Ajker Patrika

ফাউন্ডেশন নেইলস নখের প্রাকৃতিক সৌন্দর্যের নতুন ট্রেন্ড

তুষ্টি মনোয়ার
ফাউন্ডেশন নেইলস নখের প্রাকৃতিক সৌন্দর্যের নতুন ট্রেন্ড
ছবি: পেক্সেলস

ফ্যাশন আর বিউটি দুনিয়ায় নো মেকআপ মেকআপ লুকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। মুখের ত্বকের প্রাকৃতিক রূপ ধরে রেখে আলতো সাজের এই ধারা এবার জায়গা করে নিয়েছে নখের সাজেও। নেইল আর্টের জাঁকালো রং, গ্লিটার বা ভারী ডিজাইনের ছক ভেঙে জায়গা করে নিচ্ছে ফাউন্ডেশন নেইলস। ট্রেন্ডি ক্লিন গার্ল নান্দনিকতার অংশ হিসেবে এটি এখন মেকআপপ্রেমীদের পছন্দের শীর্ষে।

সহজ কথায়, ত্বকের টোন বা রঙের সঙ্গে হুবহু মিলিয়ে নখে শেড বেছে নেওয়ার এই নতুন কৌশল হলো ফেস ফাউন্ডেশনের মতো নখের সাজ বা ফাউন্ডেশন নেইলস। অতিরিক্ত কড়া মেকআপের চেয়ে নিজের আসল সৌন্দর্যকে যত্ন নিয়ে উপস্থাপন করাই আধুনিক ফ্যাশনের মূলকথা।

কী এই ফাউন্ডেশন নেইলস

আমরা যেভাবে মুখের ত্বকের নিখুঁত বেইস বা ফাউন্ডেশন বেছে নেওয়ার সময় স্কিন টোন ও আন্ডারটোনের দিকে নজর দিই। ঠিক একইভাবে নখের প্রাকৃতিক বেডের সঙ্গে মিলিয়ে নেইলপলিশ বেছে নেওয়াই হলো ফাউন্ডেশন নেইলস।

এই ম্যানিকিউরে নখে কোনো চকচকে গ্লিটার, শিমার বা গাঢ় রঙের শেড ব্যবহার করা হয় না। অতি হালকা ও ইদানীং জনপ্রিয় হওয়া সেমি-ট্রান্সপারেন্ট ন্যুড বা হালকা গোলাপি শেড ব্যবহার করা হয়। দূর থেকে দেখলে মনে হবে, নখে কোনো নেইলপলিশ লাগানো নেই। অথচ নখগুলো দেখতে অসম্ভব পরিপাটি, চকচকে ও স্বাস্থ্যকর লাগে।

কারা বেছে নেবেন

সব ধরনের স্কিন টোনের ব্যক্তিদের জন্য ফাউন্ডেশন নেইলস উপযোগী। তবে সঠিক আন্ডারটোন চেনা জরুরি। আপনার ত্বকের আন্ডারটোন যদি ওয়ার্ম বা হলদেটে হয়; তবে পিচ, বেজ বা হালকা ক্যারামেল শেডের নেইলপলিশ হাতের সঙ্গে চমৎকার মানিয়ে যাবে। অন্যদিকে যাঁদের ত্বকের আন্ডারটোন কুল বা গোলাপি ধাঁচের, তাঁরা সফট রানিং পিংক বা মিল্কি ব্লাশ শেড বেছে নিতে পারেন। আর নিউট্রাল আন্ডারটোনের ক্ষেত্রে হালকা ট্রান্সলুসেন্ট ন্যুড শেডই মার্জিত দেখায়। সঠিক শেড বেছে নিলে নখের কোনো মেকি ভাব থাকে না; বরং প্রাকৃতিকভাবে হাত দুটি সুন্দর ও আকর্ষণীয় দেখায়।

হাতের আঙুল লম্বা দেখানোর জাদুকরি কৌশল

ফাউন্ডেশন নেইলস ম্যানিকিউরের বড় আকর্ষণ হলো, এটি হাতের আঙুলগুলোকে ভিজ্যুয়ালি বেশ লম্বা ও সরু দেখায়। যখন নখের শেডটি আপনার ত্বকের রঙের সঙ্গে পুরোপুরি মিলে যায়, তখন নখ ও আঙুলের ত্বকের মধ্যবর্তী সীমানা আলাদা করে বোঝা যায় না। এতে নখটি আপনার আঙুলের একটি সম্প্রসারিত অংশ বলে মনে হয়, যা হাতে আনে স্নিগ্ধতা।

ঘরে বসে যেভাবে তৈরি করবেন ফাউন্ডেশন নেইলস

পারলারে না গিয়ে ঘরে বসে খুব সহজে এই ন্যুড ও ন্যাচারাল নেইল লুক তৈরি করা সম্ভব। যা করবেন—

সঠিক শেড নির্বাচন: নখের বেডের শেডের সঙ্গে মিলে যায়—এমন হালকা গোলাপি, পিচ বা স্কিন টোনের নরম ন্যুড কালার বেছে নিন।

স্বচ্ছতা তৈরি: বাজার থেকে কেনা ন্যুড নেইলপলিশ যদি খুব ঘন হয়, তবে এক ফোঁটা ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট টপ কোট নেইলপলিশের সঙ্গে কাঙ্ক্ষিত রঙের নেইলপলিশ মিশিয়ে নিন। এতে নেইলপলিশটি হালকা ও সেমি-ট্রান্সপারেন্ট ফিনিশ দেবে।

পরিপাটি কিউটিকল: নখে রং লাগানোর আগে নখ সুন্দর করে কেটে ফাইল করে নিন এবং কিউটিকল অয়েল দিয়ে নখের চারপাশ ময়শ্চারাইজ করুন। নখ যত পরিষ্কার থাকবে, এই সাজ তত ভালো ফুটে উঠবে।

কেন পছন্দের শীর্ষে এই ট্রেন্ড

অফিস, ইউনিভার্সিটি কিংবা যেকোনো আনুষ্ঠানিক পরিবেশ, ফাউন্ডেশন নেইলস সব পোশাকে মানিয়ে যায়। এর জন্য প্রতিদিন পোশাকের সঙ্গে মিলিয়ে নেইলপলিশ পরিবর্তনের কোনো ঝামেলা থাকে না। তা ছাড়া গাঢ় নেইলপলিশ কিছুটা উঠে গেলে যেমন বিশ্রী দেখায়, ফাউন্ডেশন নেইলসের ক্ষেত্রে সেই ভয় একদম নেই।

সূত্র: ভোগ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত