শহরের যানজট ঠেলে সঠিক সময় কাজে পৌঁছানো দায়। তাই অনেক নারীই যাত্রাপথের ঝক্কি কাটাতে সঙ্গী করে নিচ্ছেন স্কুটি বা বাইক। মে মাসের প্রথম শনিবার ইন্টারন্যাশনাল ফিমেল রাইড ডে। মূলত মোটরসাইকেল চালানো এবং মোটরসাইকেল স্পোর্টসের প্রতি নারীদের উৎসাহিত করতেই এদিনের সূচনা হয়। পথের ঝক্কি কমলেও নারী রাইডারদের যে সমস্যার সম্মুখীন হতে হয়, তা হচ্ছে চুলের রুক্ষতা এবং জট পাকিয়ে যাওয়া। স্কুটি বা বাইক চালানোর সময় সূর্য ও বাতাসের সংস্পর্শ লম্বা চুলের অভাবনীয় ক্ষতি করতে পারে। কিন্তু তাই বলে তো আর রাইডিং থামিয়ে রাখা যায় না।
বাইক চালিয়েও চুল ভালো রাখতে যা করতে পারেন:
হেলমেটই প্রিয় সখা
হেলমেট যে আপনাকে কতভাবে সুরক্ষা দিয়ে থাকে, সে ব্যাপারে বাইক বা স্কুটারচালকেরা ভালোই জানেন। চলতি পথের দুর্ঘটনা থেকে মাথা নিরাপদ রাখা এর প্রধান কাজ। এ ছাড়া এটি আপনার চুলকে রোদ, ধুলাবালি ও দূষণ থেকে রক্ষা করবে। তাই পছন্দ করে একটি হেলমেট সঙ্গে রাখুন। নিরাপত্তা, স্টাইল ও চুলের দেখভাল—সবই হবে।
চুল বাঁচাতে স্কার্ফ
হেলমেট পরলে তার নিচে চুল এলোমেলো হয়ে যায়, বিশেষ করে নারী বাইকার বা রাইডারদের জন্য তা একটা সমস্যা বটে। তবে এ থেকে বাঁচার একটি সহজ উপায় আছে। বের হওয়ার সময় একটি রঙিন স্কার্ফে মাথাটা মুড়ে নিন। স্কার্ফটি যে গতানুগতিকভাবেই পরতে হবে এমন কোনো কথা নেই। এ ক্ষেত্রে কাজে লাগান নিজের উদ্ভাবনী শক্তি। আজকাল অনেকেই বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায় স্কার্ফ পরে লুকে নিয়ে আসছে নতুনত্ব। তাই আপনার নিত্যদিনের পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রং ও নকশার স্কার্ফ ভিন্ন ভিন্ন শৈলীতে পরতে পারেন। এরপর হেলমেট পরে চম্পট দিন।
চুলের আদর-যত্ন
দেহ বা মুখের ত্বক যেমন রোদের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তেমনি চুলও রোদে শুষ্ক হয়ে যেতে পারে। তাই ত্বকের মতোই আপনার ঝলমলে চুলগুলোরও সানস্ক্রিন দরকার! চুলের যত্নে বেছে নিন একটি এসপিএফযুক্ত সেরাম। প্রতিবার বাইকে ওঠার আগে এটি চুলে লাগিয়ে নিন। এ ছাড়া রোদ ও বাতাসের কারণে চুলের যে ক্ষতি হয়, তা পুষিয়ে নিতে চুলে নিয়মিত তেল দিন। সপ্তাহে অন্তত একবার একটি পুষ্টিকর হেয়ার প্যাকও চুলের হারানো পুষ্টি এবং আর্দ্রতা পূরণে সাহায্য করে।
সঠিক স্টাইলিং
রাস্তা দিয়ে দুর্দান্ত গতিতে বাইক নিয়ে ছুটে চলেছেন, আপনি আর হাওয়ার বেগে নাচছে আপনার চুল। এ দৃশ্যটা যেকোনো নারী রাইডারের পক্ষে লোভনীয়। কিন্তু বিষয়টি চুলের স্বাস্থ্যের জন্য ভালো নয়; বরং বাইক চালানোর সময় চুল সুন্দর করে বেঁধে রাখাই বুদ্ধিমানের কাজ। বাইক চালানোর সময় চুল যাতে আপনার মুখের ওপরে এসে না পড়ে, সে জন্য আঁটসাঁটভাবে সেটা পেছন দিকে বেঁধে রাখাই ভালো। যাঁদের চুল খুব লম্বা, তাঁদের চুল বেণি করে নিলে বেশ হবে। চাইলে গন্তব্যে পৌঁছানোর পর চুলগুলো অন্য কোনো স্টাইলে বেঁধে নিতে পারেন।
ঝকঝকে রাখুন মাথার ত্বক
দীর্ঘ সময় হেলমেট পরে থাকলে চুলের গোড়ায় ময়লা এবং ঘাম জমে মাথার ত্বকের স্বাস্থ্যহানি হতে পারে। তাই খুশকি ও চুল পড়া এড়াতে মাথার ত্বক সব সময় পরিষ্কার রাখুন। চুল নিয়মিত পরিষ্কার করার জন্য ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। নিয়মিত মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান। এসব মেনে চললে রুক্ষ, শুষ্ক, অগোছালো চুলকে ‘গুডবাই’ বলে দিতে পারেন। ঢেউখেলানো চুল নিয়ে নিজের স্কুটি বা বাইক চালিয়ে পথে পথে ঘুরে বেড়াতে চাইলে এটুকু ঝক্কি তো নিতেই পারেন।
সূত্র: আইদিভা

কয়েক বছর ধরে সৌন্দর্যবিশ্বে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিল কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ান ধারা মেনে তাই রূপসচেতনেরা এমনভাবে ত্বকের যত্ন নেওয়া ও মেকআপ করা শুরু করলেন, যাতে ত্বক কোরিয়ানদের মতোই স্বচ্ছ ও চকচকে হয়ে ওঠে। তবে বিউটি ট্রেন্ডে সম্প্রতি লেগেছে নতুন হাওয়া।
১১ ঘণ্টা আগে
ডিজনিল্যান্ড এমন একটি পার্ক, যা সরাসরি নিয়ে যায় শৈশবের রঙিন স্মৃতির ভিড়ে। ডিজনির গল্পগুলোতে ছিল রাজা রানি, কথা বলতে পারা পশু, পাখি, গাছ। একেবারে রঙিন আর আকাঙ্ক্ষিত একটি জীবন। যেখানে কষ্টের পরের সুখটা সবাই উপভোগ করতে পারত। গল্প পড়া শেষ হতো একটা লাইন দিয়ে—অবশেষে তারা সুখে-শান্তিতে বসবাস করতে লাগল।
১৪ ঘণ্টা আগে
পাহাড়ের পরতে পরতে লুকিয়ে থাকা সৌন্দর্য দেখার সুবর্ণ সময় বর্ষা, শরৎ ও হেমন্তকাল। সেই পাহাড় যদি হয় তিন পার্বত্য জেলায়, তাহলে তো কথাই নেই। এই সময়গুলোতে পাহাড় তার রূপের ডালি মেলে ধরে। চারপাশে সবুজ আর সবুজ। এবার আমাদের অভিযান ছিল রাঙামাটি জেলার গহিনে সৌন্দর্যের আধার রাইক্ষং ঝরনা। দলে ছিলাম ছয়জন।
১৭ ঘণ্টা আগে
ভোর চারটায় অ্যালার্ম। কানের তালা ফাটানো সেই শব্দে ঘুম ভাঙল আপনার। তাড়াহুড়ো করে তৈরি হয়ে দৌড়াতে হলো পাহাড়ের চূড়ায় সূর্যোদয় দেখতে। এরপর লম্বা সারিতে দাঁড়িয়ে বিখ্যাত সেই ল্যান্ডমার্কের সামনে একটা ছবি তোলা। সবই দেখতে ঠিক হুবহু ইন্টারনেটে দেখা বাকি হাজারটা ছবির মতোই।
১৮ ঘণ্টা আগে