
ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন অনেকে। টোনার, সেরাম, ময়শ্চারাইজার থেকে শুরু করে আই ক্রিম—প্রতিটি পণ্যের রয়েছে আলাদা কাজ। এখনকার সময়ে ত্বকযত্নের এসব পণ্য ফ্রিজে রাখার প্রবণতা বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা টোনার বা সেরাম ত্বকে ব্যবহার করলে পাওয়া যায় সতেজ অনুভূতি। তবে প্রশ্ন হলো, ত্বকযত্নের এসব পণ্য ফ্রিজে রাখলেই কি সেগুলোর কার্যকারিতা বাড়ে? নাকি কিছু পণ্যের ক্ষেত্রে এতে উল্টো সমস্যা হতে পারে?
কিছু প্রসাধনী ঠান্ডা অবস্থায় ব্যবহার করলে ত্বকে কিছু সময়ের জন্য আরামদায়ক অনুভূতি তৈরি হয়। বিশেষ করে চোখের চারপাশের ফোলাভাব কমাতে ঠান্ডা আই মাস্ক বা আই ক্রিম কিছুটা স্বস্তি দিতে পারে। গরমে ত্বকে জ্বালাপোড়া বা অস্বস্তি হলেও ঠান্ডা জেল কিংবা ফেস মিস্ট সতেজ অনুভূতি দেয়। ফ্রিজে রাখলেই সব প্রসাধনীর মেয়াদ বেড়ে যায়, এমন নয়। পণ্যের উপাদান, সংরক্ষণের নির্দেশনা এবং প্যাকেজিংয়ের ওপর এর কার্যকারিতা নির্ভর করে। তাই কোনো প্রসাধনী ফ্রিজে রাখার আগে তার গায়ে দেওয়া নির্দেশনা দেখে নিন।

টোনার, ফেস মিস্ট ও কিছু সেরাম
টোনার, ফেস মিস্ট কিংবা জেলজাতীয় কিছু সেরাম ফ্রিজে রাখলে ব্যবহারের সময় ঠান্ডা ও সতেজ অনুভূতি পাওয়া যায়। বিশেষ করে গরমের দিনে গোলাপজলের টোনার বা হাইড্রেটিং মিস্ট ত্বকে আরাম দেয়। অ্যালোভেরা জেলও ঠান্ডা করে ব্যবহার করলে আরামদায়ক লাগে। এসব পণ্য ফ্রিজে রাখলে সবার ক্ষেত্রে কার্যকারিতা বাড়বে, এমন নিশ্চয়তা নেই। পণ্যের লেবেলে নির্দিষ্ট তাপমাত্রায় রাখার নির্দেশনা থাকলে সেটিই অনুসরণ করুন।
আই ক্রিম ও আন্ডার-আই মাস্ক
চোখের নিচে ক্লান্তি বা সাময়িক ফোলাভাব দেখা দিলে ঠান্ডা আই মাস্ক কিংবা আই ক্রিম আরাম দেয়। ঠান্ডা তাপমাত্রা ত্বকের ফোলাভাব সাময়িকভাবে কমাতে সাহায্য করতে পারে। তবে এটি স্থায়ী সমাধান নয়। আই ক্রিম ফ্রিজে রাখার উপযোগী কি না, তা পণ্যের নির্দেশনা দেখে নিশ্চিত হয়ে নিন।
জেড রোলার ও গুয়ার শা
জেড রোলার, গুয়ার শা কিংবা অন্যান্য ফেশিয়াল ম্যাসাজ টুল ফ্রিজে রাখার প্রয়োজন নেই। তবে ব্যবহারের আগে ঠান্ডা করে নিলে ত্বকে আরামদায়ক অনুভূতি তৈরি হতে পারে এবং চোখের চারপাশের সাময়িক ফোলাভাব কমাতে সহায়তা করতে পারে।
কিছু ডিওডোরেন্ট
গরম আবহাওয়ায় প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি কিছু ডিওডোরেন্ট নরম হয়ে যেতে পারে। বিশেষ করে যেসব পণ্যে নারকেল তেলের মতো উপাদান রয়েছে, সেগুলো বেশি তাপে গলে যেতে পারে। এ ধরনের পণ্যের ক্ষেত্রে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী ঠান্ডা জায়গায় রাখা যেতে পারে।

তেলভিত্তিক সেরাম, ফেস অয়েল ও বাম
তেলভিত্তিক প্রসাধনী ঠান্ডায় ঘন হয়ে যেতে পারে। কোনো কোনো পণ্যে তেল জমাট বাঁধতে পারে, আবার কিছু সেরামের রং বা গঠনেও পরিবর্তন দেখা দিতে পারে। এতে পণ্যটি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। ফেস অয়েল, ক্লিনজিং অয়েল কিংবা তেলসমৃদ্ধ সেরাম সংরক্ষণের ক্ষেত্রে প্যাকেজিংয়ের নির্দেশনা অনুসরণ করুন।
ক্লে মাস্ক ও গুঁড়াজাতীয় প্রসাধনী
শুকনো ক্লে মাস্ক বা পাউডারজাতীয় স্কিন কেয়ার পণ্যের জন্য সাধারণত ফ্রিজের প্রয়োজন হয় না; বরং ফ্রিজ থেকে বের করার সময় তাপমাত্রার পরিবর্তনে আর্দ্রতা বা ঘনীভবন তৈরি হলে পণ্যে দলা বাঁধতে পারে।
ঘন ক্রিম ও বাম
কিছু ঘন ময়শ্চারাইজার, ক্রিম ও বাম ঠান্ডায় শক্ত হয়ে যেতে পারে। তাই এগুলো ফ্রিজে রাখার আগে প্রস্তুতকারকের নির্দেশনা দেখে নিন। শুধু ঠান্ডা অনুভূতির জন্য পণ্য ফ্রিজে রাখা জরুরি নয়।
স্কিন কেয়ারের জন্য তৈরি ছোট ফ্রিজ এখন বেশ জনপ্রিয়। এতে পণ্য আলাদা করে গুছিয়ে রাখা যায় এবং কিছু পণ্য ঠান্ডা অবস্থায় ব্যবহার করা যায়। তবে সবার জন্য এমন ফ্রিজ কেনার প্রয়োজন নেই। পণ্যের নির্দেশনা মেনে ঘরের সাধারণ তাপমাত্রায় রাখলেই হয়। ঠান্ডা টোনার, ফেস মিস্ট বা আই মাস্ক ব্যবহার করতে ভালো লাগলে, মিনি ফ্রিজ সুবিধাজনক হতে পারে।
সূত্র: সিম্পল বডি

ওমেগা-৩ হৃদ্যন্ত্র বা হার্টের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এটি রক্তে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এ ছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। পাতে ভর্তা তুলেও...
৩ ঘণ্টা আগে
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। ২০০৩ সাল থেকে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটি পালিত হচ্ছে। দিনটির এ বছরের প্রতিপাদ্য, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। কিন্তু চোখে স্বপ্ন থাকলেও শরীর ও মন নিরাপদ না হলে সে কি স্বপ্ন দেখার সাহস পাবে? বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর...
৫ ঘণ্টা আগে
ফ্যাশন এমন এক বৈশ্বিক ভাষা যা দেশ, সংস্কৃতি কিংবা জাতিগত সীমানা পেরিয়ে মানচিত্রের প্রতিটি কোণে নিজের ছাপ রেখে যায়। তবে পোশাকের এই বৈচিত্র্যময় দুনিয়ায় বিশ্বের বিভিন্ন দেশে নারীদের পোশাকের গড় মাপের পার্থক্য বেশ চমৎকার। প্যারিসের র্যাম্প থেকে শুরু করে এশিয়ার ঐতিহ্যবাহী বাজার কিংবা আফ্রিকার স্থানীয়...
২০ ঘণ্টা আগে
ঋতু বদলের এই সময়ে অনেকে জ্বরে আক্রান্ত হচ্ছে। সর্দি-কাশি, ইনফ্লুয়েঞ্জা কিংবা অন্য কোনো সংক্রমণের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে জ্বর হতে পারে। অনেক সময় জ্বর শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা সক্রিয় থাকার একটি লক্ষণ।
১ দিন আগে