আসন্ন ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে পর্যটকদের পছন্দের তালিকায় সব সময় শীর্ষ স্থানে থাকে পাহাড়ি কন্যা রাঙামাটি। কাপ্তাই হ্রদের শান্ত জলরাশি আর পাহাড়ের বাঁকে বাঁকে গড়ে ওঠা নান্দনিক সব রিসোর্টে চলছে পর্যটক বরণের প্রস্তুতি। যদিও এখন রাঙামাটির প্রকৃতি কিছুটা রুক্ষ। তারপরও এই ধূসর-সবুজ রূপই অনেক ভ্রমণপিয়াসির কাছে এক ভিন্ন এবং শান্তিময় আবেদন নিয়ে ধরা দিচ্ছে।
এখন রাঙামাটি শহরে শুধু হোটেলই নয়, থাকার জন্য তৈরি হয়েছে অনেক রিসোর্ট। সেগুলোতে রয়েছে ছুটি কাটানোর চমৎকার সব আয়োজন। এই ঈদে রিসোর্টেই কাটিয়ে দিতে পারেন ছুটির দিনগুলো। রিসোর্ট ভ্রমণে রাঙামাটি দেবে একেবারে ভিন্ন অভিজ্ঞতা।
পর্যটন মোটেল
পর্যটকদের জন্য এটি রাঙামাটি শহরে বেশ পুরোনো থাকার জায়গা। ঝুলন্ত সেতুর পাশে রয়েছে পর্যটন মোটেল। যেখানে একদম নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে রাত কাটানোর সুব্যবস্থা রয়েছে।
আসামবস্তি-কাপ্তাই সড়ক
রিসোর্ট পর্যটনের নতুন হাব রাঙামাটি-আসামবস্তি কাপ্তাই সড়কটি এখন দেশের অন্যতম সুন্দর ড্রাইভওয়ে হিসেবে পরিচিত। সড়ক ও নৌ—উভয় পথেই এখানে যাওয়া যায়। এই সড়কের পাশে একে একে গড়ে উঠেছে অনেকগুলো রিসোর্ট।
জুমকিং ও গাড়পাড়: হ্রদ ও নদীর মোহনায় অবস্থিত এই ইকো রিসোর্ট দুটি পর্যটকদের অন্যতম আকর্ষণ।
রাঙামাটির প্রধান দর্শনীয় স্থান
রাঙামাটিতে জনপ্রিয় দর্শনীয় জায়গা আছে অসংখ্য। সেগুলোর মধ্যে রয়েছে সাজেক ভ্যালি, কাপ্তাই লেক, ঝুলন্ত ব্রিজ, শুভলং ঝরনা, রাজবন বিহার, চাকমা রাজার রাজবাড়ি, পলওয়েল পার্ক ও ডিসি বাংলো। পাহাড়ি এই জেলা আসলে পুরোটিই দেখার মতো। গাইড নিয়ে এসব দর্শনীয় জায়গার বাইরেও আপনি ঘুরে আসতে পারেন একেবারে নিজের মতো করে।
যাতায়াত
রাঙামাটি যেতে হলে চট্টগ্রাম হয়ে যেতে হবে। তাই দেশের যেকোনো প্রান্ত থেকে আগে চট্টগ্রাম শহরে আসতে হবে। এ শহরের অক্সিজেন মোড়ে রাঙামাটি পাহাড়িকা বাস পাওয়া যায়। ভাড়া ১৪০ টাকা প্রতিজন।
এ ছাড়া অক্সিজেন থেকে রাঙামাটি পর্যন্ত অটোরিকশা ভাড়া ৯০০ টাকা।
এ ছাড়া সড়কপথে ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল, কলাবাগান থেকে সরাসরি বাস পাওয়া যায় রাঙামাটির। এসি ও নন-এসি হিসেবে বাসগুলোর ভাড়া ভিন্ন ভিন্ন। তবে নন-এসি ৮০০ থেকে ৯০০ টাকা এবং এসি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় একেকটি টিকিট পাওয়া যাবে।
আকাশপথে ঢাকা থেকে প্রথমে যেতে হবে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে। এরপর ট্যাক্সি বা বাসে করে দু-তিন ঘণ্টায় রাঙামাটি পৌঁছানো সম্ভব। বিমানভাড়া ঢাকা থেকে চট্টগ্রামে ৩ হাজার ৫০০ থেকে ৭ হাজার টাকা। বিমানবন্দর থেকে রাঙামাটি পর্যন্ত মাইক্রোবাস নিলে ভাড়া পড়বে ৪ থেকে ৫ হাজার টাকা।
বুকিং ও প্রস্তুতি: ঈদের ছুটিতে ভিড় বেশি থাকায় ১৫ থেকে ২০ দিন আগে বুকিং দেওয়া জরুরি। সরকারি মোটেল কিংবা বেসরকারি রিসোর্টগুলোর ফেসবুক পেজ বা হটলাইনের মাধ্যমে অগ্রিম বুকিং করা যায়।

আজ আপনার গ্রহের দশা বলছে আপনার পড়াশোনার জন্য বিদেশযাত্রার যোগ আছে। তবে পাসপোর্ট-ভিসা না থাকলেও চলবে। কারণ, আপনার গন্তব্য সম্ভবত পাড়ার লাইব্রেরি বা পাশের বাড়ির বন্ধুর স্টাডি রুম। অফিসের বস আজ আপনার ওপর বিশেষ সদয় হবেন না, তাই ফাইলগুলো লুকিয়ে রাখুন। বাড়ির কাজ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না...
১ ঘণ্টা আগে
মালয়েশিয়া ভ্রমণ শুধু কুয়ালালামপুরেই সীমাবদ্ধ করে রাখলে ভুল হবে। আর সেটি এ কারণে যে আকাশচুম্বী ভবন দেখতে মালয়েশিয়ায় আপনার না গেলেও চলে। যেতে হবে বরং প্রকৃতি দেখতে। আর সেটি দেখতে গেলে কুয়ালালামপুরের বাইরে যাওয়া জরুরি। যাঁরা ঈদে মালয়েশিয়া ভ্রমণে যেতে চান এবং বাজেট ট্রাভেল করতে চান...
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের পর্যটকদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। বেশ কয়েক মাস পর্যটন ভিসা বন্ধ থাকার পর আবারও সব ক্যাটাগরির ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। একই সঙ্গে ১৮ মাস পর পুনরায় চালু হয়েছে ঢাকা হয়ে কলকাতা-আগরতলা আন্তর্জাতিক বাস সার্ভিস। সব মিলিয়ে বলা যেতে পারে, দুই দেশের সাধারণ মানুষ...
৩ ঘণ্টা আগে
ঈদে অনেকে একটু আগেভাগে বাড়ি চলে যান। যেসব মা শিশুদের নিয়ে একা ভ্রমণ করবেন, তাঁরা একটু বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। সঠিক পরিকল্পনা আর কিছু ছোটখাটো কৌশলী পদক্ষেপ আপনার ভ্রমণকে করতে পারে অনেকটা ঝামেলামুক্ত।
৫ ঘণ্টা আগে