Ajker Patrika

এখনো মা শ্রীদেবীর শেখানো যে রূপ রুটিন মেনে চলেন জাহ্নবী

ফিচার ডেস্ক, ঢাকা 
এখনো মা শ্রীদেবীর শেখানো যে রূপ রুটিন মেনে চলেন জাহ্নবী
বলিউড তারকা জাহ্নবী কাপুর। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি এআই দিয়ে সম্পাদনা করা।

বলিউড তারকা জাহ্নবী কাপুর শুধু তাঁর ফ্যাশনসচেতন স্টাইলের জন্যই পরিচিত নন, তাঁর উজ্জ্বল ও দীপ্তিময় ত্বক ভক্তকুলের কাছে বরাবরই রহস্যময়। যদিও কৃত্রিম উপায়ে সৌন্দর্য ধরে রাখা নিয়ে ঠোঁট উল্টে কথা বলার লোকের অভাব নেই। তবুও জানিয়ে রাখা ভালো, শ্রীদেবীকন্যা ঘরোয়া রূপচর্চায়ও বিশ্বাসী।

‘খুশ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী তাঁর পছন্দের একটি ঘরোয়া স্কিনকেয়ার রুটিনের কথা জানিয়েছেন। তাঁর এই সহজ অথচ কার্যকর সৌন্দর্যচর্চা প্রাকৃতিক উপাদানে ভরপুর, যেগুলোর খোঁজ মিলবে রান্নাঘরেই। এই রূপ রুটিন ত্বকের ক্লান্তি দূর করে তাৎক্ষণিকভাবে ত্বক সতেজ ও দীপ্তিময় দেখতে সহায়তা করে।

যেভাবে এই ঘরোয়া রূপচর্চা তিনি শুরু করেন

সতেজ ত্বক দিয়ে শুরু

জাহ্নবী স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে প্রথমে মুখ ভালো করে ধুয়ে নেন। এটি ত্বকের উপরিভাগের ময়লা পরিষ্কার করতে এবং রূপচর্চার পরবর্তী ধাপের জন্য ত্বক প্রস্তুত করতে সাহায্য করে।

রোমকূপ উন্মুক্ত করার জন্য স্টিম নেন

এরপর ‘ধড়ক’ অভিনেত্রী একটি বাটিতে গরম পানি নিয়ে মুখে সেই গরম পানির ভাপ নেন। তোয়ালে দিয়ে মাথা ঢেকে তিনি বাটির ওপর ঝুঁকে পড়েন এবং প্রায় ৩ মিনিট ভাপ নেন। জাহ্নবীর মতে, এই ধাপটি তাঁর ত্বকের রোমকূপ খুলতে সাহায্য করে, ফলে পরবর্তী ব্যবহৃত উপাদানগুলো আরও ভালোভাবে ত্বকের গভীরে প্রবেশ করতে পারে।

ফলের ফেস মাস্ক ব্যবহার

এরপর তিনি টক দই, মধু এবং থেঁতো করা মৌসুমি ফল, যেমন কলা দিয়ে একটি মাস্ক তৈরি করেন। তিনি এগুলো ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে নেন। এই প্যাকটি ত্বক হাইড্রেটেড রাখতে, ময়লা দূর করতে ও নমনীয় রাখতে সহায়তা করে।

ত্বক উজ্জ্বল করার জন্য কমলালেবুর রস ব্যবহার করুন

২০ মিনিট অপেক্ষা করে টক দইয়ের মাস্কটি পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলার পর, জাহ্নবী একটি তাজা কমলালেবুর অর্ধেক অংশ নিয়ে রস বের করে আলতো করে তাঁর গালে ও মুখে মেখে নেন। তিনি বলেন, ‘এটি ট্যান দূর করতে সাহায্য করে এবং ত্বকে উজ্জ্বলতা আনে।’ তা ছাড়া কমলালেবুর অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ত্বকের অতিরিক্ত তেল শুষে নেয়। পাশাপাশি এটি কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে ত্বকের টানটান ভাব বজায় রাখে এবং বলিরেখা কমাতে সাহায্য করে।

বাদাম তেল ব্যবহার করে ত্বককে আরাম দেন

কমলালেবুর রস কয়েক মিনিট রেখে দেওয়ার পর, তিনি আবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে মুখ ধুয়ে আলতো করে মুছে নেন। এবার হাতে অল্প পরিমাণে বাদাম তেল নিয়ে শুধু আঙুল ব্যবহার করে আলতো করে চোখের নিচে লাগিয়ে নেন। বিশেষ করে দীর্ঘ শুটিং বা মিটিংয়ের পর, জাহ্নবীর কাছে এ ধাপটি অত্যন্ত আরামদায়ক ও প্রশান্তিদায়ক মনে হয়।

দিনের বেলায় রোদ থেকে সুরক্ষা আবশ্যক

এই রূপ রুটিনটি শেষ করতে ও বাইরে যাওয়ার আগে তিনি একটি ভালো সানস্ক্রিন ব্যবহার করেন, যা ত্বকের যত্নে পূর্ণতা দেয় এবং সুরক্ষিত রাখে।

জাহ্নবী জানান, এই ঘরোয়া রুটিনটি শুধু অনুসরণ করা সহজ নয়, এটি তাঁকে তাঁর মা শ্রীদেবীর সঙ্গে কাটানো মধুর স্মৃতির কথাও মনে করিয়ে দেয়। শ্রীদেবী তাঁর সৌন্দর্যের জন্য পরিচিত ছিলেন এবং তিনি মেয়ে জাহ্নবীকে ত্বকের যত্নের বিভিন্ন প্রাকৃতিক কৌশল শিখিয়েছিলেন, জাহ্নবী সে রূপচর্চার রীতিগুলো এখনো ভোলেননি।

সূত্র: পিংক ভিলা ও অন্যান্য, ছবি: ইনস্টাগ্রাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত