মৃত ব্যক্তিকে গোসল করানোর সঠিক নিয়ম ও পদ্ধতি

মৃত্যু এক অবধারিত বাস্তবতা। প্রতিটি প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো মুসলিমের ইন্তেকালের পর তাঁর দেহকে সসম্মানে বিদায় জানানো জীবিতদের অন্যতম প্রধান দায়িত্ব। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ‘ফরজে কেফায়া’। সমাজের পক্ষ থেকে কিছু মানুষ এই দায়িত্ব পালন করলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। তবে শরিয়তের নিয়ম মেনে যাঁরা গোসল দিতে পারদর্শী, তাঁরাই কেবল মৃত ব্যক্তিকে গোসল করাবেন।
নিচে মৃত ব্যক্তিকে সঠিকভাবে গোসল দেওয়ার সুন্নত ও পরিপূর্ণ পদ্ধতি তুলে ধরা হলো:
১. প্রাথমিক প্রস্তুতি ও সতর রক্ষা
মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার জন্য গোসলের খাটে শোয়াতে হবে।
এরপর পরনের কাপড় সরিয়ে ফেলতে হবে এবং পুরুষ হলে নাভি থেকে হাঁটু পর্যন্ত একটি কাপড় দিয়ে সতর ঢেকে রাখতে হবে।
২. ময়লা পরিষ্কার করা
মৃত ব্যক্তির মাথা ও ওপরের অংশ প্রায় বসার মতো করে একটু উঁচু করতে হবে। এরপর আলতোভাবে তাঁর পেটে চাপ দিয়ে ও বেশি করে পানি ঢেলে ভেতরের ময়লা বের করে দিতে হবে।
৩. গোসলদাতার প্রস্তুতি ও অজু করানোর নিয়ম
গোসলদাতার হাতে নেকড়া পেঁচিয়ে বা হাতমোজা পরিধান করে নিতে হবে।
এরপর গোসলের নিয়ত করে প্রথমে নামাজের অজুর ন্যায় মৃত ব্যক্তিকে অজু করাতে হবে। তবে এ সময় মুখে ও নাকে সরাসরি পানি প্রবেশ করানো যাবে না; বরং ভেজা আঙুল দিয়ে মুখ ও নাক পরিষ্কার করে দিতে হবে।
তবে মৃত ব্যক্তি যদি গোসল ফরজ হওয়া অবস্থায়, কিংবা ঋতুস্রাব বা সন্তান প্রসবের পর মারা যান, তবে তাঁর মুখ ও নাকে পানি পৌঁছানো জরুরি।
৪. দাঁত ও শরীর ধৌত করা
তুলা দিয়ে মৃত ব্যক্তির দাঁতের মাড়ি পরিষ্কার করে দিতে হবে।
এরপর বরইপাতা বা সাবান মিশ্রিত হালকা গরম পানি দিয়ে প্রথমে মৃত ব্যক্তির মাথা ও দাড়ি ভালোভাবে ধৌত করতে হবে।
এরপর ঘাড় থেকে পা পর্যন্ত ডান পার্শ্ব ধৌত করতে হবে। তারপর বাম পার্শ্বের ওপর মরদেহ একটু কাত করে পিঠের ডান অংশ ধৌত করতে হবে। একইভাবে ডান পাশের ন্যায় বাঁ পাশও ধৌত করতে হবে।
৫. ধৌত করার নিয়ম ও সুগন্ধি ব্যবহার
এভাবে পুরো শরীর তিনবার ধৌত করতে হবে। যদি তাতেও ময়লা পরিষ্কার না হয়, তবে ময়লা দূর হওয়া পর্যন্ত বেজোড় সংখ্যায় (যেমন পাঁচ বা সাতবার) ধৌত করতে হবে।
গোসলের শেষবারের পানির সঙ্গে কাফুর (কর্পূর) ও আতর মিশিয়ে সমগ্র শরীরে ঢেলে দিতে হবে।
৬. নখ, চুল ও অন্যান্য পরিচর্যা
মৃত ব্যক্তির গোঁফ বা নখ বেশি লম্বা থাকলে কিছু আলেমের মতে তা কেটে ফেলা যায়। আবার কেউ কেউ না কাটার পক্ষে মত দিয়েছেন।
এরপর একটি পরিষ্কার কাপড় দিয়ে মৃত ব্যক্তির শরীরের পানি আলতোভাবে মুছে ফেলতে হবে।
মৃত ব্যক্তি নারী হলে তাঁর চুলগুলো তিনটি বেণি করে পেছনের দিকে ঝুলিয়ে রাখতে হবে।
৭. গোসলের পর করণীয়
মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর যদি দেহ থেকে কোনো ময়লা বের হয়, তবে সেই স্থান ধৌত করে তুলা দিয়ে বন্ধ করে দিতে হবে। এ ক্ষেত্রে অজু পুনরায় করাতে হবে কি না, তা নিয়ে মতামত রয়েছে, তবে সতর্কতা হিসেবে অজু করিয়ে দেওয়াটাই উত্তম।
মৃত ব্যক্তির গোসলসংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ মাসআলা
- হকদার বা দায়িত্বশীল: গোসল দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম সেই ব্যক্তি হকদার, যার ব্যাপারে মৃত ব্যক্তি অসিয়ত করে গেছেন। এরপর তাঁর পিতা, তারপর নিকটাত্মীয়রা। নারীদের ক্ষেত্রে তাঁর অসিয়ত করা নারী, মা, মেয়ে কিংবা অন্য নিকটাত্মীয় নারীরা এই হকদার হবেন। স্বামী-স্ত্রী পরস্পরকে গোসল দিতে পারবেন।
- সাত বছরের কম বয়স: মৃত নারী হোক বা পুরুষ, তার বয়স যদি সাত বছরের কম হয়, তবে যেকোনো পুরুষ বা নারী তাকে গোসল করাতে পারবেন।
- বিশেষ সময়ে তায়াম্মুম: পুরুষদের ক্ষেত্রে পুরুষ এবং নারীদের ক্ষেত্রে নারী গোসল করানোর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করিয়ে দিতে হবে। এর পদ্ধতি হলো—উপস্থিত কেউ পবিত্র মাটিতে হাত মেরে মৃত ব্যক্তির মুখমণ্ডল ও উভয় হাত কবজি পর্যন্ত মাসেহ করে দেবেন।










