Ajker Patrika

সন্ধ্যার রুটিনে বদল আনুন, কাজ শেষে মন থেকে কাজের চাপ নেমে যাবে

ফিচার ডেস্ক  
সন্ধ্যার রুটিনে বদল আনুন, কাজ শেষে মন থেকে কাজের চাপ নেমে যাবে
সঠিক বিশ্রাম নিতে চাইলে কিছু বাড়ি ফিরে মোবাইল ফোন দূরে রেখে হালকা কোনো কাজে মন দেওয়া যেতে পারে। ছবি: পেক্সেলস

ল্যাপটপ বন্ধ করেছেন, রাতের খাবার শেষ। হিসাব অনুযায়ী সেই দিনের কাজ শেষ। কিন্তু কাঁধে এখনো কাজের চাপ, হাত বারবার চলে যাচ্ছে মোবাইল ফোনের দিকে আর মাথার ভেতর ঘুরছে অফিসের অসমাপ্ত কথোপকথন বা আগামীকালের কাজের তালিকা। ফলে অফিস শেষ হয়েও মনটা অফিসেই পড়ে আছে। এই দ্বিধাময় অবস্থা থেকে নিজেকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনার প্রক্রিয়াকে বলা হয় উইন্ড ডাউন। এর অর্থ দিনের ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে এনে শরীর ও মন বিশ্রামের জন্য তৈরি করা এবং মানসিক চাপ কমিয়ে নিজের জন্য কিছু সময় বের করা।

কাজের পরেও মন শান্ত হয় না কেন

অফিস বা পড়াশোনার ব্যস্ততা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক যে বিশ্রামের মুডে চলে যাবে, এমনটা সব সময় হয় না। বিশেষ করে সারা দিন স্ক্রিনের সামনে কাজ, একের পর এক নতুন নোটিফিকেশন, অনলাইন মিটিং এবং অসমাপ্ত কাজের চাপ মস্তিষ্ককে দীর্ঘ সময় সক্রিয় রাখে। বাড়ি থেকে কাজ করার ক্ষেত্রে সমস্যাটি আরও বেশি হয়। কারণ, অফিসে যাওয়ার পথে যাতায়াতের যে সময়টুকু কাজ ও ব্যক্তিজীবনের মধ্যে একটি হালকা বিরতি তৈরি করতে পারে, বাসা থেকে কাজ করলে সেটি থাকে না। ফলে ল্যাপটপ বন্ধ করার পরও মনের মধ্যে কাজ চলতে থাকে। কাজ শেষে ফোনে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ সময় স্ক্রল করাকে অনেকে বিশ্রাম মনে করেন। কিন্তু খুব বেশি স্ক্রলিং ও নতুন তথ্য মস্তিষ্ককে আরও সক্রিয় করে ফেলে। ফলে কাজ শেষ করার পরেও মন শান্ত হয় না।

বাড়ি ফিরেই ঘরের কাজ, ই-মেইল কিংবা আগামী দিনের তালিকায় ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন নেই। ছবি: পেক্সেলস
বাড়ি ফিরেই ঘরের কাজ, ই-মেইল কিংবা আগামী দিনের তালিকায় ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন নেই। ছবি: পেক্সেলস

কাজ শেষে তৈরি করুন ছোট রুটিন

কাজ শেষ হওয়ার পর প্রতিদিন একই ধরনের ছোট অভ্যাস তৈরি করতে পারেন। যেমন পোশাক পরিবর্তন করা, ১০ মিনিট হাঁটা, গোসল করা কিংবা ল্যাপটপ নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া। কাজটি কী, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো সেটি নিয়মিত করা। বিশেষ করে বাড়ি থেকে কাজ করলে এই ছোট রুটিনটি কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে একটি মানসিক সীমারেখা তৈরি করে।

প্রথম ২০ মিনিট নিজের জন্য রাখুন

কাজ শেষ করেই ঘরের কাজ, ই-মেইল কিংবা আগামী দিনের তালিকায় ঝাঁপিয়ে পড়ার প্রয়োজন নেই। বরং প্রথম ১৫ থেকে ২০ মিনিট একটু শান্তভাবে কাটানোর চেষ্টা করুন। এক কাপ চা পান করা, বারান্দায় বসা, হালকা গান শোনা হতে পারে এই সময়ের অংশ। খুব বেশি ক্লান্ত থাকলে দিনের শুরুতেই বা সন্ধ্যার আগে অল্প সময় ঘুমিয়ে নেওয়া যেতে পারে।

ভারী ব্যায়াম না করে ১০ থেকে ১৫ মিনিট হাঁটা বা সহজ কিছু যোগব্যায়াম করুন। ছবি: পেক্সেলস
ভারী ব্যায়াম না করে ১০ থেকে ১৫ মিনিট হাঁটা বা সহজ কিছু যোগব্যায়াম করুন। ছবি: পেক্সেলস

শরীর একটু নড়াচড়া করান

সারা দিন বসে কাজ করার পর শরীরেও জমে থাকে একধরনের অস্বস্তি। তাই কাজ শেষে ভারী ব্যায়াম না করে ১০ থেকে ১৫ মিনিট হাঁটা বা সহজ কিছু যোগব্যায়াম করুন। এতে শরীরের জড়তা কিছুটা কাটবে এবং কাজের পরিবেশ থেকে বেরিয়ে আসার অনুভূতিও তৈরি হবে।

বিশ্রামের নামে যে অভ্যাসগুলো এড়িয়ে চলবেন

কাজের চাপ কমাতে গিয়ে অনেকেই মোবাইল ফোন হাতে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করেন। কেউ আবার কাজের মেসেজ বা ই-মেইল ‘একবার দেখে নেওয়ার’ নামে আবারও কাজে ফিরে যান। দীর্ঘ সময় টিভি বা ভিডিও দেখার অভ্যাসও অনেক সময় বিশ্রামের বদলে আরও বেশি মানসিক চাপ তৈরি করে। কাজ শেষে নিজেকে সঠিক বিশ্রাম দিতে চাইলে কিছু সময়ের জন্য মোবাইল ফোন দূরে রাখা, কাজের নোটিফিকেশন বন্ধ করা এবং হালকা কোনো কাজে মন দেওয়া যেতে পারে।

সূত্র: মেক হেড ওয়ে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত