Ajker Patrika

বৃষ্টির দিনে হাঁচি-সর্দি বাড়ে কেন, কমানোর উপায় কী

আজকের পত্রিকা ডেস্ক­
বৃষ্টির দিনে হাঁচি-সর্দি বাড়ে কেন, কমানোর উপায় কী
প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

বৃষ্টির দিনে অনেকের অ্যালার্জির সমস্যা বেড়ে যায়। কারও ঘন ঘন হাঁচি হয়, কারও নাক দিয়ে পানি পড়ে, আবার কারও চোখ চুলকানো বা কাশি শুরু হয়। আবহাওয়া স্যাঁতসেঁতে হয়ে পড়লে ধুলাবালি ও ছত্রাক বা মোল্ডের মতো অ্যালার্জেনগুলোর (অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান) বৃদ্ধি ঘটে। এ ছাড়া বৃষ্টির পানিতে পরাগরেণু ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়ে বাতাসে আরও বেশি ছড়িয়ে পড়ে, যা অ্যালার্জির সমস্যা বাড়িয়ে দেয়।

স্বাস্থ্যবিষয়ক একটি প্রতিবেদনে বলা হয়েছে, বৃষ্টি কিছু মানুষের অ্যালার্জির উপসর্গ কমালেও অন্যদের ক্ষেত্রে তা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে পরাগরেণু, ঘাস, ধুলা ও ছত্রাকের প্রতি অ্যালার্জি থাকলে বৃষ্টির দিনে সমস্যা দেখা দিতে পারে।

বৃষ্টিতে অ্যালার্জি বাড়ে কেন

বৃষ্টির পানি বাতাসে থাকা পরাগরেণুকে ভেঙে ছোট ছোট কণায় পরিণত করতে পারে। এসব ক্ষুদ্র কণা সহজে বাতাসে ছড়িয়ে পড়ায় শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করতে পারে। ফলে পরাগরেণুতে অ্যালার্জি থাকা ব্যক্তিদের উপসর্গ বেড়ে যেতে পারে। বৃষ্টির পরও কখনো কখনো বাতাসে পরাগরেণুর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

এ ছাড়া বৃষ্টির কারণে পরিবেশে আর্দ্রতা বাড়ে। উষ্ণ ও আর্দ্র পরিবেশে ডাস্ট মাইট (ঘরের ধুলায় থাকা অত্যন্ত ক্ষুদ্র প্রাণী, যা খালি চোখে দেখা যায় না) এবং ছত্রাকের বৃদ্ধি ঘটে। এগুলো ঘরের ভেতরে ও বাইরে অ্যালার্জির সমস্যা বাড়াতে পারে।

বৃষ্টির দিনে অনেকেই ঘরের ভেতরে বেশি সময় কাটান। ফলে ধুলা, ছত্রাক ও পোষা প্রাণীর শরীর থেকে ছড়ানো অ্যালার্জির উদ্দীপক উপাদানের সংস্পর্শে আসার সুযোগ বাড়ে। ঘরের ভেতরে এসব উপাদানের উপস্থিতি বেশি হলে অ্যালার্জির উপসর্গও বাড়তে পারে।

যেসব অ্যালার্জি বৃষ্টিতে বাড়তে পারে

পরাগরেণু: বৃষ্টি পরাগরেণুর ছড়িয়ে পড়া কমাতে পারে। তবে বৃষ্টির পানিতে পরাগরেণু ভেঙে ক্ষুদ্র কণায় পরিণত হলে তা বাতাসে ছড়িয়ে অ্যালার্জির সমস্যা বাড়াতে পারে।

ডাস্ট মাইট: আর্দ্র ও উষ্ণ আবহাওয়ায় ডাস্ট মাইট দ্রুত বাড়ে, যা অ্যালার্জির লক্ষণগুলোকে আরও খারাপ করে তোলে।

ছত্রাক (মোল্ড): আর্দ্রতা ও উষ্ণতা পেলে ঘরের ভেতরে ও বাইরে ছত্রাক জন্মায়, যা শ্বাসকষ্ট ও অ্যালার্জির অন্যতম কারণ।

ঘাস: ভারী বর্ষণে ঘাসের পরাগরেণু ভেঙে বাতাসে ভেসে বেড়ায়, ফলে অ্যালার্জির সমস্যা বাড়ে।

বৃষ্টির দিনে অ্যালার্জির লক্ষণ

অ্যালার্জির ধরন ও লক্ষণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। অনেকের ক্ষেত্রে বৃষ্টি শুরু হলে লক্ষণ কিছুটা কমলেও দিনের পরের ভাগে বাতাসে পরাগরেণু ছড়িয়ে পড়ায় তা আবার তীব্র হয়। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে—

  • নাক বন্ধ হয়ে যাওয়া ও নাক দিয়ে পানি পড়া
  • ঘন ঘন হাঁচি
  • শ্বাসে সাঁ সাঁ শব্দ ও শুকনো কাশি
  • শ্বাসকষ্ট
  • চোখ চুলকানো, লাল হওয়া ও পানি পড়া
  • চোখ ফুলে যাওয়া
  • মাথাব্যথা ও ক্লান্তি
  • বমি
  • ত্বকে চাকা ওঠা বা ফুসকুড়ি
  • খিটখিটে মেজাজ

বৃষ্টির দিনে অ্যালার্জি কমাতে করণীয়

বৃষ্টির দিনে অ্যালার্জির উপসর্গ কমাতে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন—

জানালা বন্ধ রাখা: বৃষ্টির সময়, বিশেষ করে অ্যালার্জির মৌসুমে ঘরের জানালা বন্ধ রাখা।

আর্দ্রতা নিয়ন্ত্রণ: ঘরের অতিরিক্ত আর্দ্রতা দূর করতে ডিহিউমিডিফায়ার ব্যবহার করা।

ঘর পরিষ্কার রাখা: ধুলাবালি জমতে না দিতে নিয়মিত ঘর পরিষ্কার করা।

ছাদ বা দেয়ালের ছিদ্র পরীক্ষা: ঘরে পানি চুইয়ে পড়া বা স্যাঁতসেঁতে ভাব রোধে ছাদ ও দেয়ালের কোনো ছিদ্র আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করা।

ওষুধ ও স্প্রে ব্যবহার: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, স্যালাইন নেজাল স্প্রে ব্যবহার করা যেতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন

যদি অ্যালার্জির লক্ষণগুলো অত্যন্ত তীব্র হয় এবং সাধারণ ওষুধে কাজ না করে, তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। চিকিৎসক প্রয়োজনে ইমিউনোথেরাপি ইনজেকশনসহ উন্নত চিকিৎসার পরামর্শ দিতে পারেন।

সূত্র: হেলথলাইন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত