
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান। ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতী এলাকার বাসা থেকে আইফোন নিয়ে ছবি তুলতে বের হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অদূরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন তাঁর বাবা।
পুলিশ সূত্রে জানা গেছে, অপ্রতিম হত্যাকাণ্ডের পর গত বুধবার রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে তিন দফায় মোট ১ হাজার ২৯৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৮৭৪ জনকে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৪১৯ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া অপ্রতিম হত্যা মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়া আসামিরা হলেন সাইফুল ইসলাম তুহিন (১৯) এবং ১৬ ও ১৫ বছর বয়সী দুই কিশোর। অপর আসামি সিয়াম (১৮) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।
আসামিদের জবানবন্দি অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অপ্রতিমের সঙ্গে তুহিনের দেখা হয়। পরে টিকটকে যোগাযোগের মাধ্যমে পরদিন জুমার নামাজের পর দেখা করার সিদ্ধান্ত হয়। পরদিন বেলা ২টার পর কোটবাড়ির বোর্ড মার্কেট এলাকায় অপ্রতিমের সঙ্গে ১৬ বছর বয়সী কিশোরের দেখা হয়। পরে সে ১৫ বছর বয়সী বন্ধুকে নিয়ে অপ্রতিমকে লালমাই পাহাড়ের দিকে নিয়ে যায়।
ওই কিশোরের বর্ণনা অনুযায়ী, অপ্রতিমের কাছ থেকে আইফোন নেওয়ার পর সেটি তুহিনের হাতে দেওয়া হয়। ফোন নেওয়া নিয়ে অপ্রতিম ও তুহিনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তুহিন তাকে থাপ্পড় মারেন এবং পরে কোদালের হাতল দিয়ে আঘাত করা হয়। এরপর অন্য দুজনকেও মারতে বলা হয়। ফোনটি বিক্রি করে পাওয়া অর্থ দুই কিশোরকে ভাগ দেওয়ার পরিকল্পনা ছিল বলেও জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
১৬ বছর বয়সী কিশোরের জবানবন্দিতে বলা হয়, আইফোন নেওয়ার জন্য অপ্রতিমকে হত্যার পরিকল্পনা করেছিলেন তুহিন। ১৫ বছর বয়সী কিশোরও জানায়, ঘটনার দিন বিকেলে তাকে জানানো হয়, তুহিনের সঙ্গে মিলে আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা করা হবে।
এদিকে আসামিরা যে স্বীকারোক্তি দিয়েছে, এর সঙ্গে পরিবার খানিকটা ভিন্নমত পোষণ করছে। অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘একটি আইফোনের জন্য একজন মানুষকে হত্যা করা হবে, বিষয়টি আমার কাছে বোধগম্য নয়। একটি আইফোন নিয়ে চাইলেই তো সহজে অন্য কোথাও বিক্রি করা সম্ভব নয়। কান্ট্রি লকসহ বিভিন্ন ধরনের হাই সিকিউরিটি থাকার কারণে চুরি বা ছিনতাই করা আইফোন চাইলেই কেউ সহজে বিক্রি করতে পারে না। বিষয়টি কমবেশি সবাই জানেন।’ তিনি বলেন, তাই শুধু একটি আইফোনের জন্য সাত দিন আগে পরিকল্পনা করে অপ্রতিমকে হত্যা করা হয়েছে, বিষয়টি এমন না-ও হতে পারে। এর পেছনে কোনো কিশোর গ্যাংয়ের লিডার বা বড় ভাই জড়িত আছে কি না, তা-ও তদন্ত করে দেখা প্রয়োজন। অপ্রতিম হত্যাকাণ্ডের পেছনে শুধু আইফোন ইস্যুই জড়িত নয়; এর সঙ্গে অন্য কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খুঁজে বের করতে হবে।
এদিকে অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে মামলাটির তদন্ত করছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। এর আগে মামলাটির তদন্ত করছিলেন একই থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তদন্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ বলেন, আসামিদের জবানবন্দির পাশাপাশি অন্য কোনো কারণ আছে কি না, সেটিও তদন্ত হচ্ছে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
১৫ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
২৬ মিনিট আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩১ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
২ ঘণ্টা আগে