হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল।
এনে দে, এনে দে, নইলে বাঁধব না বাঁধব না চুল।…
কাজী নজরুল ইসলাম
কেন বাঁধবে! ফুল নইলে চুলের বাহার হয় নাকি? অভিমান তাই হতেই পারে। রক্তকরবী চুলে গুঁজে মাঠের বাঁশি শুনে ছুটে বেড়ানো হোক সে নন্দিনী কিংবা অন্য কেউ। চুলে ফুলের সাজ তাদের চাই-ই চাই। নন্দিনী কিংবা গ্রাম্য কিশোরী সবার চুল সাজাতে ফুলের জুড়ি মেলা ভার। কাঁঠালচাঁপা, দোলনচাঁপা, টগর, বেলি, কামিনী, কাঠগোলাপ, কাঠবেলির আবেদন ছাপিয়ে নানা রকম অর্কিড বা পথের পাশের নামহারা কোনো ফুল একগুচ্ছ চুলে জড়ালেই নন্দিনীদের মনের মতো সাজের ষোলোকলা পূর্ণ হয়ে ওঠে কানায় কানায়।
চুলে চুলে ফুলে ফুলে
সময় বদলেছে। বদলেছে নারীর সাজের ধরন আর সাজের অনুষঙ্গ। চুলের সাজেও যোগ হয়েছে ভিন্ন মাত্রা। পনিটেইল, ফ্রেঞ্চ বেণি, এলোমেলো খোঁপা, হাত খোঁপার চিরন্তন রূপ তো আছেই, সেই সঙ্গে চুলে বাহারি রং ও ঢঙের ফুল মেয়েদের সৌন্দর্যে যোগ করে স্নিগ্ধতা। ছোট-বড় সব বয়সী নারীই সময়, বয়স, কোথায় যাচ্ছি, কোন ধরনের অনুষ্ঠান, ব্যক্তিত্ব বিবেচনায় রেখে পছন্দের ফুল দিয়ে চুল সাজিয়ে মুহূর্তকে করে তুলতে পারেন রঙিন। বিয়ে, জন্মদিন, রাতের যেকোনো জমকালো অনুষ্ঠান কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে চুলে ফুল পরলে সাজে আসবে ভিন্নমাত্রা।
রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ‘চুলে ফুল সাজতে পারে নানা ভাবে। তবে চুলে পরার ফুল হিসেবে লাল গোলাপ আর বেলকুড়ির মালা বা গাজরা প্রাধান্য পেয়ে আসছে যুগ যুগ ধরে।’
কোথায় পাবেন
ঢাকা শহরের প্রায় প্রতিটি মোড়েই ফুলের দোকান বসে। সেগুলো থেকে কিনতে পারেন। অথবা ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যায় এখন পছন্দের ফুল। এ ছাড়া প্রতিটি জেলা শহরে খোঁজ করলে পাওয়া যাবে যেকোনো ফুল।
দরদাম
প্রতি পিস ফুলের দাম শুরু হয় ১৫ থেকে ২০ টাকা। পিস হিসেবে কিংবা তোড়া হিসেবেও পাওয়া যায় যেকোনো ধরনের ফুল।
সাজে বৈচিত্র্য আনতে লাল গোলাপের পাশাপাশি বেছে নেওয়া যেতে পারে ভিন্ন রঙের গোলাপও। চন্দ্রমল্লিকা, জারবারা বা জিনিয়া ফুল চুলের সাজকে দেবে নতুন মাত্রা। এই ফুলগুলোর বাহারি রং আর গোলাকার আকৃতি হওয়ায় সহজেই মন কাড়ে সবার। কানের পাশে গুঁজে দিতে বা খোঁপায় পরার জন্য এই ফুলগুলো বেশ মানিয়ে যায়। একেবারেই অন্য কিছু করতে চাইলে ব্যবহার করা যেতে পারে গন্ধরাজ, রঙ্গন, জিপসি, গ্লাডিওলাস, চাঁপা, বকুল, মধু মঞ্জরি, পলাশ, কৃষ্ণচূড়া, সোনালু, অপরাজিতার মালা বা কাঠগোলাপের মতো ফুল।
চাই তো বর্ষার কদম ফুলও চুলের সাজে যোগ করা যেতে পারে। পোশাকে ব্যবহৃত রঙের সঙ্গে মিলিয়ে চুলে পরে নিতে পারেন হরেক রঙের ফুল। সাদা, গোলাপি, কমলা, হলুদ ইত্যাদি রঙের ফুল আপনার চুলের সৌন্দর্য বাড়িয়ে তুলবে বহুগুণ।
চুল সাজাতে অর্কিডের মতো মিষ্টি ফুল আর হয় না। একসময় অর্কিড দুষ্প্রাপ্য থাকলেও এখন বাজারে সহজলভ্য। অর্কিডের নানা রঙের সম্ভার থেকে সহজেই বেছে নিতে পারেন আপনার প্রিয় রংটি। খোলা চুলে গুঁজে কিংবা এলোমেলো বেণির খাঁজে গুঁজে দেওয়া যায় অর্কিড।
শাড়ির পরে
অনেকেই মনে করেন, শাড়ি ছাড়া অন্য কোনো পোশাকে চুলে ফুল পরলে ভালো দেখাবে না। শুধু শাড়ি কেন, সালোয়ার-কামিজ বা পশ্চিমা ধাঁচের টপ, ফতুয়ার সঙ্গেও ফুল সমান মানানসই। তবে সে ক্ষেত্রে চুলে ফুল সাজানোর ধরনে আনতে হবে একটু ভিন্নতা, তবেই সাজ হবে নজরকাড়া।
যাঁরা ফুল দিয়ে চুল সাজাতে ভালোবাসেন, তাঁরা মুখের আকৃতির সঙ্গে মিলিয়ে ফুল দিয়ে চুল সাজাতে পারেন। যাঁদের লম্বা মুখ ও লম্বা চুল, তাঁরা কানের পাশের চুলে পছন্দের ছোট ছোট ফুল লাগিয়ে নিতে পারেন। তবে চুল বেশি লম্বা হলে খোঁপায় পরতে পারেন প্রিয় ফুল। ছোট চুল বা গোল মুখে খোলা চুলের একপাশে একটি ফুল পরা যায়। বেলি ফুলের মালা খোঁপায় মানায় বেশি। তবে বেণিতে জড়িয়ে নিলেও ভালো লাগবে। শাড়ির সঙ্গে খোঁপা, বেণি বা খোলা চুল—সবকিছুতেই ফুল পরতে পারেন। সালোয়ার-কামিজ বা ফতুয়ার সঙ্গে ফুল পরতে চাইলে বাঁধা চুলেই বেশি ভালো লাগে। এ ক্ষেত্রে কানের পাশে ফুল গুঁজে দিতে পারেন।
বাহারি ফুল সম্পর্কিত খবর পেতে - এখানে ক্লিক করুন
শুধু তাজা ফুলই নয়, চুলে পরার জন্য এখন পাওয়া যায় নানা রকমের কাপড়, প্লাস্টিক ও ফাইবারের তৈরি ফুল। এগুলো দেখতেও অনেকটা তাজা ফুল বলে ভ্রম হয়। তাজা ফুল না পেলে কোনো অনুষ্ঠানের জন্য এগুলো দিয়েই সেজে নিতে পারেন চটজলদি।
জীবনধারা সম্পর্কিত আরও পড়ুন:

দিনের শুরুটা কী করে করবেন, সেটা ঠিক করতে হলেও যেন আজকাল ট্রেন্ডের দিকে নজর রাখতে হয়। আর কখন কী ট্রেন্ড চলছে, তা টের পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায় ঢুকলে। অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই সকালের রুটিনে খালি পেটে কুসুম গরম পানিতে এক চা-চামচ ঘি মিশিয়ে পান করছেন।
৩ ঘণ্টা আগে
গত ৩১ জুলাই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মার্ভেল ভক্তদের বহুল প্রতিক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর সেই জাদুকরি স্মৃতিলোপের পর এবার পিটার পার্কারের জীবনে এসেছে বড় পরিবর্তনের হাওয়া। প্রিয়তমা এমজে-কে হারানোর বেদনা, আন্ট মের শূন্যতা...
৪ ঘণ্টা আগে
বর্ষার দিনে বিছানায় যেন সেই কড়কড়ে সতেজভাবটা থাকে না। কেমন নেতিয়ে পড়া স্যাঁতসেঁতে বা ভেজাভাব থেকে যায়। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে বিছানা, চাদর ও বালিশে এক ধরনের ঠান্ডা ও আঠালোভাব তৈরি হয়। এর ফলে যেমন ঘুমাতে কষ্ট হয়, স্যাঁতসেঁতে গন্ধ হয়; তেমনি ত্বকের রোগ এবং শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।
৭ ঘণ্টা আগে
সৌন্দর্যচর্চার জগৎ এখন কেবল বাহ্যিক রূপ সুন্দর করার মধ্যেই সীমাবদ্ধ নেই। বর্তমানে সৌন্দর্যপণ্য়ের কদর করা হচ্ছে তা ত্বকে কেমন অনুভূতি জোগাচ্ছে এবং কতটা আরাম দিচ্ছে তার ওপর বিচার করে। ২০২৬ সালের বৈশ্বিক বিউটি ট্রেন্ড পর্যালোচনা করলে দেখা যায়,
৯ ঘণ্টা আগে