Ajker Patrika

জাপানিরা কেন বনে সময় কাটান, জেনে নিন কারণ

ফিচার ডেস্ক, ঢাকা 
আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৫: ১১
জাপানিরা কেন বনে সময় কাটান, জেনে নিন কারণ
শহুরে ব্যস্ততা, দীর্ঘ সময় কাজ এবং প্রযুক্তিনির্ভর জীবনের বাইরে মানুষকে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ করে দেওয়াই ছিল শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং এর অন্যতম উদ্দেশ্য। ছবি: পেক্সেলস

গোসল করতে পানিতে নামতে হয়, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু গোসল যদি হয় গাছপালা আর বন জঙ্গলের মাঝে, পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ আর চারপাশে পাখির ডাক শুনতে শুনতে? জাপানে এমনই এক অভ্যাসের নাম শিনরিন-ইয়োকু বা ফরেস্ট বাথিং। এখানে পানি দিয়ে শরীর ধোয়ার কোনো বিষয় নেই; বরং বনের পরিবেশ, বাতাস, গন্ধ, শব্দ ও সবুজের মধ্যে নিজেকে ধীরে ধীরে ডুবিয়ে দেওয়াই এর মূলকথা। জাপানি ভাষায় ‘শিনরিন’ অর্থ বন এবং ‘ইয়োকু’ অর্থ গোসল বা স্নান। আশির দশকে জাপানে এই ধারণা জনপ্রিয় হতে শুরু করে। শহুরে ব্যস্ততা, দীর্ঘ সময় কাজ এবং প্রযুক্তিনির্ভর জীবনের বাইরে মানুষকে প্রকৃতির সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ করে দেওয়াই এর অন্যতম উদ্দেশ্য। প্রশ্ন হলো, জাপানের অধিবাসীরা কেন এটি করেন?

কোথা থেকে এল ফরেস্ট বাথিং

ফরেস্ট বাথিংয়ের শিকড় জাপানে। ১৯৮২ সালে জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয় শিনরিন-ইয়োকু শব্দটির প্রচলন করে। দ্রুত নগরায়ণ, দীর্ঘ কর্মঘণ্টা এবং বাড়তে থাকা মানসিক চাপ, এমন অবস্থায় মানুষকে বনের পরিবেশে কিছুটা সময় কাটাতে উৎসাহিত করাই ছিল এর উদ্দেশ্য। অর্থাৎ এটি শুরু থেকে শুধু বিনোদন বা ব্যায়াম হিসেবে নয়, বরং জনস্বাস্থ্যের নেতিবাচক দিকগুলোর প্রতিরোধমূলক চর্চা হিসেবে বিবেচিত হয়েছিল। বনের আবহে নিজেকে ধীরে ধীরে নিমজ্জিত করাকেই বলা হয় ফরেস্ট বাথিং। জাপানে শুরু হওয়ার পর কয়েক দশক ধরে এ নিয়ে গবেষণা হয়েছে এবং ধীরে ধীরে ধারণাটি জাপানের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

হাঁটতে হবে ধীরে

ফরেস্ট বাথিং কোনো সাধারণ জঙ্গল ভ্রমণ বা দ্রুত হাঁটার নাম নয়। এর জন্য নির্দিষ্ট কোনো দূরত্ব অতিক্রম করাও জরুরি নয়; বরং ধীরে হাঁটতে হাঁটতে চারপাশের পরিবেশ মন দিয়ে অনুভব করাই গুরুত্বপূর্ণ। গাছের পাতার নড়াচড়া দেখা, পাখির ডাক শোনা, মাটির গন্ধ অনুভব করা কিংবা বাতাসের স্পর্শ টের পাওয়া—প্রকৃতির এসব ছোট ছোট বিষয়ে মনোযোগ দেওয়া হয় ফরেস্ট বাথিংয়ে।

ফরেস্ট বাথিং কোনো সাধারণ জঙ্গল ভ্রমণ বা দ্রুত হাঁটার নাম নয়। প্রকৃতিকে পরিপূর্ণ ভাবে উপভোগ ও অনুভব করতে হয় ফরেস্ট বাথিংয়ে। ছবি: পেক্সেলস
ফরেস্ট বাথিং কোনো সাধারণ জঙ্গল ভ্রমণ বা দ্রুত হাঁটার নাম নয়। প্রকৃতিকে পরিপূর্ণ ভাবে উপভোগ ও অনুভব করতে হয় ফরেস্ট বাথিংয়ে। ছবি: পেক্সেলস

ফোনটা থাকুক পকেটেই

ফরেস্ট বাথিংয়ের অন্যতম উদ্দেশ্য হলো দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য দূরে থাকা। তাই এই সময়ে মোবাইল ফোনে বারবার চোখ না রেখে চারপাশের প্রকৃতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। শহুরে জীবনে দিনের বড় একটি অংশ কেটে যায় মোবাইল ফোন, কম্পিউটারসহ বিভিন্ন ধরনের স্ক্রিন আর যন্ত্রপাতির সামনে। ফলে প্রকৃতির সঙ্গে সচেতনভাবে কিছুটা সময় কাটানো অনেকের কাছেই একধরনের মানসিক বিরতি হয়ে উঠতে পারে।

শরীর ও মনের ওপর প্রভাব

ফরেস্ট বাথিং নিয়ে বিভিন্ন গবেষণায় প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর কিছু ইতিবাচক প্রভাবের কথা উঠে এসেছে। বিশেষ করে মানসিক চাপ, উদ্বেগ ও ক্লান্তি কমাতে এবং স্বস্তির অনুভূতি তৈরিতে প্রকৃতির ভূমিকা নিয়ে গবেষণা করা হয়েছে। বনের বাতাসে থাকা বিভিন্ন প্রাকৃতিক রাসায়নিক উপাদান, যেগুলো গাছপালা নিজেদের সুরক্ষার জন্য তৈরি করে, সেগুলো নিয়েও গবেষণা হয়েছে। ধীরগতিতে হাঁটা এবং শান্ত পরিবেশে থাকার কারণে হৃৎস্পন্দন ও মানসিক উত্তেজনা কমার মতো পরিবর্তন দেখা যেতে পারে। ফরেস্ট বাথিংকে কোনো রোগের চিকিৎসা হিসেবে দেখার সুযোগ নেই; বরং এটি প্রকৃতির সঙ্গে সময় কাটানোর একটি সুস্থ জীবনযাপনের অভ্যাস।

প্রকৃতির কাছে ফিরতে খুব দূরে যেতে হয় না

ফরেস্ট বাথিংয়ের জন্য সব সময় ঘন জঙ্গলে যাওয়ার প্রয়োজন নেই। বড় কোনো পার্ক, বাগান কিংবা গাছপালায় ঘেরা শান্ত জায়গাতেও এর মূল ধারণা অনুসরণ করা সম্ভব। গুরুত্বপূর্ণ হলো জায়গাটিকে শুধু হেঁটে অতিক্রম করা নয়, কিছুটা সময় নিয়ে সচেতনভাবে উপভোগ করা। হাঁটার সময় মোবাইল ফোনের নোটিফিকেশন বন্ধ রাখা, তাড়াহুড়ো না করা এবং চারপাশের পরিবেশের দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। কিছুক্ষণ বসে গভীরভাবে শ্বাস নেওয়া কিংবা গাছের ছায়ায় নীরবে সময় কাটানোও হতে পারে এই অভ্যাসের অংশ।

যান্ত্রিক জীবনে অভ্যস্ত হয়ে যাওয়া জাপানের মানুষেরা নিজেদের ফিরে পেতে ফরেস্ট বাথিং করছেন। আপনিও কি নিজেকে ফিরে পেতে চান? তাহলে আপনার মতো করে ফরেস্ট বাথিংয়ের আয়োজন করতে পারেন।

সূত্র: ওয়ান মোর ট্রি, ফরেস্ট থেরাপি হাব

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত