সন্তান মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পিতামাতার জন্য এক অমূল্য নিয়ামত এবং একই সঙ্গে এক বিরাট আমানত। এই আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু পরিচর্যা করা পিতামাতার অন্যতম দায়িত্ব ও কর্তব্য; এমনকি এ দায়িত্ব সম্পর্কে মহান আল্লাহর কাছে জবাবদিহিও করতে হবে। আদর্শ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম বিনির্মাণে পিতামাতার দায়িত্ব ও কর্তব্য অপরিসীম।
ইবাদতে অভ্যস্ত করা ও দ্বীনি শিক্ষা দেওয়া
সন্তানকে শুধু জাগতিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না; বরং শৈশব থেকেই তাকে দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন এবং ইবাদতে অভ্যস্ত করে তুলতে হবে। বিশেষ করে নামাজের ব্যাপারে পিতামাতাকে অত্যন্ত যত্নশীল হতে হবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা তোমাদের সন্তানদের সাত বছর বয়সে নামাজের নির্দেশ দাও এবং দশ বছর বয়সে নামাজ আদায় না করলে তাদের শাসন করো; আর তাদের বিছানা পৃথক করে দাও।’ (সুনানে আবু দাউদ: ৪৯৫)। পাশাপাশি সন্তানকে বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত ও ইসলামের মৌলিক বিধিবিধান শিক্ষা দিতে হবে।
উত্তম চরিত্র ও নৈতিকতার শিক্ষা
সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে পিতামাতাকেই আগে আদর্শ চরিত্রের অধিকারী হতে হবে। পিতামাতার আচার-আচরণ ও কর্মপদ্ধতি দেখেই সন্তানেরা জীবনের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে এবং সঠিক পথে পরিচালিত হয়। তাই সত্যবাদিতা, আমানতদারি, হালাল-হারামের বিধান মেনে চলা, প্রতিবেশীর অধিকার আদায়সহ উত্তম গুণাবলি অর্জনের শিক্ষা দিতে হবে। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো পিতা তাঁর সন্তানকে উত্তম শিষ্টাচার ও সুন্দর চরিত্রের শিক্ষা দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো উপহার দিতে পারেন না।’ (জামে তিরমিজি: ১৯৫২)। পিতামাতা নিজেরা খারাপ কাজ পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হলে স্বাভাবিকভাবেই সন্তানেরাও সেই গুণাবলিতে গুণান্বিত হবে।
অসৎ সঙ্গ থেকে রক্ষা করা
সন্তান অসৎ সঙ্গের সঙ্গে জড়িয়ে পড়ছে কি না, সে বিষয়ে পিতামাতাকে সতর্ক থাকতে হবে। সন্তান কার সঙ্গে বন্ধুত্ব করছে এবং প্রযুক্তির ব্যবহার কীভাবে করছে, সেদিকে বিশেষ নজর রাখা আবশ্যক; কেননা, অসৎ সঙ্গ মুহূর্তেই দীর্ঘদিনের লালিত আদর্শকে ধ্বংস করে দিতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মানুষ তার বন্ধুর আদর্শের অনুসারী হয়। সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে তা বিবেচনা করা।’ (সুনানে আবু দাউদ: ৪৮৩৩)।
উপযুক্ত বয়সে বিয়ে দেওয়া
সন্তান যখন প্রাপ্তবয়স্ক ও বিয়ের উপযুক্ত হয়, তখন তার পবিত্রতা ও চারিত্রিক সুরক্ষার জন্য বিয়ের ব্যবস্থা করা পিতামাতার অন্যতম দায়িত্ব। বর্তমান সময়ে ফিতনা ও নৈতিক অবক্ষয়ের যুগে বিয়ে অযথা বিলম্ব করলে সন্তান বিপথগামী হওয়ার আশঙ্কা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যার সন্তান জন্মগ্রহণ করে, সে যেন তার সুন্দর নাম রাখে এবং তাকে শিক্ষা ও আদব প্রদান করে। অতঃপর সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়, তখন তার বিবাহের ব্যবস্থা করে। আর প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি তার বিয়ের ব্যবস্থা না করে এবং সন্তান কোনো গুনাহে লিপ্ত হয়, তাহলে তার গুনাহের একটি অংশ পিতামাতার ওপর বর্তাবে।’ (শুআবুল ইমান, বায়হাকি: ৮৬৫১)।
আদর্শ সন্তান গড়ে তোলা এক দিনের কাজ নয়; এটি দীর্ঘমেয়াদি সাধনা, ধৈর্য ও ত্যাগের ফসল। পিতামাতা যদি সন্তানকে নেককার ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন, তবে সেই সন্তান দুনিয়ায় যেমন তাঁদের মুখ উজ্জ্বল করবে, তেমনি মৃত্যুর পরও তাঁদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে পরকালে নাজাতের উসিলা হবে।
লেখক: শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।








