জীবনসঙ্গীর বিচ্ছেদ বা মৃত্যু যেকোনো মানুষের জীবনে সবচেয়ে বেদনাদায়ক ও শোকাবহ অধ্যায়। স্বামী বা স্ত্রীর যেকোনো একজন যখন চিরবিদায় নেন, তখন শোকের আবহেও জীবিত সঙ্গীর মনে নানা ধরনের শরয়ি ও বাস্তব প্রশ্ন জাগে। এর মধ্যে অন্যতম একটি প্রশ্ন হলো—মৃত স্ত্রীকে স্বামী কিংবা মৃত স্বামীকে স্ত্রী গোসল করাতে পারবেন কি না।
শোকের সেই মুহূর্তে আবেগের পাশাপাশি সঠিক শরয়ি বিধান জেনে আমল করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে কোরআন-হাদিস, সাহাবায়ে কেরামের আমল ও ফিকহবিদদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হলো:
মৃত স্বামীকে কি স্ত্রী গোসল করাতে পারবেন?
স্বামী ইন্তেকাল করলে স্ত্রী তাঁকে গোসল করাতে পারবেন কি না—এ বিষয়ে অধিকাংশ ফকিহের মত হলো, হ্যাঁ, স্ত্রী মৃত স্বামীকে গোসল করাতে পারেন।
এর পেছনে শরয়ি যুক্তি হলো, স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে নির্ধারিত সময় পর্যন্ত ইদ্দত পালন করতে হয়। এই ইদ্দতকালীন সময়ে বৈবাহিক সম্পর্কের কিছু বিধিবিধান বহাল থাকে। তাই স্ত্রী তাঁর মৃত স্বামীর চেহারা দেখতে, তাঁকে স্পর্শ করতে ও প্রয়োজনীয় শরয়ি নিয়ম মেনে গোসল করাতে পারেন।
সাহাবায়ে কেরামের আমল
হজরত আবদুল্লাহ ইবনে আবু বকর (রহ.) বর্ণনা করেন, হজরত আবু বকর সিদ্দিক (রা.)-এর ইন্তেকালের পর তাঁর স্ত্রী আসমা বিনতে উমাইস (রা.) তাঁকে গোসল করিয়েছিলেন। (মুআত্তা ইমাম মুহাম্মদ: ৩০৩)
তাবেয়িদের মতামত
প্রখ্যাত তাবেয়ি ও ফকিহ সুফিয়ান সাওরি (রহ.) বলেন, স্বামীর ইন্তেকালের পর স্ত্রী তাঁকে গোসল দিতে পারবেন; কেননা, তিনি তখনো স্বামীর ইদ্দতের মধ্যে থাকেন। (মুসান্নাফ আবদুর রাজ্জাক: ৬১১৯)
মৃত স্ত্রীকে কি স্বামী গোসল করাতে পারবেন
মৃত স্ত্রীকে স্বামী গোসল করাতে পারবেন কি না, এ প্রশ্নে ইসলামি ফিকহবিদ ও আইনবিদদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
ইমাম আবু হানিফা (রহ.)-এর মত
হানাফি মাজহাবের ইমাম আবু হানিফা (রহ.)-এর মতে, স্ত্রীর মৃত্যুর সঙ্গে সঙ্গে স্বামী-স্ত্রীর বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যায়। তাই স্বামীর জন্য মৃত স্ত্রীকে গোসল করানো জায়েজ নয়।
অন্য ইমামদের মতামত
অন্যদিকে, ইমাম মালিক, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ (রহ.)-সহ অনেক আলেমের মতে, জীবদ্দশার মতো মৃত্যুর পরও স্ত্রী স্বামীর জন্য মাহরাম থাকেন। তাই স্বামী চাইলে মৃত স্ত্রীকে গোসল করাতে পারেন।
এই মতের পক্ষে দলিলসমূহ
যেসব আলেম স্বামীর জন্য মৃত স্ত্রীকে গোসল করানো বৈধ মনে করেন, তাঁরা কতিপয় বর্ণনা ও হাদিসকে ভিত্তি হিসেবে তুলে ধরেন:
১. হজরত আলী (রা.)-এর আমল: বিভিন্ন বর্ণনায় এসেছে, হজরত আলী (রা.) তাঁর স্ত্রী ফাতিমা (রা.)-এর ইন্তেকালের পর তাঁকে গোসল করিয়েছিলেন।
২. রাসুলুল্লাহ (সা.)-এর হাদিস: উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.)-এর উদ্দেশে রাসুলুল্লাহ (সা.) বলেছিলেন, ‘তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করতে, তাহলে আমি নিজেই তোমাকে গোসল করাতাম এবং কাফন পরিয়ে দিতাম।’ (সুনানে ইবনে মাজাহ: ১৪৬৫)
অনেক ফকিহ এই হাদিসকে স্বামীর জন্য মৃত স্ত্রীকে গোসল করানোর বৈধতার দলিল হিসেবে উল্লেখ করেছেন।
ইসলাম মৃত ব্যক্তির সম্মান, পবিত্রতা ও মর্যাদা রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। মৃত স্বামীকে স্ত্রী গোসল করাতে পারবেন—এ বিষয়ে সাহাবায়ে কেরামের আমল এবং অধিকাংশ ফকিহের সুস্পষ্ট মতামত রয়েছে। আর মৃত স্ত্রীকে স্বামী গোসল করাতে পারবেন কি না, সে বিষয়ে যেহেতু ফিকহবিদদের মধ্যে মতভেদ বিদ্যমান, তাই এ ক্ষেত্রে বিভ্রান্ত না হয়ে প্রত্যেকের উচিত নিজের অনুসৃত মাজহাবের বিধান এবং অভিজ্ঞ ও নির্ভরযোগ্য আলেমদের দিকনির্দেশনা অনুযায়ী আমল করা।









