সকালে ঘুম থেকে উঠেই মনে হবে আজ পুরো দুনিয়া জয় করে ফেলবেন। কিন্তু অফিসে পা রাখতেই বসের একঝলক চাহনি আপনার সব গ্যাস বেলুন ফুস করে দেবে। আজ বসের সঙ্গে কোনো তর্কে যাবেন না। বস যা-ই বলুক, ‘হ্যাঁ স্যার, আপনিই ঠিক’ বলে মাথা নাড়ুন। এতে আপনার চাকরি এবং মানসিক শান্তি—দুই-ই বজায় থাকবে। ক্রাশের পাশ দিয়ে যাওয়ার সময় একটু সাবধানে হাঁটবেন। স্টাইল মারতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার তীব্র যোগ আছে। পকেটে একটা লবঙ্গ রাখুন, তবে সেটা মুখে দেবেন না। রেগে গেলেই চিবিয়ে নেবেন, রাগ গিলে ফেলা সহজ হবে।
আজ আপনার ভোজনরসিক মন ডানা মেলে উড়বে। ডায়েটের বারোটা বাজিয়ে বিরিয়ানি বা ফুচকা খাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সাবধান! নক্ষত্ররা ইঙ্গিত দিচ্ছে যে আজ বিল দেওয়ার সময় আপনার মানিব্যাগটি অলৌকিকভাবে উধাও হয়ে যেতে পারে অথবা আপনার বন্ধুটি ঠিক সময়ে বাথরুমে ঢুকে যেতে পারে। সঙ্গীকে আজ বেশি জ্ঞান দিতে যাবেন না। রোমান্টিক কথার বদলে আজ শুধু বলুন, ‘তুমি আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছ।’ সম্পর্ক একদম মাখনের মতো চলবে। রাস্তায় কোনো মিষ্টির দোকান দেখলে চোখ বন্ধ করে পেরিয়ে যান, নাহলে ওজন স্কেল আজ আপনার ওপর ক্ষুব্ধ হবে।
আজ আপনার ভেতরে থাকা দুটো মানুষ একে অপরের সঙ্গে তুমুল ঝগড়া করবে। সকালে মনে হবে ‘আজ ফাটিয়ে কাজ করব’, আর দুপুরে মনে হবে ‘চাকরিটা ছেড়ে দিয়ে হিমালয়ে চলে যাই।’ রাস্তায় একা একা বিড়বিড় করবেন না, লোকে আপনাকে জ্যোতিষী বা পাগল ভেবে ভুল করতে পারে। আজ আপনার ডাবল পার্সোনালিটি দেখে পার্টনার কনফিউজড হয়ে যেতে পারে। একবার হাসবেন, একবার কাঁদবেন—পার্টনার ভাববে ভূত ধরেছে। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে টস করুন। কয়েন যা বলবে, তার উল্টোটা করুন।
আজ আপনি এতটাই আবেগপ্রবণ থাকবেন যে টিভি সিরিয়ালের শাশুড়ির অত্যাচার দেখে কিংবা কুকার সিটি না মারলেও আপনার চোখে পানি চলে আসতে পারে। তবে এই চোখের পানি শুধু আবেগের কারণেই নয়, মানিব্যাগের খালি অবস্থা দেখেও হতে পারে। টাকা খরচের হাত একটু চেপে ধরুন। আজ ঝগড়া করার জন্য পার্টনারকে উসকানি দেবেন না। কান্না দিয়ে শুরু হয়ে শেষমেশ ব্লক খাওয়ায় গিয়ে শেষ হতে পারে। আজ পেঁয়াজ কাটবেন না, এমনিতেই অনেক কাঁদবেন।
আপনি নিজেকে বনের রাজা ভাবতেই পারেন, কিন্তু আজ আপনার বাড়ির বিড়ালটিও আপনাকে পাত্তা দেবে না। বসের সামনে বেশি সিংহনাদ করতে গেলে আজ চাকরি নামক খাঁচায় বন্দী হতে পারেন। আজ একটু শান্ত থাকুন, অহংকারটা পকেটে পুরে রাখুন। নিজেকে আজ বেশি সুপুরুষ বা রূপসী ভাববেন না। পার্টনার কিন্তু আপনার চেয়েও সুন্দরী/সুদর্শন কাউকে ইনস্টাগ্রামে স্ক্রল করছে। মায়ের সামনে দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করে যাবেন, নতুবা ঘর ঝাড়ু দেওয়ার কাজ আপনার ঘাড়ে চাপতে পারে।
আপনার অবসেসিভ ক্লিনিং ডিসঅর্ডার আজ চরম সীমায় পৌঁছাবে। ঘরের মেঝে থেকে শুরু করে মানুষের মন—সব আপনি আজ পরিষ্কার ও গোছগাছ দেখতে চাইবেন। কাউকে ফালতু বকবক করতে দেখলে তার মুখেও আজ আপনি ঝাড়ু দিতে চাইতে পারেন। অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের জন্য বন্ধুরা আজ আপনাকে এড়িয়ে চলতে পারে। পার্টনারের চুলে ধুলোবালি বা জামায় ভাঁজ দেখলে আজ চুপ থাকুন। প্রেমিকা কিন্তু আপনার জীবন থেকে ভাঁজ তুলে দিতে পারে। আজ অন্তত একবার ফোনের সমস্ত চ্যাট হিস্ট্রি ডিলিট করে দিন। কিছু অপ্রয়োজনীয় জঞ্জাল সাফ হওয়া জরুরি।
আজ আপনি সারা দিন শুধু ওজন মেপে চলবেন। কোন দিকে লাভ আর কোন দিকে লোকসান—এই হিসাব করতে করতে দিন পার হয়ে যাবে। চায়ের দোকানে আড্ডার বিল কে দিল আর কে ফাঁকি দিল, তার সূক্ষ্ম হিসাব রাখতে গিয়ে বন্ধুদের কাছে ‘কিপটা’ উপাধি পেতে পারেন। প্রেম এবং ক্যারিয়ারের মধ্যে ব্যালেন্স করতে গিয়ে আজ আপনি না-ঘরকা না-ঘাটকা হতে পারেন। পার্টনারকে সময় দিন, নইলে সে অন্য কারও সঙ্গে ব্যালেন্স খুঁজে নেবে। আজ কোনো বিচারকের ভূমিকায় যাবেন না। দুই বন্ধুর ঝগড়া মেটাতে গেলে মার দুটো আপনার পিঠেই পড়বে।
আজ আপনার ভেতরে লুকিয়ে থাকা গোয়েন্দাটি জেগে উঠবে। কে আপনাকে নিয়ে কী ট্রল করছে, কে গ্রুপ চ্যাটে আপনাকে বাদ দিয়ে আলাদা গ্রুপ খুলেছে—সব তথ্য আজ আপনি জোগাড় করে ফেলবেন। প্রতিশোধের আগুন আজ আপনার মনে দাউদাউ করে জ্বলবে, তবে আজ ফণা তুলতে গেলে নিজেই কামড় খেয়ে বসে থাকতে পারেন। সঙ্গীর ফোনে কার ফোন এলো, কার লাইক পড়ল—এসব নিয়ে গোয়েন্দাগিরি করতে গিয়ে আজ ঝাড়ু-পেটা খাওয়ার তীব্র সম্ভাবনা। আজ শান্ত হয়ে একটু বেশি করে ঘুমান। ঘুমিয়ে থাকলে অন্তত কারও ক্ষতি করার চিন্তা মাথায় আসবে না।
আজ আপনার মন চাইবে ব্যাগ গুছিয়ে সুইজারল্যান্ড বা বান্দরবান চলে যেতে। কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে মনে করিয়ে দেবে যে আপনার সর্বোচ্চ দৌড় আজ ঘরের বিছানা থেকে রান্নাঘর বা পাশের মোড়ের চায়ের দোকান পর্যন্ত। বেশি অ্যাডভেঞ্চার প্রিয়তা আজ পকেটে বড়সড় ফুটো করতে পারে। পার্টনারকে আজ ঘুরতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেবেন না। রাস্তায় জ্যামে আটকে থেকে আপনার রোমান্স আজ ঘামে রূপান্তরিত হতে পারে। গুগল ম্যাপ খুলে দূর-দূরান্তের জায়গাগুলো জুম করে দেখে মনকে সান্ত্বনা দিন। এতে টাকা বাঁচবে, ক্লান্তিও হবে না।
আজ আপনি অফিসের সমস্ত কাজ একাই কাঁধে তুলে নেবেন। আপনার সততা আর পরিশ্রম দেখে মনে হবে কোম্পানি আপনাকে স্বাধীনতা পদক দেবে। কিন্তু দিন শেষে ক্রেডিট নিয়ে যাবে সেই সহকর্মী যে শুধু বসের সামনে গিয়ে চায়ের কাপটা এগিয়ে দিয়েছিল। অতিরিক্ত খাটবেন না, শরীরটাই খারাপ হবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনি বেশ বাস্তববাদী থাকবেন। পার্টনারকে শাড়ি বা পাঞ্জাবির বদলে আজ প্র্যাকটিক্যাল উপহার যেমন—ডিম বা আলু উপহার দেওয়ার কথা ভাবতে পারেন (দয়া করে এমন পাগলামি করবেন না)। আজ বিকেল ৫টা বাজলেই ল্যাপটপ বন্ধ করে দিন। বেশি খাটলে বস ভাববে আপনার কোনো কাজ নেই।
আজ আপনার মাথায় এমন সব আইডিয়া আসবে যা দিয়ে পৃথিবীর সব সমস্যার সমাধান সম্ভব। যেমন—কীভাবে গোসল না করে গায়ে সুগন্ধী ছড়ানো যায়, কিংবা কীভাবে মোবাইল টিপে টিপে পড়াশোনা করা যায়। তবে দুঃখের বিষয়, আপনার এই যুগান্তকারী আইডিয়াগুলো শোনার মতো কোনো মানুষ আজ আপনি পাবেন না। সঙ্গীকে বৈজ্ঞানিক থিওরি বা দর্শনের কথা শুনিয়ে ইমপ্রেস করার চেষ্টা করবেন না। সে আজ কেবলই চিজ কেক বা বিরিয়ানি খেতে চায়। আজ একটু চুপ থাকুন। নীরবতা আজ আপনার পরম বন্ধু।
আজ আপনি কল্পনার জগতে ভাসবেন। স্বপ্নে আপনি আজ লটারি জিতবেন, বড় একটা বাংলো কিনবেন আর বসের মুখে ইস্তফাপত্র ছুড়ে মারবেন। কিন্তু হঠাৎ করেই মায়ের চিৎকার বা অ্যালার্মের আওয়াজে যখন বাস্তবতায় ফিরবেন, তখন দেখবেন সামনে পড়ে আছে ধোয়া হয়নি এমন চায়ের কাপ আর বসের পাঠানো ইমেইল। মনের মানুষকে নিয়ে ডানা মেলে মেঘের দেশে উড়ে যাওয়ার স্বপ্ন আজ দেখতেই পারেন। তবে বাস্তবে আজ ডেটে গেলে বিলটা আপনাকেই মেটাতে হবে, এটা মাথায় রাখুন। আজ মুখে ঠান্ডা পানির ঝাপটা দিয়ে দিনটা শুরু করুন, নাহলে সারা দিন শুধু ঝিমুনি আসবে।

পায়েস আমাদের কাছে যতটা পরিচিত, পেরুর কিনোয়া কন লেচে তেমনি অপরিচিত। কিন্তু দুটি প্রায় একই রকম মিষ্টি স্বাদের খাবার। পুষ্টিগুণে সমৃদ্ধ কিনোয়া, দুধ ও সুগন্ধি মসলার মিশ্রণে তৈরি এই ডেজার্ট একই সঙ্গে হালকা, ক্রিমি ও সুস্বাদু। দক্ষিণ আমেরিকার আন্দিজ অঞ্চলে বহু শতাব্দী ধরে চাষ হয়ে আসা কিনোয়া ইনকা...
১ ঘণ্টা আগে
ছবি বা সিনেমার সেটে আমরা প্রায়ই অদ্ভুত সব ঘরবাড়ি দেখে থাকি। মানুষের হাতের ছোঁয়া আর প্রকৃতির কারুকাজ। এই দুয়ে মিলেমিশে একাকার হয়ে যাওয়া দৃশ্যগুলো মানুষকে বেশি আকৃষ্ট করে। পর্তুগালে এমন কিছু গ্রাম আছে, দেখে মনে হবে স্থাপত্যশিল্প ও প্রকৃতির মাঝে যেন এক অদৃশ্য বোঝাপড়া রয়েছে। পাহাড়ের খাদে ঝুলে থাকা...
৩ ঘণ্টা আগে
চুরি বিষয়টি সাধারণত গরিব মানুষের ব্যাপার মনে করা হয়। কিন্তু যে মানুষ হোটেলে এক রাত থাকতে ৫ হাজার থেকে ৫ লাখ টাকা ব্যয় করতে পারে, তাকে তো আর যা-ই হোক, গরিব বলা চলে না। কিন্তু তারও কেন চুরি করার ইচ্ছা জাগে? তা-ও আবার হোটেলেরই জিনিস! বড় রহস্যময় বিষয়। এ ঘটনায় প্রশ্ন ওঠে, তাহলে কোন জিনিসটি হোটেল থেকে...
১৫ ঘণ্টা আগে
চুল দ্রুত শুকিয়ে নিতে হেয়ার ড্রায়ার বেশ কার্যকরী একটি জিনিস। বিশেষ করে ব্যস্ত সময়ে এটি অনেকটা সময় বাঁচায়। তবে চুল শুকানোর তাড়াহুড়ায় ড্রায়ার একেবারে মাথার কাছে ধরে ব্যবহার করা ঠিক নয়। এর অতিরিক্ত তাপ চুলের আর্দ্রতা কমিয়ে দিতে পারে, ফলে চুল হয়ে উঠতে পারে শুষ্ক, রুক্ষ ও ভঙ্গুর। তাই ড্রায়ার ব্যবহারের
১৯ ঘণ্টা আগে