ওজন কমাতে কর্টিসল নিয়ন্ত্রণ জরুরি, খাবেন যেসব খাবার

ডায়েট চার্ট মেনে খাবার খাওয়া কিংবা নিয়মিত শরীরচর্চা করার পরও অনেকের ওজন কিছুতেই কমতে চায় না। বিশেষ করে পেটের মেদ যেন জেদি হয়ে বসে থাকে। পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, এর পেছনে বড় একটি কারণ হতে পারে শরীরের কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যাওয়া।
কর্টিসল মূলত আমাদের শরীরের স্ট্রেস হরমোন। অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত ঘুম বা দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে এই হরমোনের নিঃসরণ বেড়ে যায়। কর্টিসলের মাত্রা দীর্ঘ সময় বেশি থাকলে শরীর নিজেকে বিপদে আছে বলে মনে করে এবং ভবিষ্যতের জন্য শক্তি সঞ্চয় করতে শুরু করে। ফলে বিপাকক্রিয়া ধীর হয়ে যায় এবং বিশেষ করে পেটের চারপাশে চর্বি জমতে থাকে। পাশাপাশি এই হরমোন মিষ্টি ও উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের প্রতি তীব্র আকাঙ্ক্ষা তৈরি করে। তাহলে উপায়? ওজন কমানোর যাত্রা সহজ করতে চাইলে প্রতিদিনের খাদ্যতালিকায় এমন কিছু খাবার রাখা জরুরি, যা মানসিক চাপ কমিয়ে কর্টিসলের ভারসাম্য রক্ষা করে।

যেসব খাবার খাদ্যতালিকায় রেখে কর্টিসল হরমোন নিয়ন্ত্রণে রাখা যেতে পারে
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার
সামুদ্রিক মাছ, যেমন—স্যামন, টুনা বা দেশি সামুদ্রিক মাছ খাদ্যতালিকায় রাখা যেতে পারে। আখরোট, চিয়া সিড এবং তিসির বীজে প্রচুর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এটি শরীরের প্রদাহ কমায় এবং কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে দারুণ কার্যকর।
ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার
ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে এবং ঘুমের মান উন্নত করে, যা কর্টিসল কমানোর জন্য অপরিহার্য। পালংশাক, মিষ্টিকুমড়ার বীজ, কাঠবাদাম, কলা এবং অ্যাভোকাডো থেকে প্রচুর ম্যাগনেশিয়াম পাওয়া যায়।
ভিটামিন সি যুক্ত ফল ও সবজি
মানসিক চাপের সময় শরীরে ভিটামিন সি-এর চাহিদা বেড়ে যায়। কমলা, লেবু, পেয়ারা, আমলকী, স্ট্রবেরি এবং ক্যাপসিকামের মতো খাবার অ্যাড্রিনাল গ্রন্থির কার্যকারিতা ঠিক রেখে কর্টিসল কমাতে সাহায্য করে।
প্রোবায়োটিক ও ফারমেন্টেড খাবার
আমাদের অন্ত্র বা পেটের স্বাস্থ্যের সঙ্গে মস্তিষ্ক ও হরমোনের সরাসরি সম্পর্ক রয়েছে। টকদই, পান্তা ভাত বা ফারমেন্টেড খাবার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, যা মানসিক চাপ ও কর্টিসল কমাতে সহায়ক।
গ্রিন টি ও ভেষজ চা
গ্রিন টিতে থাকা এল-থিয়ানিন নামক অ্যামিনো অ্যাসিড মস্তিষ্ককে শিথিল করে এবং কর্টিসল কমায়। এ ছাড়া ক্যাফেইনমুক্ত ক্যামোমাইল চা বা তুলসী চা পান করলেও স্ট্রেস কমে।
ডার্ক চকলেট
অন্তত ৭০ শতাংশ কোকোযুক্ত ডার্ক চকলেটে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড থাকে। পরিমিত পরিমাণে ডার্ক চকলেট খেলে মন ভালো থাকে এবং স্ট্রেস হরমোনের নিঃসরণ কমে।

যেসব খাবার এড়িয়ে চলবেন
কর্টিসল নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত চিনি, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত ক্যাফেইন এবং ভাজাপোড়া খাবার এড়িয়ে চলা উচিত। কারণ, এসব খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দিয়ে কর্টিসল নিঃসরণকে আরও উসকে দেয়।
তবে শুধু উপযোগী খাবার খাওয়াই নয়, কর্টিসল কমাতে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘণ্টা গভীর ঘুম, পর্যাপ্ত পানি পান এবং হালকা ব্যায়াম বা মেডিটেশন করা জরুরি। শরীর ও মন চাপমুক্ত থাকলে তবেই ডায়েট ও ব্যায়ামের আসল সুফল মিলবে এবং ওজন কমবে স্বাভাবিকভাবে।
সূত্র: হেলথলাইন ও অন্যান্য









