জীবনে সত্যিকারের বন্ধু পেতে যে ৮ গুণ দেখে নেবেন

বন্ধুত্ব মানবজীবনের গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক। কিন্তু সব বন্ধুত্ব কল্যাণ বয়ে আনে না। কেউ কেউ বন্ধুর টানে ভ্রষ্টতার পথেও পা বাড়ায়। এ জন্য ইসলাম কাকে বন্ধু বানানো উচিত, তার মানদণ্ড ঠিক করে দিয়েছে।
রাসুল (সা.) বলেন, ‘মানুষ তার বন্ধুর রীতিনীতি ও আদর্শের অনুসারী হয়। সুতরাং তোমাদের প্রত্যেকের দেখা উচিত, সে কাকে বন্ধুরূপে গ্রহণ করছে।’ (সুনানে আবু দাউদ: ৪৮৩৩)
ইসলামের দৃষ্টিতে একজন প্রকৃত বন্ধুর যে গুণাবলি থাকা উচিত, এর মধ্যে ৮টি হলো—
১. যে আল্লাহকে স্মরণ করিয়ে দেয়
ভালো বন্ধুর সাহচর্যে বসে আল্লাহকে ভুলে থাকা যায় না। তার কথা ও কাজে থাকে তাকওয়ার ছাপ। তাকে দেখলে ইবাদতের আগ্রহ বাড়ে, গুনাহের ব্যাপারে অন্তরে জন্ম নেয় পিছুটান।
হাদিসে এসেছে, সাহাবিরা একদিন নবীজিকে জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল! আমাদের মধ্যে কোন বন্ধু উত্তম?’ তিনি বললেন, ‘যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যার কথা জ্ঞান বৃদ্ধি করে এবং যার আমল আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয়।’ (বাইহাকি, শুআবুল ইমান: ৩১১০) এমন বন্ধুর সান্নিধ্যে পেলে ইহকালীন শত ব্যস্ততার মাঝেও অন্তর হয় আখিরাতমুখী।
২. যে ভুল হলে সংশোধন করে
বন্ধু কেবল গল্পের সঙ্গী নয়, কল্যাণকর পথের সহযাত্রীও। সে নেক কাজে উদ্বুদ্ধ করে আর ভুল করলে সংশোধন করে দেয়। যে বন্ধু অসৎ কাজেও উৎসাহ দেয় বা ভুল দেখেও চুপ থাকে, সে প্রকৃত অর্থে বন্ধু নয়, বিপদের সহযোগী।
আল্লাহ তাআলা বলেন, ‘মুমিন পুরুষ ও মুমিন নারী পরস্পরের সহযোগী। তারা সৎকাজের নির্দেশ দেয় এবং অসৎকাজ থেকে নিষেধ করে।’ (সুরা তওবা: ৭১)
রাসুল (সা.) বলেন, ‘দ্বিন হলো কল্যাণকামিতা।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘কার জন্য?’ তিনি বললেন, ‘আল্লাহ, তাঁর কিতাব, তাঁর রাসুল, মুসলিমদের নেতা ও সাধারণ মুসলমানদের জন্য।’ (সহিহ মুসলিম: ৫৫) বন্ধু তো সাধারণ মুসলমানদেরই একজন। তাই তার ভুল দেখে নীরব না থেকে আন্তরিকতা ও প্রজ্ঞার সঙ্গে শুধরে দেওয়াই কল্যাণকামিতার দাবি।
৩. যে বন্ধুর ভালো চায়
ভালো বন্ধু বন্ধুর উন্নতিতে ঈর্ষান্বিত হয় না। তার সাফল্যে আনন্দিত হয় এবং নিজের জন্য যে কল্যাণ কামনা করে, বন্ধুর জন্যও তা-ই কামনা করে।
রাসুল (সা.) বলেন, ‘তোমাদের কেউ পূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তা-ই পছন্দ করে, যা নিজের জন্য পছন্দ করে।’ (সহিহ মুসলিম: ৪৫) বন্ধুত্বের মধ্যে হিংসা ও প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতার জায়গা নেই। সেখানে থাকা উচিত নিখাদ শুভকামনা।
৪. যে বিপদে ছেড়ে যায় না
সুখের দিনে বন্ধুর অভাব হয় না। প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায় দুঃসময়ে। বন্ধুর কষ্টে ব্যথিত হওয়া, বিপদে সাহস জোগানো এবং প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো উত্তম বন্ধুর বৈশিষ্ট্য।
রাসুল (সা.) বলেন, ‘মুসলমান মুসলমানের ভাই, সে তার ওপর জুলুম করে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না।’ (সহিহ মুসলিম: ২৫৬৪) তবে পাশে থাকার অর্থ অন্যায়ে সঙ্গ দেওয়া নয়। বন্ধু ভুল পথে গেলেও তাকে একা ফেলে না দিয়ে ধৈর্য ধরে ফেরানোর চেষ্টা করাই সত্যিকারের সঙ্গ।
৫. যার চরিত্র সুন্দর
বন্ধুত্বের ক্ষেত্রে সুন্দর চেহারা, টাকা-পয়সা, ধনসম্পদ কিংবা সামাজিক মর্যাদার চেয়ে চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ। সত্যবাদিতা, আমানতদারি, ভদ্রতা, লজ্জাশীলতা ও সংযম, এসব গুণ যার মধ্যে আছে, সে-ই বন্ধুত্বের উপযুক্ত।
কারণ সঙ্গীর প্রভাব এড়িয়ে চলা কঠিন। রাসুল (সা.) ভালো ও মন্দ সঙ্গীর উপমা দিয়েছেন মিশক বিক্রেতা ও কামারের হাপরের সঙ্গে। মিশকের দোকানে গেলে অন্তত সুগন্ধ পাওয়া যায়, আর কামারের কাছে গেলে কাপড় পুড়ে যেতে পারে কিংবা দুর্গন্ধ পাওয়া যায়। (সহিহ মুসলিম: ২৬২৮)
চরিত্রবান বন্ধুর সঙ্গে চললে নিজের চরিত্রও আপনা-আপনি সুন্দর হতে থাকে।
৬. যে গোপনীয়তা রক্ষা করে
বন্ধুত্বের অন্যতম ভিত্তি হলো বিশ্বাস ও বিশ্বস্ততা। বন্ধু ব্যক্তিগত কোনো কথা জানালে তা অন্যের কাছে ছড়িয়ে দেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা, তার দুর্বলতা নিয়ে হাসাহাসি করা কিংবা তার ব্যক্তিগত বিষয়কে আড্ডার উপকরণ বানানো উত্তম বন্ধুর কাজ নয়।
মুমিনের গোপনীয়তা রক্ষার ব্যাপারে রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ গোপন রাখবেন।’ (সহিহ মুসলিম: ২৬৯৯) যে বন্ধু আস্থার মূল্য বোঝে, তার সঙ্গেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।
৭. যে অনুপস্থিতিতেও বন্ধুর সম্মান রক্ষা করে
সামনে সুন্দর কথা বলা সহজ, কিন্তু আড়ালে বন্ধুর সম্মান রক্ষা করা প্রকৃত বন্ধুত্বের পরিচয়। ভালো বন্ধু বন্ধুর অনুপস্থিতিতে তার সমালোচনা করে না, অন্যরা করলে সমর্থনও করে না। বরং সুযোগ হলে তার পক্ষে ভালো কথা বলে।
আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা একে অপরের গিবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা ঘৃণাই করো।’ (সুরা হুজুরাত: ১২)
যে বন্ধুর কাছে আপনার অনুপস্থিতিও নিরাপদ, তার ওপর নির্ভর করা যায় নিশ্চিন্তে।
৮. যে দ্বিনের পথে দৃঢ় থাকতে সাহায্য করে
বন্ধুত্ব মানুষের বিশ্বাস ও জীবনযাত্রা বদলে দিতে পারে। এ কারণেই নবীজি (সা.) বন্ধু বাছাইয়ের ব্যাপারে সতর্ক করেছেন। খারাপ বন্ধু ধীরে ধীরে মানুষকে সৎপথ থেকে দূরে সরিয়ে দেয়। আর ভালো বন্ধু সেই পথে টিকে থাকার শক্তি জোগায়।
আল্লাহ তাআলা কিয়ামত দিবসে একজনের আক্ষেপের কথা তুলে ধরেছেন এভাবে, ‘হায়! আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ আসার পর সে আমাকে তা থেকে বিভ্রান্ত করেছিল।’ (সুরা ফুরকান: ২৮-২৯) সেদিনের আক্ষেপ থেকে বাঁচতে হলে আজই ভেবে দেখা দরকার, আমার সঙ্গীরা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে।
তাই বন্ধু নির্বাচনে সতর্ক হোন, আর নিজেও অন্যের ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুন।
লেখক: মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ রাজাবাড়ী, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা








