Ajker Patrika

ফ্লু ও ঠান্ডা লাগলে কী করবেন, কী করবেন না

ফিচার ডেস্ক
ফ্লু ও ঠান্ডা লাগলে কী করবেন, কী করবেন না

গত দুই দিনের বৃষ্টি যেন হঠাৎ করেই শীতের আমেজ নিয়ে এসেছে। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে অনেকেরই বেড়ে যেতে পারে ঠান্ডা, সর্দি বা ফ্লুর সমস্যা। অসুস্থ হলে ক্ষুধা কমে গেলেও শরীরকে দ্রুত চাঙা করতে এবং রোগ প্রতিরোধক্ষমতা সচল রাখতে সঠিক খাবার, পর্যাপ্ত তরল আর কিছু জরুরি নিয়ম মানা খুব দরকার। ঋতু পরিবর্তনের এই সময়ে ফ্লু বা ঠান্ডাজনিত সমস্যায় কী করবেন আর কী এড়িয়ে চলবেন, তা আগে থেকেই জেনে রাখা ভালো।

ফ্লু ও ঠান্ডা লাগলে যা করবেন

জ্বর আর সর্দির মতো উপসর্গ যখন একসঙ্গে দেখা দেয়, তখন শরীরকে ভাইরাস মোকাবিলায় সক্ষম রাখতে সঠিক পুষ্টি অপরিহার্য। অসুস্থতা কয়েক দিন বা কয়েক সপ্তাহ স্থায়ী হলে শরীরের শক্তি ধরে রাখতে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে খাবারদাবারের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি।

শরীরকে হাইড্রেটেড রাখুন: জ্বর, ঘাম আর ক্ষুধামান্দ্যের কারণে ফ্লুতে দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। সবচেয়ে ভালো পানি পান করা; পাশাপাশি স্বাদ ও আরামের জন্য স্যুপ বা ব্রথ, আদা চা, মধু-লেবুর চা কিংবা চিনি ছাড়া ফলের রস পান করতে পারেন। বমি বা ডায়রিয়া হলে চিকিৎসকের পরামর্শে ইলেকট্রোলাইট বা ওরস্যালাইন নিতে পারেন।

পুষ্টিকর ও সহজে হজমযোগ্য খাবার খান: গরম চিকেন স্যুপ বা সবজি-মাংসের ব্রথ গলাব্যথা ও নাক বন্ধ ভাব কমাতে সাহায্য করে এবং তরল ও পুষ্টি জোগায়। এ ছাড়া পাতে রাখতে পারেন রসুন (যার অ্যান্টিভাইরাল গুণ রয়েছে), দই (প্রোবায়োটিকসের উৎস), কমলা-লেবু-ক্যাপসিকামের মতো ভিটামিন সি-সমৃদ্ধ খাবার, পালংশাক ও ব্রকলি, গরম ওটমিল এবং আদা-হলুদের মতো মসলা। ভিটামিন ডির জন্য মাছ, দুধ বা ডিমও উপকারী। এ ছাড়া বাদাম, ডাল, মাংস ও পোলট্রিতে থাকা এই খনিজগুলো ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে। লেবু, কমলা, মাল্টা বা জাম্বুরার মতো সাইট্রাস ফলের নরম সাদা অংশে থাকা ফ্ল্যাভোনয়েড রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়ক। শাঁসসহ কমলার রস ভিটামিন সি ও ফলিক অ্যাসিডে ভরপুর। এই ধরনের খাবার খাদ্যতালিকায় যুক্ত রাখুন। এ ছাড়া গ্লুটাথায়ন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা সংক্রমণের বিরুদ্ধে লড়তে সাহায্য করে। তরমুজের খোসার কাছাকাছি লাল শাঁসালো অংশে এবং বাঁধাকপি, ব্রকলি ও শাকে এটি পাওয়া যায়।

শিশুদের যত্নে বাড়তি নজর দিন: শিশুদের শরীরের ওজন কম হওয়ায় জ্বর বা অসুস্থতায় দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই শিশুকে অল্প অল্প করে বারবার তরল খাবার বা পানি দিন।

বিশ্রাম নিন ও উপসর্গ পর্যবেক্ষণ করুন: সাধারণত ৫-৭ দিনের মধ্যে ফ্লুর তীব্র উপসর্গ কমে আসে। তবে উপসর্গ গুরুতর হলে, বেড়ে গেলে বা দীর্ঘস্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। সারা বছরই সুষম খাবার, পর্যাপ্ত ঘুম ও সক্রিয় জীবনযাপন রোগ প্রতিরোধক্ষমতা মজবুত রাখে।

feature-2

কী কী এড়িয়ে চলবেন

অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন: অ্যালকোহল পানিশূন্যতা বাড়ায় এবং রোগ প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। আর মিষ্টি পানীয় বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার প্রদাহ বাড়াতে বা ডায়রিয়ার সমস্যা দীর্ঘায়িত করতে পারে।

ভাজাপোড়া, ফাস্ট ফুড ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাবেন না: বৃষ্টি কিংবা ঠান্ডা আবহাওয়ায় আমরা অনেকেই ভাজাপোড়া খাবারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। তৈলাক্ত ও চর্বিযুক্ত খাবার হজমে বাড়তি চাপ তৈরি করে, আর অতি-প্রক্রিয়াজাত খাবারে পুষ্টিগুণও কম থাকে।

দুধ ও দুগ্ধজাত খাবারে সংযমী থাকুন: বিশেষ করে পেটের সমস্যা বা ভাইরাল গ্যাস্ট্রোএন্টেরাইটিস থেকে সেরে ওঠার সময় দুধের ল্যাকটোজ হজমে কষ্ট হতে পারে।

নাক বন্ধ ভাব ও বমিভাব সামলাবেন যেভাবে

নাক বন্ধ বা কফ বাড়লে: শ্বাসপথ খোলা রাখতে ঠান্ডা পানীয়ের চেয়ে হালকা গরম পানীয় বেশি আরামদায়ক; মধু মেশানো ক্যাফেইনমুক্ত গরম চা গলায় প্রলেপ দিয়ে স্বস্তি দেয়। কারও কারও ক্ষেত্রে দুগ্ধজাত খাবারে শ্লেষ্মা বা কফ বাড়ার প্রবণতা দেখা দিতে পারে, কিংবা বমিভাব বা বমি হলে তা অস্বস্তি বাড়াতে পারে, এমন মনে হলে কয়েক দিন দুধ বা দুগ্ধজাত খাবার এড়িয়ে চলা ভালো।

পেট খারাপ বা বমিভাব হলে: পেট গোলমাল বা ডায়রিয়া থাকলে হালকা ও সহজপাচ্য খাবার বেছে নিন। তরল ধরে রাখতে অল্প অল্প করে স্বচ্ছ তরল খাবার বা পানীয় (যেমন স্বচ্ছ স্যুপ বা ব্রথ, ফলের রস) চুমুক দিয়ে খান। প্রাপ্তবয়স্করা একবারে ৪ থেকে ৮ আউন্স এবং শিশুরা ১ আউন্স বা তার কম পরিমাণে শুরু করতে পারেন। টোস্ট, ভাত বা কলার মতো সাদামাটা খাবারও বেশ মানানসই। শরীর সাড়া দিলে ২৪ ঘণ্টার মধ্যেই ধীরে ধীরে স্বাভাবিক খাবারে ফেরা যায়।

সব মিলিয়ে ক্ষুধা ও তৃষ্ণা অনুযায়ী সহজপাচ্য ও পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত তরল গ্রহণই ফ্লু থেকে দ্রুত সেরে ওঠার অন্যতম প্রধান অবলম্বন।

সূত্র: হেলথ লাইন, ওয়েব মেড

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত