Ajker Patrika

জুমার দিনের ১০ গুরুত্বপূর্ণ আমল

মুহাম্মদ নাহিদুল ইসলাম
জুমার দিনের ১০ গুরুত্বপূর্ণ আমল

জুমার দিন মুমিনের জীবনে এক বিশেষ তাৎপর্য নিয়ে আসে। সপ্তাহের অন্য দিনগুলোর ভিড়ে এই দিনটি যেন ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ। দিনটিকে বরকতময় করে তুলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রয়েছে নানা সুন্নত ও ফজিলতপূর্ণ আমল। ফজরের নামাজ দিয়ে দিন শুরু করা, পবিত্র কোরআন তিলাওয়াত, গোসল ও পরিচ্ছন্নতা, বেশি বেশি দরুদ পাঠ, আগেভাগে মসজিদে যাওয়া এবং দোয়ার বিশেষ মুহূর্তগুলো কাজে লাগানোর মাধ্যমে দিনটিকে আরও অর্থবহ করে তোলা যায়। এমনকি পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটানোও হতে পারে জুমার সৌন্দর্যের অংশ। জুমার দিন সহজে পালন করা যায় এমন ১০ আমলের কথা তুলে ধরা হলো।

১. ফজর দিয়ে দিন শুরু

ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই মোবাইল ফোনে হাত না বাড়িয়ে অজুখানায় চলে যান। জামাতের সঙ্গে ফজর নামাজ আদায় করে কিছু সময় জিকির বা কোরআন তিলাওয়াতে কাটিয়ে দিন। দিনের প্রথম ঘণ্টাটা ইবাদতে কাটলে সারা দিনের মানসিক অবস্থাই পাল্টে যায়। প্রিয় নবী (সা.) জুমার দিন ফজরের নামাজে সুরা আস-সাজদা ও সুরা আল-ইনসান তিলাওয়াত করতেন। (সহিহ মুসলিম: ৮৭৯; সুনানে আবু দাউদ: ১০৬৭)

২. সুরা কাহাফ তিলাওয়াত

জুমার দিনের অন্যতম বরকতময় ও পরিচিত আমল এটি। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করবে, তার জন্য দুই জুমার মাঝে নুর ঝলমল করবে।’ সময় নিয়ে অর্থ বুঝে ধীরে ধীরে পড়ার চেষ্টা করুন; এটি আপনার ভাবনারও দারুণ খোরাক জোগাবে।

৩. জুমার গোসল

প্রিয় নবী (সা.) বলেছেন, ‘তোমাদের কেউ যখন জুমার নামাজের উদ্দেশ্যে আসবে, সে যেন গোসল করে নেয়।’ (সহিহ বুখারি: ৮৭৭; সহিহ মুসলিম: ৮৪৪)। এটি মনকে এই বার্তা দেওয়া যে আজ আমি আমার রবের দরবারে হাজির হচ্ছি, তাই নিজের বিশেষ যত্ন নিচ্ছি।

৪. সুগন্ধি ও মিসওয়াক ব্যবহার

পরিচ্ছন্নতার পাশাপাশি একটু সুগন্ধি জুমার সৌন্দর্য বহুলাংশে বাড়িয়ে দেয়। নবীজি (সা.) বলেছেন, জুমার দিনে গোসল করা প্রতিটি প্রাপ্তবয়স্কের জন্য কর্তব্য, সে যেন মিসওয়াক করে এবং সাধ্যমতো সুগন্ধি ব্যবহার করে। (সহিহ বুখারি: ৮৮০; সহিহ মুসলিম: ৮৪৬)। আতর হোক বা পারফিউম—হাতের কাছে যা আছে, পরিমিতভাবে তা ব্যবহার করুন।

৫. পরিচ্ছন্ন ও শালীন পোশাক পরিধান

জুমার জন্য খুব দামি কাপড়ের প্রয়োজন নেই, প্রয়োজন পরিপাটি ও গোছানো পোশাকের। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ‘হে আদমসন্তান, প্রতি নামাজের সময় তোমরা তোমাদের সুন্দর পোশাক পরিধান করো।’ (সুরা আরাফ: ৩১)। মূলকথা হলো, আল্লাহর সামনে দামি কাপড়ে নয়, পরিচ্ছন্ন ও মার্জিত হয়ে দাঁড়ানোই আসল।

৬. আগেভাগে মসজিদে যাওয়া

অনেকেই খুতবা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে বা মাঝপথে মসজিদে পৌঁছান। অথচ আগে যাওয়ার পুরস্কার কত মহান! নবীজি (সা.) বলেছেন, জুমার দিন ফেরেশতারা মসজিদের প্রতিটি দরজার বাইরে দাঁড়িয়ে আগে আগমনকারীদের নাম তালিকাভুক্ত করতে থাকেন। সবার আগে যে আসে, সে যেন একটি উট সদকা করল; এরপর যে আসে, সে একটি গরু; এরপর ভেড়া; এরপর মুরগি এবং সবার শেষে আগমনকারী ডিম সদকার সওয়াব লাভ করে। (সহিহ বুখারি: ৮৮১)। আগে গেলে নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও ধীরেসুস্থে দোয়ার অমূল্য সময় পাওয়া যায়।

৭. অধিক পরিমাণে দরুদ পাঠ

সবচেয়ে সহজ অথচ অফুরন্ত বরকতে ভরা একটি আমল হলো দরুদ শরিফ পাঠ করা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের সর্বোত্তম দিন হলো জুমা...তাই এ দিনে তোমরা আমার ওপর বেশি করে দরুদ পাঠ করো, কারণ তোমাদের প্রেরিত দরুদ আমার সামনে পেশ করা হয়।’ (সুনানে আবু দাউদ: ১০৪৭; সুনানে ইবনে মাজাহ: ১০৮৫)

৮. মনোযোগ দিয়ে খুতবা শোনা

নবীজি (সা.) সতর্ক করে বলেছেন, ইমাম যখন খুতবা দেন, তখন তুমি যদি পাশেরজনকে কেবল বলো ‘চুপ করো’, তবে তুমিও অনর্থক কথা বলে ফেললে। (সহিহ মুসলিম: ৮৫১; সহিহ বুখারি: ৯৩৪)। তাই সম্পূর্ণ নীরবতা বজায় রেখে মনোযোগ দিয়ে খুতবা শুনুন এবং কথাগুলো নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করুন।

৯. দোয়া কবুলের মোক্ষম সময়

জুমার দিনে এমন একটি বিশেষ মুহূর্ত রয়েছে, যে সময়ে বান্দা আল্লাহর কাছে যা চায়, তা-ই দান করা হয়। (সহিহ বুখারি: ৯৩৫)। বহু আলেমের মতে, এই সময়টি হলো আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। তাই দিন শেষের এই শান্ত ও পবিত্র মুহূর্তে নিজের জন্য, পরিবার-পরিজন, ইমান, ক্ষমা, রিজিক এবং আখিরাতের কল্যাণ কামনা করে প্রাণ খুলে দোয়া করুন।

১০. পরিবারকে সময় দিন

জুমা কেবল মসজিদের চার দেয়ালের ইবাদত নয়; এটি ঘরকেও আলোকিত করার দিন। পরিবারের সবাই একসঙ্গে দুপুরের খাবারে বসুন, সন্তানদের সময় দিন এবং জীবনসঙ্গীসহ সবার সঙ্গে কোমল ও সুন্দর আচরণ করুন। মসজিদে ইবাদত করে এসে ঘরের লোকজনের সঙ্গে রূঢ় আচরণ করলে জুমার মূল আত্মিক সৌন্দর্যই ম্লান হয়ে যায়।

যাঁদের সম্ভব, তাঁরা জুমার আগের বা পরের রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারেন। রাতের গভীর নীরবতায় রবের সঙ্গে একান্ত আলাপ, কোরআন তিলাওয়াত বা মোনাজাত মনকে চরম প্রশান্তিতে ভরে দেয়।

লেখক: শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত