Ajker Patrika

সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি

কাউসার লাবীব
সম্মানা পাগড়ি পাচ্ছেন ফরিদাবাদ মাদ্রাসার ২০ হাজার হাফেজ-আলেম-মুফতি
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা। ছবি: সংগৃহিত

রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী মাদ্রাসা জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী মহাসম্মেলন শুরু হচ্ছে। আজ সোমবার (২৩ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী বুধবার (২৫ নভেম্বর) পর্যন্ত রাজধানীর ধূপখোলা মাঠে এই সম্মেলন চলবে। এই ঐতিহাসিক আয়োজনে দেশ-বিদেশের বরেণ্য আলেমদের হাত থেকে প্রায় ২০ হাজার ফুজালা (হাফেজ, আলেম ও মুফতি) সম্মাননা পাগড়ি বা ‘দস্তারে ফজিলত’ গ্রহণ করবেন।

আয়োজনের মিডিয়া সমন্বয়ক মুফতি আহসান শরীফ জানিয়েছেন, প্রায় ২০ হাজার ফুজালাকে নিয়ে কোনো দ্বীনি প্রতিষ্ঠানের এটিই প্রথম এত বড় আয়োজন। এই মহাসম্মেলনকে কেন্দ্র করে ধূপখোলা মাঠসহ পুরান ঢাকার অলিগলিতে ধর্মপ্রাণ মুসল্লি ও ফুজালাদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত হয়ে উঠবে।

তিন দিনের আয়োজন ও প্রথম দিনের কর্মসূচি

আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় জামিয়া ফরিদাবাদের মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মহাসম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন মুফতি ইমাদুদ্দীন ও মাওলানা হাসান জামিল। প্রথম দিনেই প্রায় তিন হাজার ফুজালাকে সম্মাননা পাগড়ি পরানোর কথা রয়েছে।

এ ছাড়া প্রথম দিনের আলোচনায় অংশ নেবেন—পাকিস্তান জামিয়া ফারুকিয়ার প্রিন্সিপাল মাওলানা ওবাইদুল্লাহ খালিদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি এবং জামিয়া ফরিদাবাদের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি আবু সাঈদ। প্রথম দিন বিকেলে সরাসরি ভিডিও অথবা লাইভ কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে শিক্ষা সমাপনকারী শিক্ষার্থীদের হাদিসের দরস বা সবক প্রদান করবেন বিশ্বখ্যাত আলেম মুফতি তাকি উসমানি।

দেশ-বিদেশের বরেণ্য অতিথি ও রাজনৈতিক ব্যক্তিত্ব

সম্মেলনে দেশ-বিদেশের শীর্ষ আলেম-উলামা, গবেষক, গুণীজন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিত থাকার কথা রয়েছে। আমন্ত্রিত অতিথি ও আলোচকদের তালিকায় রয়েছেন—ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি। পাকিস্তান বেফাকের মহাসচিব মাওলানা হানিফ জালান্ধরি। পাকিস্তানের মাওলানা শাহ হাকিম মাজহার, মাওলানা ইলিয়াস ঘুম্মান, মাওলানা আওরঙ্গজেব ফারুকি ও মাওলানা ফয়সাল নাদিম। ভারতের মাওলানা মুহাম্মদ রমজান মেওয়াতি ও মাওলানা সাইয়িদ আজহার মাদানি।

এ ছাড়া দেশের গুণী আলেমদের মধ্যে রয়েছেন—হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী, বেফাক আমির মাওলানা মাহমুদ হাসান, মাওলানা নুরুল ইসলাম আদিব, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর) এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক প্রমুখ।

মাঠ প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা

মহাসম্মেলন সফল করতে প্রায় আট একর বিস্তৃত ধূপখোলা মাঠ প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে বিদেশি অতিথিদের অনেকে ঢাকায় পৌঁছেছেন এবং সারা দেশ থেকে ফুজালা, শিক্ষার্থী ও সাধারণ মানুষ আসতে শুরু করেছেন। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে মাঠের স্টেজ, প্যান্ডেল, ওয়েটিং রুম, তথ্য যাচাই কাউন্টার, পাগড়ি জোন, স্টল মার্কেটিং, স্বেচ্ছাসেবক কাউন্টার, তাৎক্ষণিক নিবন্ধন কাউন্টার ও মিডিয়া কাউন্টারসহ প্রবেশপথের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

‘৭০ সালা স্মারক’ প্রকাশ

সম্মেলনকে বর্ণাঢ্য করতে জামিয়ার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘তানযীমে আবনায়ে জামিয়া ফরিদাবাদ’ প্রায় সাড়ে চার শ পৃষ্ঠার দৃষ্টিনন্দন ‘৭০ সালা স্মারক’ প্রকাশ করেছে। বরেণ্য লেখক মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীনসহ অভিজ্ঞ সম্পাদনা পরিষদের প্রচেষ্টায় স্মারকটি তৈরি হয়েছে। ১৯৫৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত জামিয়ার পরিচিতি, মুতাওয়াল্লি, মুহতামিম ও শায়খুল হাদিসদের জীবনী, শীর্ষ আলেমদের নিবন্ধ এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণা এতে স্থান পেয়েছে।

৪৫০ টাকা শুভেচ্ছা বিনিময়ে স্মারকগ্রন্থটি সংগ্রহ করা যাবে। এটি জামিয়ার মুখপাত্র মাসিক ‘নেয়ামত’-এর অফিস এবং ধূপখোলা মাঠের দস্তারবন্দী মহাসম্মেলন প্রাঙ্গণে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত