Ajker Patrika

ঘরে স্প্যানিশ রোমান্টিক আবহ আনতে চান? জেনে নিন কোন বিষয়গুলোয় লক্ষ রাখতে হবে

ফিচার ডেস্ক 
ঘরে স্প্যানিশ রোমান্টিক আবহ আনতে চান? জেনে নিন কোন বিষয়গুলোয় লক্ষ রাখতে হবে

স্প্যানিশশৈলীর চেয়ে রোমান্টিক ইন্টেরিয়র ডিজাইন খুব কমই রয়েছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের অংশ হিসেবে, স্প্যানিশ ইন্টেরিয়রগুলো উষ্ণ, আন্তরিক এবং অত্যন্ত স্টাইলিশ হয়ে থাকে। ঐতিহ্যবাহী স্টাকো দেয়াল, আলংকারিক টাইলসের কাজ এবং গম্বুজাকৃতির ছাদ সহজেই বলে দেয় স্প্যানিশ আভিজাত্য়ের কথা। যদি নিজের বাড়ি তৈরির কথা ভাবেন তাহলে স্প্যানিশ অন্দর থেকে কিছু অনুপ্রেরণা তো নিয়ে রাখতেই পারেন।

স্প্যানিশশৈলীর লিভিং স্পেসগুলো কেবল ঐতিহ্যবাহী এবং পরিশীলিতই নয়, বরং এগুলো উষ্ণতা এবং আরামের অনুভূতিও ধারণ করে। সাদা স্টাকো দেয়াল, টাইলসের বর্ডার দেওয়া ফায়ারপ্লেস এবং উন্মুক্ত প্রাকৃতিক কাঠের বিম ছাড়াও স্প্যানিশ ইন্টেরিয়র ডিজাইনে যা থাকে–

রং নিয়ে নিরীক্ষা

যদিও অনেক স্প্যানিশ অনুপ্রাণিত লিভিং স্পেসে সাদা এবং প্রাকৃতিক কাঠের রঙের আভা ব্যবহার করা হয়। তবে তাই বলে উজ্জ্বল রং ব্যবহারে কোনো বাধা নেই। দেয়ালে শোভা পেতে পারে বিশাল আকারের ফ্রিদা কাহলোর চিত্রকর্ম এবং মেঝেতে উজ্জ্বল নকশার কার্পেট। বসার ঘরটি তখন হয়ে উঠতে পারে মন ভালো করার প্রাণকেন্দ্র।

প্রাচীন ও কারুকার্যময় প্রতিটি কোণ

স্প্যানিশ অন্দর নকশায় প্রায়ই ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং পুরো স্থানজুড়ে পুরোনো দিনের উপাদান বজায় রাখা হয়। ঘরে বিশাল আকারের লোহার ঝাড়বাতি বসিয়েই ঘরকে পুরোপুরি পুরোনো দিনের আমেজ দিয়ে দেওয়া যায়। ঘরের বাকি অংশে স্প্যানিশ প্রভাবযুক্ত অন্যান্য জিনিসপত্র, যেমন মৃৎশিল্প এবং প্রাকৃতিক কাঠ দিয়ে তৈরি ঘর সাজানোর উপকরণ ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যেতে পারে।

বড় আকারের কাঠের বিম

ঘরের বড়, উন্মুক্ত কাঠের বিমগুলো ঘরটিকে একটি জীর্ণ ও পুরোনো আবহ দিতে পারে। আর এটাই ঘরকে স্প্যানিশ আভিজাত্য় এনে দেয়। ঘরের এই বিমগুলোই ভূমধ্যসাগরীয় আবহকে উপভোগ করার এক দারুণ উপায় হয়ে উঠতে পারে। এমনকি আপনি পৃথিবীর সেই প্রান্তে বাস না করলেও এই আমেজ আপনাকে পরিপূর্ণ অনুভব করাবে।

মনোক্রোম

আপনি যদি সম্পূর্ণ সাদা মনোক্রোম লুকের অনুরাগী হন, তবে স্প্যানিশ অন্দরসজ্জা আপনার ভালো লাগবে। উজ্জ্বল সাদা বসার ঘরটি প্রাণহীন না হয়েও সতেজ ও ঝকঝকে, ভাবুন তো একবার। ঘরটিকে অতিরিক্ত সাদামাটা না করে গভীরতা দেওয়ার জন্য পুরো স্থান জুড়ে সাদার বিভিন্ন শেডের ব্যবহার করেও দেখা যেতে পারে।

সুসজ্জিত বইয়ের তাক

স্প্যানিশ নকশার মূল উদ্দেশ্যই হলো বাড়িতে পারিবারিক উত্তরাধিকারের জিনিসপত্র প্রদর্শন করা এবং ইতিহাসকে আপন করে নেওয়া। নিজের বাড়ি সাজানোর ক্ষেত্রে, পারিবারিক অর্থবহ জিনিসপত্রের ওপর মনোযোগ দিন এবং সেগুলোকে আপনার সজ্জার সঙ্গে মিলিয়ে নিন। সে ক্ষেত্রে বইয়ে তাকে সাজানো পুরোনো বই অন্য রকম আবেগ ছড়াতে পারে।

তালাভেরা টাইলস

ঘরের মেঝেতে ব্যবহৃত তালাভেরা টাইলসের মতো টাইলসগুলো বাড়িতে স্প্যানিশ আমেজ আনার জন্য একেবারে উপযুক্ত। বাথরুম থেকে শুরু করে রান্নাঘর, এমনকি বসার ঘরে নামার সিঁড়ি পর্যন্ত এই রঙিন, নকশাদার টাইলসগুলো যেকোনো বাড়িতে রঙের ছোঁয়া এবং নিজস্বতা নিয়ে আসে।

স্প্যানিশ অনুষঙ্গ

ঘরে উজ্জ্বল রঙের হাতে বোনা গালিচা এবং সাজানো গিটারের মতো বিভিন্ন স্প্যানিশ-প্রভাবিত অনুষঙ্গ ব্যবহার করা যেতে পারে। আপনার বাড়িতে খিলানযুক্ত দরজা বা উন্মুক্ত বিম না থাকলেও, কয়েকটি স্প্যানিশ-প্রভাবিত জিনিস আপনার নিজের বাড়িতেই সেই ভ্রমণপিপাসু ও বৈচিত্র্যময় আবহ তৈরি করতে সাহায্য করতে পারে।

আপনি গ্রামীণ স্প্যানিশ সাজের প্রতি আকৃষ্ট হন বা স্প্যানিশ ও ম্যাক্সিকান ঐতিহ্যের নিখুঁত মিশ্রণের মতো উজ্জ্বল রঙিন রঙের প্রতি মুগ্ধ হন না কেন, এই সাজকে গ্রহণ করে নিজের বাড়িতে অন্তর্ভুক্ত করার অনেক উপায় রয়েছে। আপনার বাড়িতে স্প্যানিশ স্থাপত্যের সেই বিখ্যাত নিদর্শনগুলো না থাকলেও, পুরোনো দিনের মাটির পাত্র বা উজ্জ্বল রঙের বোনা গালিচার মতো কিছু আনুষঙ্গিক জিনিস ব্যয়বহুল সংস্কার ছাড়াই আপনাকে একটি স্প্যানিশ আবহ দিতে পারে।

সূত্র: দ্য স্প্রাউস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত