
ক্ষতিকর যেকোনো আসক্তি থেকে নিজেকে দূরে রাখাটা নিঃসন্দেহে জীবনের বড় একটি যুদ্ধ জয়। আমরা প্রায়ই শুনি, অমুক ব্যক্তি এক বছর ধরে সম্পূর্ণ ‘ক্লিন’ বা মাদকমুক্ত আছেন। একে বলা হয় শারীরিক সুস্থতা বা ফিজিক্যাল সোব্রাইটি। কিন্তু চিকিৎসাবিজ্ঞান ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আসক্তির বিরুদ্ধে লড়াইয়ে এটি শুধু অর্ধেক যুদ্ধ জয়। আসল এবং দীর্ঘমেয়াদি লড়াইটি শুরু হয় মনের ভেতরে, যার নাম ইমোশনাল সোব্রাইটি বা আবেগীয় সংযম। সহজ কথায়, যেকোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে, কোনো ক্ষতিকর উপাদানের ওপর নির্ভর না করে নিজের আবেগ নিয়ন্ত্রণ করার নামই ইমোশনাল সোব্রাইটি। শুধু শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করলেই চলে না, মনের ভেতরের অস্থিরতা দূর করতে না পারলে যেকোনো সময় আবার পুরোনো অভ্যাসে ফিরে যাওয়ার ঝুঁকি থেকে যায়।
এই ধারণার উৎপত্তি মূলত অ্যালকোহলিকস অ্যানোনিমাস সংগঠনের হাত ধরে। কিন্তু বর্তমান সময়ে এটি যেকোনো সাধারণ মানুষের মানসিক সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। আমাদের জীবনে দুঃখ, কষ্ট, রাগ, হতাশা বা একাকিত্ব আসাটাই স্বাভাবিক। সাধারণত অনেকে এই নেতিবাচক অনুভূতিগুলো সহ্য করতে না পেরে সাময়িক মুক্তির জন্য বিভিন্ন মাদকের আশ্রয় নেন। আবেগগুলো মনের গভীরে চেপে রাখতে রাখতে একসময় তা আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণ সামাল দিতে হয়। ইমোশনাল সোব্রাইটি আমাদের এই কঠিন আবেগগুলোর মুখোমুখি হতে হয়, সেগুলোকে মেনে নিতে এবং কোনো নেশাজাতীয় দ্রব্যের সাহায্য ছাড়াই মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার শিক্ষা দেয়।
নিয়মিত আবেগপ্রবণ সংযম বা ইমোশনাল সোব্রাইটি চর্চা করলে জীবনে দারুণ কিছু ইতিবাচক পরিবর্তন আসে। নিজের আবেগ বুঝতে পারলে অন্যের আবেগকে সম্মান করা সহজ হয়। ফলে পরিবার ও বন্ধুদের সঙ্গে ভুল-বোঝাবুঝি কমে। নিজের জন্য সীমা নির্ধারণ বা বাউন্ডারি তৈরি করা সহজ হয়। কোথায় ‘হ্যাঁ’ বলতে হবে আর কোথায় ‘না’, সেই সুস্থ সীমারেখা টেনে নিজের মানসিক শান্তি বজায় রাখা যায়। জীবনে অনেক বড় কয়েকটি উপলব্ধির মধ্যে অন্যতম হলো, নিজের ভুলত্রুটি মেনে নেওয়া। কারণ, জীবনের সব পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে থাকবে না। জীবন সহজ করতে এই সত্য সহজে মেনে নেওয়া শিখে নিতে হবে।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ইমোশনাল সোব্রাইটি কোনো জাদু নয় যে এক দিনেই চলে আসবে। এর জন্য প্রয়োজন নিয়মিত কিছু সুস্থ অভ্যাস ও চর্চা। সেগুলোর মধ্যে আছে—
মনের সব কথা চেপে না রেখে এমন কারও কাছে প্রকাশ করুন, যাকে আপনি বিশ্বাস করেন এবং যার কাছে নিজেকে নিরাপদ মনে হয়। প্রয়োজনে একজন দক্ষ থেরাপিস্টের সাহায্য নেওয়া বুদ্ধিমানের কাজ।
প্রতিদিনের জীবনে একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা মানসিক অস্থিরতা অনেক কমিয়ে দেয়।

ইয়োগা, মেডিটেশন বা মাইন্ডফুলনেস মানুষের মনোযোগ বর্তমানে ধরে রাখতে সাহায্য করে, যা অতীত বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে মানুষের মন দূরে রাখে।
পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত দৌড়ানো বা হাঁটার মতো শারীরিক কসরত মস্তিষ্কে এন্ডোরফিন হরমোন বাড়ায়, যা মানসিক চাপ দূর করতে সাহায্য করে। এ ছাড়া এ সমস্যায় ঠান্ডা পানির ঝাপটা বা আকুপাংচারের মতো থেরাপিও বেশ কার্যকর।
সমমনা বা একই লড়াইয়ের মধ্য দিয়ে যাওয়া মানুষের সঙ্গে যোগাযোগ রাখলে একাকিত্ব দূর হয় এবং মনের জোর বাড়ে।
এই যাত্রায় বড় বাধা আসে চারপাশের সামাজিক চাপ এবং অবহেলার ভয় থেকে। অনেক সময় বন্ধুদের আড্ডায় ‘না’ বলতে না পারা কিংবা সমাজ কী ভাববে—এই ভয়ে মানুষ নিজের মানসিক শান্তি বিসর্জন দেয়। চিকিৎসকেরা মনে করেন, শারীরিক আসক্তি কাটানোর চেয়ে এই সামাজিক ও মানসিক চাপ সামলানো অনেক বেশি চ্যালেঞ্জিং। তাই সুস্থ থাকতে হলে অন্যের মন জোগানোর চেয়ে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দিতে হবে।
জীবন সব সময় সোজা পথে চলে না, এতে উত্থান-পতন থাকবে। ইমোশনাল সোব্রাইটির মূল উদ্দেশ্য, জীবন থেকে কষ্ট বা দুঃখ মুছে ফেলা নয়। এর মূল কাজ, কষ্টের মাঝেও নিজেকে শান্ত রাখা। জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করে মনের শান্তি বজায় রাখা।
সূত্র: ভেরি ওয়েল মাইন্ড, ওয়েলনেস রিট্রিট রিকভারি

সারা দিনের পর বাড়ি ফিরে সবার আগে গোসল সেরে নিতে পারলেই যেন শান্তি এই গরমে। এ সময় শুধু যে শুধু ঘামই হচ্ছে, তা নয়; শরীরও ক্লান্ত হয়ে পড়ছে। পাশাপাশি ত্বকে ময়লা জমছে বেশি। ফলে বেড়ে যাচ্ছে চুলকানি ও ত্বকের র্যাশ।
৪ ঘণ্টা আগে
মিষ্টি মেয়ে পূজার রূপ নিয়ে দ্বিতীয় কোনো কথা বলার উপায় নেই। সবারই চোখ ধাঁধিয়ে যায়। বিভিন্ন সংবাদমাধ্যমে দেওয়া নানান সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, সৌন্দর্যচর্চার বিষয়ে মানুষ তাঁর কাছ থেকে যা যা শুনতে চায়, সেগুলোর বিশেষ কোনোটিই তিনি করেন না; বরং রূপচর্চার ব্যাপারে নিজেকে খানিকটা অলস বলতেই বেশি সহজ...
৬ ঘণ্টা আগে
বাজারে পাকা আম এসেছে। যদিও বিশেষজ্ঞদের মত, পাকা আম আরও কিছুদিন পর খাওয়াই ভালো। তারপরও এখন থেকে যাঁরা পাকা আম দিয়ে তৈরি নানান রেসিপি টুকে রাখছেন, তাঁদের জন্য রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা পাঠিয়েছেন পাকা আম দিয়ে তৈরি ফুল পুডিংয়ের রেসিপি ও ছবি। উপকরণ: আমের জুস ২ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, চিনি ১ কাপ...
৮ ঘণ্টা আগে
বিভিন্ন ভাবে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানোর কারণে আমাদের দিনের একটি বড় অংশ বসে কেটে যায়। আপাতদৃষ্টে এই আচরণ স্বাভাবিক মনে হলেও দীর্ঘ সময় একটানা বসে থাকা আমাদের শরীরে মাথা থেকে পা পর্যন্ত মারাত্মক স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি ক্ষতিসাধন করে। জেনে নিন, দীর্ঘ সময় বসে থাকার ১০টি প্রধান স্বাস্থ্যঝুঁকির কথা...
১ দিন আগে