Ajker Patrika

কোনটি বেছে নেবেন: বেশি বেতন, নাকি ভালো জীবন

মুহাম্মদ শফিকুর রহমান 
কোনটি বেছে নেবেন: বেশি বেতন, নাকি ভালো জীবন
ছবি: এআই

চাকরি আমাদের জীবিকার উৎস, তবে জীবনের একমাত্র লক্ষ্য নয়। অনেক সময় একটি চাকরি বেশি বেতন দেয়, কিন্তু কেড়ে নেয় সময়, স্বস্তি আর সম্পর্ক। আবার তুলনামূলক কম বেতনের একটি চাকরি দেয় নিশ্চিন্তে বাঁচার সুযোগ। তাই নতুন চাকরির প্রস্তাব হাতে এলে শুধু বেতনের অঙ্ক নয়, পুরো জীবনকে হিসাবের খাতায় রাখতে হয়। কারণ, ক্যারিয়ারে সঠিক সিদ্ধান্ত মানে শুধু বেশি আয় নয়, ভালোভাবে বাঁচার সুযোগও।

দুটি চাকরি, দুটি জীবন

সকাল আটটা। অফিসে ঢুকলেন। কম্পিউটার খুললেন। কাজ শুরু হলো। দুপুর পেরিয়ে বিকেল। সন্ধ্যা গড়িয়ে রাত; কিন্তু কাজের শেষ নেই। অফিসে ঢোকার সময় নির্দিষ্ট। বের হওয়ার সময় অনির্দিষ্ট। সপ্তাহে এক দিন ছুটি। বাসায় ফিরেও কাজ। পরিবারের সঙ্গে গল্প করার সময় নেই, সন্তানের মুখ দেখারও ফুরসত নেই। মাস শেষে বেতন ৭০ হাজার টাকা।

অন্যদিকে আরেকজনের বেতন ৫০ হাজার টাকা। সপ্তাহে দুই দিন ছুটি। অফিস শেষে কাজও শেষ। বাসায় ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানো যায়। দুপুরের খাবার, নাশতার সুবিধাও আছে।

কোন চাকরিটি ভালো

উত্তরটি শুধু বেতনের অঙ্কে লুকিয়ে নেই। কারণ, চাকরি মানে শুধু আয় নয়; সময়, মানসিক শান্তি, পরিবার, শেখার সুযোগ এবং ভবিষ্যতের পথও। তাই চাকরি বদলানোর আগে প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কী খুঁজছি? শুধু বেশি টাকা, নাকি ভালো জীবন?

কখন চাকরি পরিবর্তনের কথা ভাববেন

যখন শেখার সুযোগ থেমে যায়, কাজের পরিবেশ অসহনীয় হয়ে ওঠে, কিংবা নিজের দীর্ঘমেয়াদি লক্ষ্য আর বর্তমান কাজ একসঙ্গে হাঁটে না। তবে একটি খারাপ দিন বা সাময়িক রাগ কখনোই চাকরি ছাড়ার কারণ হতে পারে না। রাগের সিদ্ধান্তের মূল্য অনেক সময় দীর্ঘদিন দিতে হয়।

শুধু বেতন নয়, আরও অনেক প্রশ্ন

নতুন চাকরির প্রস্তাব এলে আমরা প্রথমে জিজ্ঞেস করি, বেতন কত? প্রশ্নটি জরুরি। কিন্তু এটিই শেষ প্রশ্ন নয়। জানতে হবে কাজের পরিবেশ কেমন, কর্মঘণ্টা কত, ছুটি পাওয়া যায় কি না, শেখার সুযোগ আছে কি না, পদোন্নতির সম্ভাবনা কতটা, অফিসে যেতে-আসতে কত সময় লাগবে। সবচেয়ে বড় কথা, এই চাকরি আপনার ব্যক্তিগত জীবনে কী প্রভাব ফেলবে। কারণ, বেতন প্রতি মাসেই আসে। কিন্তু হারিয়ে যাওয়া সময় আর ফিরে আসে না।

বসের জন্য চাকরি ছাড়বেন?

অনেকে শুধু বসকে অপছন্দ করেন বলে চাকরি ছাড়তে চান। সব সময় সেটি সঠিক সিদ্ধান্ত নয়। মতের অমিল থাকতেই পারে। কিন্তু যদি প্রতিদিন অসম্মান, বিষাক্ত পরিবেশ আর অসহনীয় মানসিক চাপের মধ্যে কাজ করতে হয়, তখন পরিবর্তনের কথা ভাবা যৌক্তিক। তবে নতুন কর্মস্থল সম্পর্কে খোঁজ না নিয়ে সিদ্ধান্ত নেওয়াও ঝুঁকিপূর্ণ।

কমফোর্ট জোন কি সব সময় খারাপ

অনেকের ধারণা, কমফোর্ট জোন মানেই পিছিয়ে পড়া। একটি প্রতিষ্ঠানে যদি আয় বাড়ে, শেখার সুযোগ থাকে, কাজের পরিবেশ ভালো হয় এবং ভবিষ্যৎ নিরাপদ মনে হয়, তাহলে শুধু বেশি বেতনের লোভে চাকরি বদলানোর প্রয়োজন নেই। তবে কমফোর্ট জোন যেন স্থবিরতার জোনে পরিণত না হয়। নতুন দক্ষতা শেখা, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলা এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করাই সবচেয়ে বড় বিনিয়োগ।

বেশি বেতনের আড়ালে

শুধু বেশি বেতনের জন্য চাকরি বদলানো সব সময় বুদ্ধিমানের কাজ নয়। যদি তার বিনিময়ে হারিয়ে যায় ছুটির দিন, পরিবারের সময়, বিশ্রাম আর মানসিক শান্তি—তবে সেই বাড়তি বেতনের প্রকৃত মূল্য কত? অনেক সময় বেতন বাড়ে, কিন্তু জীবন ছোট হয়ে আসে।

নতুন চাকরিতে যাওয়ার আগে যা করবেন

নতুন চাকরিতে যোগ দেওয়ার আগে অবশ্যই খোঁজ নিন। সেখানে কাজ করেন বা করেছেন—এমন কয়েকজনের সঙ্গে কথা বলুন। অফিসের সংস্কৃতি, কাজের চাপ, ছুটির নিয়ম, বেতন-ভাতা, কর্মীদের অভিজ্ঞতা—এসব জেনে নিন। শুধু নিয়োগপত্র দেখে সিদ্ধান্ত নেবেন না। কারণ, নিয়োগপত্রে বেতন লেখা থাকে, কিন্তু অফিস থেকে কখন বের হতে পারবেন, সেটি অনেক সময় লেখা থাকে না।

আপনার সামনে দুটি সুযোগ

ধরুন, একটিতে ৭০ হাজার টাকা বেতন, কিন্তু সময়ের কোনো সীমা নেই। অন্যটিতে ৫০ হাজার টাকা, তবে দুই দিন ছুটি, নির্দিষ্ট কর্মঘণ্টা এবং পরিবারের জন্য সময় আছে। অঙ্ক বলবে, প্রথম চাকরিটি লাভজনক। জীবন হয়তো বলবে, দ্বিতীয়টি। কারণ, মানুষ শুধু টাকার জন্য বাঁচে না, সে বাঁচে সম্পর্কের জন্য, স্বস্তির জন্য, নিজের মানুষদের জন্য। কাজ গুরুত্বপূর্ণ, কিন্তু কাজের বাইরেও একটি জীবন আছে। তাই চাকরি বেছে নেওয়ার আগে শুধু জিজ্ঞেস করবেন না—কোথায় বেতন বেশি?

নিজেকে আরও কিছু প্রশ্ন করুন

কোথায় আমি বেশি শিখব? কোথায় আমার ভবিষ্যৎ নিরাপদ? কোথায় আমি নিজের জীবনটাও বাঁচিয়ে রাখতে পারব?

ক্যারিয়ারে সাফল্য মানে শুধু বড় বেতন নয়, বড় জীবনও। যে চাকরি আপনাকে দক্ষ করে, সম্মান দেয়, পরিবারের পাশে থাকার সুযোগ দেয় এবং আগামী দিনের জন্য প্রস্তুত করে, সেই চাকরিই প্রকৃত অর্থে ভালো চাকরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত