি, সানন্দা কাতান, বেগমপুরি সুতি বা কোটা শাড়ি পরা যেতে পারে। অনলাইন উদ্যোগ গোধূলীয়া পূজা সামনে রেখে শরতে পরার উপযোগী কিছু শাড়ির নকশা নিয়ে এসেছে। গোধূলীয়ার স্বত্বাধিকারী নাজমুন নাহার শিউলি বলেন, ‘শরৎ মানেই তো উৎসব! পূজা সামনে রেখে সুতি কোটা শাড়ির নকশা করা হয়েছে। যেখানে পাড়জুড়ে রয়েছে গামছা প্যাচওয়ার্ক। এর পাশাপাশি হাতের কাজের পাড় বসানো প্যাচওয়ার্কের শাড়ি নকশার কাজও চলছে শরতের কালেকশনে।’ তিনি আরও জানান, শাড়িগুলো নকশা করার সময় আরামের কথাটিই বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। কারণ, শরতের উৎসব গরমের মধ্য়েই উদ্যাপন করা হয়। ফলে কাজ করতে এবং উপভোগ করতে যেন কোনো অসুবিধা না হয়, আবার পোশাকে উৎসবের আমেজটাও থাকে; সে জন্যই সুতি আর প্যাচওয়ার্কের কম্বিনেশন বেছে নেওয়া হয়েছে।

শাড়ির অর্ধেক সৌন্দর্য নির্ভর করে ব্লাউজের ওপর। গরমে ফুল স্লিভ বা ভারী নকশার ব্লাউজ এড়িয়ে চলাই ভালো। স্লিভলেস ব্লাউজে স্বচ্ছন্দবোধ যাঁরা করেন, তাঁরা এই ঋতুতে শাড়ির সঙ্গে পরার জন্য বিভিন্ন নকশার এবং কাটিংয়ের স্লিভলেস ব্লাউজ পরতে পারেন। এ ছাড়া থ্রি কোয়ার্টার ও ছোট হাতার ব্লাউজ আরাম দেবে। ব্লাউজের কাপড়টিও যেন সুতি, লিলেন বা আরামদায়ক কাপড়ের হয়, সেদিকে নজর রাখতে হবে।
শরতে প্রচুর ঘাম হয়, এটা অস্বীকার করার উপায় নেই। তাই সারা দিন যেন সতেজ আর ঝরঝরে থাকা যায়, সেদিকে খেয়াল রাখা চাই। রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘শরতে ক্রিম ব্যবহার না করে জেল-বেজড ময়শ্চারাইজার বা সানস্ক্রিন ব্যবহার করা ত্বকের জন্য ভালো। এতে চিটচিটে ভাব অনেকটাই এড়িয়ে চলা সম্ভব হবে।’

শরতের আগমনের সঙ্গে সঙ্গে প্রকৃতিতে যে বদল আসে, তা সবার মনে প্রশান্তি আনে। প্রতিটি ঋতুর আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ফলে শ্রাবণের গৃহসজ্জা বদলে ফেলার সময় এসেছে। শরতে আপনার ঘর ঝলমলে এবং আরামদায়ক করে তোলার জন্য অন্দরসজ্জায় কিছু পরিবর্তন আনা প্রয়োজন।
২ ঘণ্টা আগে
বর্ষা বিদায় নেওয়ার পর আকাশে শুভ্র মেঘের ভেলা ভাসাল শরৎ। এই ঋতুর দারুণ প্রকৃতি মন চাঙা করলেও শুষ্ক ত্বকের অধিকারীদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এ সময় আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্প বা আর্দ্রতা কমতে শুরু করে।
৩ ঘণ্টা আগে
বাজারে এখন বিভিন্ন ধরনের ক্লিনজার পাওয়া যায়। তবে কোনটি আপনার ত্বকের জন্য উপযোগী, তা বুঝতে পারছেন না, তাই তো? কিছু ক্লিনজার ফেনাযুক্ত, অন্যগুলো আবার জেল ক্লিনজার হিসেবে পরিচিত। কোনটি কী কাজে ব্যবহৃত হয়, সেটি আপনার জানা থাকলে ক্লিনজার বেছে নেওয়া সহজ হবে।
৪ ঘণ্টা আগে
বিমানবন্দরে পৌঁছেই সঙ্গীর কাছ থেকে আলাদা হয়ে যাওয়া—শুনতে বিচিত্র লাগলেও ভ্রমণপিপাসু দম্পতিদের মধ্যে এমন একটি প্রবণতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই ধারণাটির নাম দেওয়া হয়েছে ‘এয়ারপোর্ট ডিভোর্স’।
১৪ ঘণ্টা আগে