Ajker Patrika

‘আয়না ভরা দিন, রূপসায়রের জল’

বিভাবরী রায়
‘আয়না ভরা দিন, রূপসায়রের জল’
বসার ঘরে আয়না বসালে জানলার ঠিক উল্টোদিকের দেয়ালটা বেছে নিতে হবে। ছবি: পেক্সেলস

সকালে তাড়াহুড়ো করে অফিসের জন্য তৈরি হচ্ছেন, সেখানেও ড্রেসিং টেবিলের আয়নাটি আপনার ছায়াসঙ্গী। বৃষ্টিতে ভিজে কাজল লেপ্টে গেল কি না দেখার জন্যও ব্যাগ থেকে ছোট্ট গোল আয়নাটিই বের করতে হচ্ছে। ছোট ঘর, আলো নেই? দেয়ালে বড় আয়না জুড়ে দিতেই যেন ঘরটা বড় আর আলোঝলমলে দেখতে লাগে। আয়না এভাবেই আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে। অন্দরের সাজে যদি যথাযথভাবে স্থান দেওয়া যায় আয়নাকে, তাহলে ঘরের লুকটাই বদলে যায়।


শোবার ঘর

বেশির ভাগই শোবার ঘরেই ড্রেসিং টেবিল রাখেন। তবে অনেকেই আজকাল ড্রেসিং টেবিল রাখতে পছন্দ করেন না। সে ক্ষেত্রে ওয়ারড্রোবের বা আলমারির এক পাশে আয়না লাগিয়ে নেওয়া যায়। তা ছাড়া এখন দেয়ালে বড় সাইজের আয়না লাগানোরও চল রয়েছে। এমন হলে সাজের সব উপকরণ আয়নার পাশে কাঠের ছোট টেবিল বানিয়ে সেখানে রাখা যেতে পারে। এখন নকশিকাঁথা, শীতলপাটি, বেত বা কাঠের ওপর হ্যান্ডপেইন্ট করা আয়নাও কিনতে পাওয়া যায়। সেগুলো রাখলেও দেখতে ভালো লাগবে।

বসার ঘর

বসার ঘরকে আরও নান্দনিক করে তুলতে আজকাল অনেকেই দেয়ালে নানা ধরনের আয়না লাগান। টেরাকোটার ফ্রেম করা আয়নায় সাজিয়ে নিতে পারেন নিজের আরাধ্য বসার ঘরটি। তবে বসার ঘরে আয়না বসালে জানলার ঠিক উল্টোদিকের দেয়ালটা বেছে নিতে হবে। এতে অন্দর বড়ও দেখায়। ঘরও হয়ে ওঠে আলোঝলমলে। আয়নার ফ্রেম যেন এ ঘরের আসবাবের সঙ্গে মিলিয়ে কেনা হয়, সেদিকে নজর দিলেই ঘরটা সেজে উঠবে নতুন রূপে। চারকোনা, লম্বা, গোল, এমন নানা আকৃতির ছোট-বড় আয়না পাওয়া যায়। অন্দরের ধরন অনুযায়ী বেছে নিতে হবে এসব আয়না।

এখন অনেকেই বাড়ির প্রবেশপথের দেয়ালে আয়না রাখেন। ছবি: পেক্সেলস
এখন অনেকেই বাড়ির প্রবেশপথের দেয়ালে আয়না রাখেন। ছবি: পেক্সেলস

বাড়ির প্রবেশপথের দেয়ালে

এখন অনেকেই বাড়ির প্রবেশপথের দেয়ালে আয়না রাখেন। বাইরে বেরোনোর আগে নিজেকে কেমন দেখায়, তা-ও এক ঝলক দেখে নেওয়া যেতে পারে এই আয়নায়। কলিং বেলের কাছাকাছি রাখতে পারেন সুন্দর ছোট্ট একটি আয়না। আয়নার চারপাশে কাপড় বা কাঠের কারুকাজ করিয়ে নিলে বেশ ভালো দেখাবে। আর সহযোগী হিসেবে তো ইনডোর লতানো প্ল্যান্ট রয়েছেই।

অন্যান্য

আয়নাকে আরও নানাভাবে ব্যবহার করা যেতে পারে। এখন অনেকে দেয়ালে পেইন্টিংয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের আয়না রাখেন। জানালার আকৃতির ফ্রেম বসানো আয়নায় ঘরের সৌন্দর্যই পাল্টে যায়। আবার অনেক সময় বসার ঘর ও ডাইনিংয়ের মাঝবরাবর পার্টিশন হিসেবে আয়নার ব্যবহার দেখা যায়। ছোট ছোট খোপসহ বড় আয়নার পার্টিশন এখনকার ট্রেন্ডে আছে বলা যায়।

অন্দরসজ্জায় ব্যবহৃত আয়নার যত্ন

অন্দরসাজে আয়নার ব্যবহার করলে যত্নও নিতে হবে সেভাবেই। কারণ আয়নায় ধুলো পড়লে দেখতে খুব খারাপ লাগে। নিয়মিত পরিষ্কার না করলে আয়নায় দাগ পড়ে যেতে পারে। তাই নিয়মিত নরম সুতির কাপড়ে ডিটারজেন্টের পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আয়না। আয়নার পাশাপাশি ফ্রেমকেও আলাদা গুরুত্ব দিতে হবে। কাঠের হোক বা ধাতুর ফ্রেমে ঘন কাজ থাকলে নিয়মিত ব্রাশ দিয়ে ধুলোময়লা পরিষ্কার করতে হবে। এতে করে ফ্রেমের সৌন্দর্যও বজায় থাকবে।

সূত্র: হাউজ অ্যান্ড গার্ডেন ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত