Ajker Patrika

ভুট্টায় ভাগ্যবদল! বিক্রেতা থেকে গ্লোবাল ক্রাশ তেমেল

ফিচার ডেস্ক, ঢাকা 
ভুট্টায় ভাগ্যবদল! বিক্রেতা থেকে গ্লোবাল ক্রাশ তেমেল
আল্পের তেমেলের কমেন্ট বক্সে প্রতিদিন জমা পড়ছে হাজারো বিয়ের প্রস্তাব। ছবি: সংগৃহীত

ভুট্টায় ভাগ্য বদল! চেস্ট নাট আর সেদ্ধ ভুট্টা বিক্রেতা থেকে গ্লোবাল ক্রাশ ইস্তাম্বুলের তেমেল। শুধু একঝলক দেখা আর একটা সেলফির আশায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন তাঁর রাস্তার ধারের ছোট্ট দোকানটিতে।

চেস্ট নাট আর সেদ্ধ ভুট্টা বিক্রেতা থেকে গ্লোবাল ক্রাশে পরিণত হয়েছেন ইস্তাম্বুলের তেমেল। ছবি: সংগৃহীত
চেস্ট নাট আর সেদ্ধ ভুট্টা বিক্রেতা থেকে গ্লোবাল ক্রাশে পরিণত হয়েছেন ইস্তাম্বুলের তেমেল। ছবি: সংগৃহীত

একটা সময় ছিল, যখন রুপালি পর্দা কিংবা টেলিভিশনে জায়গা করে নিতে একজন অভিনেতাকে বছরের পর বছর অপেক্ষা করতে হতো। তারকা হয়ে ওঠার সেই পথটা ছিল দীর্ঘ সাধনার, যেখানে দর্শকের ড্রয়িংরুম পর্যন্ত পৌঁছাতে যুগের পর যুগ কেটে যেত। কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে সেই চিরচেনা সমীকরণ। সেলুলয়েডের ফিতা পেরিয়ে বিনোদন আর পরিচিতির দুনিয়া এখন বন্দী হয়েছে মানুষের হাতের মুঠোয়। সাধনার সেই দীর্ঘ পথকে বুড়ো আঙুল দেখিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম আজ তৈরি করেছে ‘রাতারাতি ভাইরাল’ হয়ে যাওয়ার এক নতুন বিবর্তন। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় কখন কে তারকা বনে যাবেন, বলা মুশকিল। তবে নেটিজেনদের মন জয় করার জন্য যে দামি গ্যাজেট বা গ্ল্যামারাস ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, তা আবার প্রমাণ করলেন তুরস্কের তরুণ আল্পের তেমেল। ইস্তাম্বুলের ঐতিহাসিক কারাকোয় অঞ্চলের এক সাধারণ চেস্টনাট ও ভুট্টা বিক্রেতা থেকে এখন ইন্টারনেটের লেটেস্ট সেনসেশন তিনি।

ভাইরাল যখন ভাগ্য বদলায়

পারিবারিক সূত্রে ১৫ বছর ধরে ইস্তাম্বুলের ওয়াটারফ্রন্ট এলাকায় একটি দোকান চালিয়ে আসছে তেমেলের পরিবার। সাত বছর ধরে দুই ভাইয়ের সঙ্গে সেখানে ভুট্টা আর চেস্টনাট বিক্রি করছেন ২৫ বছর বয়সী তেমেল। তবে ঘটনার মোড় ঘোরে ২০২৪ সালে। তেমেলের সুদর্শন চেহারা এবং মিষ্টি হাসির কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। আর পেছন ফিরে তাকাতে হয়নি। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছায় যে স্থানীয় ট্যুর গাইডরা তাদের ভ্রমণ তালিকায় তেমেলের এই দোকানকে অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে যুক্ত করেছেন। দেশ-বিদেশের নামী সব ইনফ্লুয়েন্সার প্রতিদিন ভিড় করছেন তাঁর দোকানে, বানাচ্ছেন ভ্লগ।

লাখো ভক্তের আনাগোনা

২০২৫ সালের অক্টোবরে তেমেল নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার পর মাত্র কয়েক মাসে তাঁর অনুসারীর সংখ্যা আকাশ ছুঁয়ে ফেলে। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ৯ লাখ ৬০ হাজার এবং টিকটকে ৭ লাখের কাছাকাছি। তাঁর অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা যায়, তিনি হাসিমুখে পর্যটকদের ভুট্টা পরিবেশন করছেন। কখনো ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসছেন কিংবা দারুণ সব পোজ দিচ্ছেন। ইতিমধ্যে তাঁর ভিডিওগুলো ১১ মিলিয়নের বেশি লাইক কুড়িয়েছে। যখন তিনি টিকটক ‘লাইভ’-এ আসেন, তখন একদিকে যেমন দোকানে সেলফির জন্য ভক্তদের লম্বা সারি সামলান, অন্যদিকে মোবাইল ফোনের ওপারে থাকা প্রায় ৪ হাজার লাইভ দর্শককে উড়ন্ত চুমু ও শুভেচ্ছাও জানান।

অভিনয়ের প্রস্তাব এবং ‘ম্যান অব দ্য ইয়ার’

আল্পের তেমেলের এই তুমুল জনপ্রিয়তা শুধু সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ নেই। কমেন্ট বক্সে প্রতিদিন জমা পড়ছে হাজারো বিয়ের প্রস্তাব। অনেকে জানতে চান, তিনি কোনো মডেলিং এজেন্সির সঙ্গে যুক্ত হচ্ছেন কি না। সংবাদমাধ্যম সিএনএনকে তেমেল জানান, ইতিমধ্যে বড় বড় মডেলিং এজেন্সি, সিনেমা ও টিভি সিরিয়ালে অভিনয়ের জন্য তাঁর কাছে প্রস্তাব এসেছে। এমনকি তুরস্কের একটি ডিজিটাল নিউজ সাইট ‘ফাইন স্টুডিও’ তাঁকে ‘২০২৫ ম্যান অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণাও করেছিল।

মাটি কামড়ে পড়ে থাকার গল্প

হঠাৎ পাওয়া এই আকাশচুম্বী খ্যাপাটে জনপ্রিয়তা সত্ত্বেও পা মাটিতেই রাখছেন এই তরুণ। স্টারডম যেন তাঁর মাথা ঘুরিয়ে দিতে না পারে, সে ব্যাপারে তিনি বেশ সচেতন। তেমেল বলেন, ‘মানুষ যখন ভালোবাসা দেখায়, তখন ভালো লাগার পাশাপাশি দায়িত্বও অনেক বেড়ে যায়। তাই কাজে মনোযোগ ধরে রাখার চেষ্টা করি।’ নিজের এই জনপ্রিয়তাকে তুরস্কের পর্যটনশিল্পের বিকাশে কাজে লাগাতে চান তেমেল। তিনি চান, বিশ্বের মানুষ যেন তুরস্কের সুন্দর সংস্কৃতি ও আতিথেয়তা উপভোগ করতে আসেন। তিনি বলেন, ‘আমাদের দেশে যাঁরা বিদেশ থেকে আসেন, তাঁরা আমাদের কাছে শুধু পর্যটক নন, তাঁরা আমাদের সম্মানিত অতিথি। আর অতিথিদের সেরাটা দিয়ে স্বাগত জানানোই আমাদের ধর্ম।’

সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম আর সাধারণ এক যুবকের সততা—এই দুইয়ের মেলবন্ধনে ইস্তাম্বুলের এই ভুট্টার দোকান এখন শুধু খাবারের জায়গা নয়, বরং বিশ্বজুড়ে মানুষের ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার এক অনন্য ঠিকানায় পরিণত হয়েছে।

সূত্র: সিএনএন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত