Ajker Patrika

লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর রূপের রহস্য জেনে নিন

ফিচার ডেস্ক
লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর রূপের রহস্য জেনে নিন
ছবি: ইনস্টাগ্রাম

লিওনেল মেসির স্ত্রী! আন্তোনেলা রোকুজ্জো এই পরিচয়ে পরিচিত হলেও তিনি নিজেই আসলে মডেল হিসেবে বিখ্যাত ও সফল। রোকুজ্জো টিফানি অ্যান্ড কোং ও অ্যাডিডাসের মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন এবং পল ম্যাককার্টনির ফ্যাশন ডিজাইনার কন্যা স্টেলা ম্যাককার্টনির সঙ্গেও জুটি বেঁধে কাজ করেছেন। ৩৮ বছর বয়সী রোকুজ্জো তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমেও নিয়মিত সবার নজর কাড়েন। সেসব পোস্টে তিনি তাঁর শরীরচর্চার রুটিন এবং জাঁকালো ডেট নাইটের ছবি ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

নতুন বিশ্ব রেকর্ডের সুবাদে মেসির পাশাপাশি রোকুজ্জোর প্রতিও মানুষের কৌতূহল বেড়েছে। সে কৌতূহল মেটাতে সৌন্দর্য বিশেষজ্ঞ আমিশ প্যাটেল রোকুজ্জোর নিখুঁত সৌন্দর্য ধরে রাখার কিছু কৌশল প্রকাশ করেছেন সম্প্রতি। ‘দ্য মিরর ইউএস’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্যাটেল জানিয়েছেন, ‘আন্তোনেলা স্বাভাবিকভাবেই খুব সুন্দরী এক নারী। মডেল হিসেবে তিনি জানেন কীভাবে ক্যামেরার সামনে পোজ দিতে হয় এবং ছবির জন্য সেরা অ্যাঙ্গেল ও আলোর সুবিধা নিতে হয়।’

ছবি: ইনস্টাগ্রাম
ছবি: ইনস্টাগ্রাম

এই বিশেষজ্ঞ উল্লেখ করেন, রোকুজ্জোর ইনস্টাগ্রামের বেশির ভাগ ছবিই পাশ থেকে তোলা অথবা কেন্দ্র থেকে সামান্য সরে গিয়ে পোজ দেওয়া। তিনি বলেন, ‘আন্তোনেলা তাঁর সেরা অ্যাঙ্গেলগুলো জানেন এবং মাথা সঠিক অবস্থানে রাখা ও হেলানোর বিষয়ে বেশ পারদর্শী।’

এরপর প্যাটেল বলেন, ‘তাঁর ​​বয়স ত্রিশের কোঠার শেষের দিকে। তাই তাঁর মুখে সূক্ষ্ম রেখা, ত্বকের রং ও গঠনে পরিবর্তনজনিত বয়সের ছাপ পড়ার কথা।’ কিন্তু মেসির সহধর্মিণীর ​​মধ্যে বয়সের এই চিরাচরিত লক্ষণগুলোর কোনোটিই দেখা যায় না। প্যাটেল জানান, এর পেছনে একাধিক কারণ থাকতে পারে, যেমন স্বাস্থ্যকর জীবনযাপন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিনসমৃদ্ধ পরিচ্ছন্ন খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম ও বংশগতি।

মডেল হিসেবে আন্তোনেলা জীবনযাত্রা, মেকআপ ও সৌন্দর্যবিষয়ক প্রচুর পরামর্শ, সেই সঙ্গে সেরা আলো ব্যবহার করে ছবি তোলার কৌশলগুলো শিখেছেন ধীরে ধীরে। এ ছাড়া এখন তিনি বিশ্বের সেরা সৌন্দর্য বিশেষজ্ঞ, ফেশিয়ালিস্ট ও ত্বকের চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা পান সহজে। প্যাটেল জানিয়েছেন, রেডিও ফ্রিকোয়েন্সি চিকিৎসার অগ্রগতি, মাইক্রোএসডি, স্কিন বুস্টার এবং বিশেষভাবে নির্বাচিত পেশাদার স্কিন কেয়ারের সমন্বয়ে, সার্জনের ছুরির নিচে না গিয়েই ত্বকের রং ও গঠনে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। এসব প্রক্রিয়ায় ত্বকে কোলাজেনের মাত্রা বাড়ানোও সম্ভব হয়।

প্যাটেল বলেন, ‘এই বয়সী ক্লায়েন্টদের জন্য আমার সবচেয়ে জনপ্রিয় তিনটি চিকিৎসার জায়গা হলো গাল, কানের পাশের অংশ ও ঠোঁট। এই জায়গাগুলো বেশ লক্ষণীয়ভাবে সংকুচিত হয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাই ডার্মাল ফিলারের সাহায্যে এগুলোতে হালকা টানটান ভাব আনলে তা মুখের তারুণ্যদীপ্ত আভা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে।’

ছবি: ইনস্টাগ্রাম
ছবি: ইনস্টাগ্রাম

সৌন্দর্য বিশেষজ্ঞ প্যাটেল আরও উল্লেখ করেছেন যে রোকুজ্জোর নাকের গড়ন তাঁর সার্বিক চেহারার সঙ্গে নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, ‘তাঁর নাকের ডগায় একটি আকর্ষণীয় উঁচু ভাব রয়েছে।’

আমিশ প্যাটেল যোগ করেন, ‘তাঁর চেহারা খুব খুঁটিয়ে দেখলে বলতে পারতাম যে তাঁর ঠোঁট যৌবনের চেয়ে কিছুটা ভরাট দেখাচ্ছে। কিন্তু আবারও বলছি, একজন দক্ষ মেকআপ শিল্পী সহজেই ভরাট ঠোঁটের বিভ্রম তৈরি করতে পারেন। তিনি যা-ই করছেন, তা ভালোভাবে করছেন এবং তাঁকে অবিশ্বাস্য ও স্বাভাবিকভাবেই সুন্দর দেখাচ্ছে।’

সূত্র: মিরর ইউএসএ ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত