Ajker Patrika

কুফু কী, বিয়েতে কুফু কেন প্রয়োজন

ইসলাম ডেস্ক
কুফু কী, বিয়েতে কুফু কেন প্রয়োজন
প্রতীকী ছবি

একটি সমাজ, একটি সভ্যতা, একটি জনপদ টিকে থাকার মূল ভিত্তি হলো পরিবার। আর একটি পরিবার গঠন হয় বিয়ের মাধ্যমে। বিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বর্তমান দম্পতিদের পারিবারিক সম্পর্কের দিকে নজর দিলে দেখা যায়, কিছু বৈবাহিক জীবন হয় শান্তিময়, আবার কিছু দম্পতি একে অপরের মাঝে অভিযোগ, আপত্তি ও অশান্তিতে পরিপূর্ণ। এর এই দুরবস্থার অনেকগুলো কারণের মধ্যে একটি হলো বিয়ের আগে ‘কুফু’র দিকে মনোযোগী না হওয়া। কুফু বজায় রেখে বিয়ে হলে বৈবাহিক জীবন হয় আরও সহজ, সুন্দর ও টেকসই।

কুফু শব্দের অর্থ সামঞ্জস্য, সাম্যের মিল, সমতা। বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বর ও কনের মধ্যে বংশীয় পরিচয়, ধর্মীয় জীবন, সামাজিক মর্যাদা, শিক্ষা ও আর্থিক দিক থেকে সামঞ্জস্য থাকাকে কুফু বলে। তবে ইসলামে দ্বীনদারি ও চারিত্রিক কুফুকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

রাসুল (সা.) বলেছেন, ‘তোমরা ভবিষ্যৎ বংশধরদের স্বার্থে উত্তম নারী নির্বাচন করো এবং সমতা (কুফু) বিবেচনায় বিয়ে করো। আর বিয়ে দিতেও সমতার প্রতি লক্ষ রাখো।’

রাসুল (সা.) আরও বলেন, ‘বিয়ের জন্য তোমরা পাত্র-পাত্রী নির্বাচন করো তাদের দ্বীনদারি ও চরিত্রের ভিত্তিতে। যদি তা থাকে, তোমরা সফল হবে আর যদি না থাকে, তখন তোমাদের হাত গড়িয়ে পড়বে।’

বিয়ের ক্ষেত্রে একপক্ষ যদি ধার্মিক হয়, তাহলে সে চাইবে প্রতিটি ক্ষেত্রে ধর্মের ছাপ থাকতে। অন্যদিকে অপর পক্ষ যদি ধর্মীয় চর্চা থেকে দূরে থাকে, তবে সে ধর্মীয় সীমারেখা মানতে অনাগ্রহী হতে পারে। এর ফলে দাম্পত্যজীবনে মতবিরোধ, মানসিক দূরত্ব ও অশান্তিতে পরিপূর্ণ হবে। তাই ধর্মীয় জীবনে সামঞ্জস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি বংশমর্যাদা ও সামাজিক মর্যাদার ক্ষেত্রেও সামঞ্জস্য থাকা প্রয়োজন। কেননা, এতে বিস্তর পার্থক্য থাকলে দাম্পত্যজীবনে ভুল-বোঝাবুঝি ও মতবিরোধ হয়ে থাকে। যার ফলে বৈবাহিক জীবন হতে পারে তিক্ত ও বিষাক্ত।

তবে ধর্মীয় কুফু ছাড়া অন্য সব ক্ষেত্রে (যেমন: বংশীয় পরিচয়, সামাজিক মর্যাদা, শিক্ষা, আর্থিক অবস্থা ইত্যাদি) কুফু অপরিহার্য শর্ত নয়। কুফু বজায় রেখে সঙ্গী নির্বাচন করলে দাম্পত্যজীবন সুখী ও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

লেখক: মুজাহিদা আফরিন মজুমদার

শিক্ষার্থী, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত