প্রশ্ন: ইসলামি আলোচকদের আলোচনায় প্রায় শোনা যায়, কিয়ামতের আগে আল্লাহর নবী হজরত ঈসা (আ.) পুনরায় পৃথিবীতে আগমন করবেন। কোরআন-হাদিসের আলোকে এর সত্যতা জানতে চাই। জোবায়ের রায়হান আবীর, কক্সবাজার
উত্তর: হজরত ঈসা (আ.)-এর ব্যাপারে ইসলামের সর্বসম্মত বিশ্বাস হলো, কেউ তাঁকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধও করেনি। বরং আল্লাহ তাআলা তাঁকে অলৌকিকভাবে আসমানে তুলে নেন এবং সেখানে জীবিত অবস্থায় আছেন। কিয়ামতের আগে তিনি পৃথিবীতে দ্বিতীয়বার আগমন করবেন। পবিত্র কোরআন ও হাদিসে এর স্বপক্ষে অসংখ্য প্রমাণ রয়েছে।
পবিত্র কোরআনের কয়েকটি আয়াত থেকে ঈসা (আ.)-এর পুনরাগমনের ইঙ্গিত পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা এরশাদ করেন, ‘আর তিনি তো কিয়ামতের নিদর্শন। অতএব, তোমরা কিয়ামত সম্পর্কে সন্দেহ পোষণ কোরো না এবং আমারই অনুসরণ করো। এটাই সরল পথ।’ (সুরা জুখরুফ: ৬১)
ইমাম ইবনে কাসির (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় বলেন, এখানে ‘তিনি’ বলতে ঈসা (আ.)-কে বোঝানো হয়েছে। তাঁর পুনরাগমন কিয়ামতের আলামত হিসেবে গণ্য হবে। আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.), আবু হুরায়রা (রা.) ও মুজাহিদ (রহ.)সহ অনেক সাহাবি ও তাবেয়ির বর্ণনা এ ব্যাখ্যাকে সমর্থন করে।
অন্যত্র আল্লাহ বলেন, ‘কিতাবিদের মধ্যে এমন কেউ থাকবে না, যারা তার মৃত্যুর আগে তাঁর প্রতি বিশ্বাস স্থাপন করবে না।’ (সুরা নিসা: ১৫৯) প্রখ্যাত মুফাসসির ইবনে আব্বাস, হাসান বসরি, মুজাহিদ, ইকরিমাসহ অধিকাংশ সাহাবি ও তাবেয়ির মতে এখানে ‘তাঁর মৃত্যুর আগে’ বলতে ঈসা (আ.)-এর মৃত্যুর আগের কথা বোঝানো হয়েছে। সুতরাং এই আয়াত থেকেও প্রমাণিত হয়, ঈসা (আ.) পুনরায় পৃথিবীতে আসবেন এবং সেই সময় সবাই তাঁর সত্যতা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব স্বীকার করবে। (তাফসিরে তাবারি)
হাদিসে তাঁর জীবিত থাকা ও পুনরায় আগমনের বিষয়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। প্রখ্যাত হাদিসবিশারদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি (রহ.) ‘আত তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলি মাসিহ’ নামক কিতাবে ঈসা (আ.)-এর পুনরাগমনের ওপর শতাধিক হাদিস একত্র করেছেন। সেখান থেকে দু-একটি এখানে তুলে ধরা হলো:
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে ঈসা ইবনে মারইয়াম অবতরণ করবেন ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে। তিনি ক্রুশ ভেঙে দেবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া উঠিয়ে দেবেন। সে সময় সম্পদের এত প্রাচুর্য হবে যে কেউ তা গ্রহণ করতে চাইবে না।’ (বুখারি: ৩৪৪৮; মুসলিম: ১৫৫)
অন্য হাদিসে নাওয়াস ইবনে সামআন (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘দাজ্জাল যখন ফিতনা সৃষ্টি করবে, তখন আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে পাঠাবেন। তিনি পূর্বদিকের সাদা মিনারে (দামেস্কে) অবতরণ করবেন। তিনি দাজ্জালকে লুদ নামক স্থানে হত্যা করবেন।’ (মুসলিম: ২৯৩৭)
আরেক হাদিসে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ঈসা (আ.) যখন আসবেন, তখন আহলে কিতাব সম্প্রদায় তাঁর প্রতি ইমান আনবে এবং ইসলামের বিজয় ঘটবে।’ (বুখারি: ৩৪৪৮)
কোরআনের আয়াত, প্রামাণ্য হাদিস ও ইজমার মাধ্যমে ঈসা (আ.)-এর পুনরাগমন সুপ্রমাণিত হওয়ার কারণে আলেমগণ তা অস্বীকারকারীকে কাফের সাব্যস্ত করেছেন। এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির আকিদাতুল ইসলাম ফি হায়াতি ঈসা আলাইহিস সালাম, ইমাম জালালুদ্দিন সুয়ুতির কিতাবুল ইলাম বিহুকমি ঈসা আলাইহিস সালাম এবং আল্লামা ইদ্রিস কান্ধলভির হায়াতে ঈসা আলাইহিস সালাম ইত্যাদি বইয়ে। বিস্তারিত সেখানে দেখা যেতে পারে।
উত্তর দিয়েছেন: মুফতি আবু আবদুল্লাহ আহমদ, শিক্ষক ও ফতোয়া গবেষক

মক্কা নগরী এবং এর চারপাশে ঘিরে থাকা নির্দিষ্ট একটি পরিধি ইসলামে ‘হারাম’ বা অতি সম্মানিত এলাকা হিসেবে পরিচিত। এই অঞ্চল স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। ফেরেশতা জিবরাইল (আ.)-এর মাধ্যমে আল্লাহ তাঁর খলিল হজরত ইবরাহিম (আ.)-কে এই হারামের সীমানা দেখিয়ে দিয়েছিলেন। জিবরাইল (আ.)-এর সেই নির্দেশনা...
৫ ঘণ্টা আগে
দম আদায়ের কিছু সুনির্দিষ্ট নিয়ম ও শর্ত রয়েছে। ফিকহ শাস্ত্রের বিভিন্ন কিতাব, যেমন—ফাতহুল কাদির, রদ্দুল মুহতার ও আল বাহরুর রায়েকের আলোকে দমের সঠিক বিধান নিচে আলোচনা করা হলো।
৯ ঘণ্টা আগে
পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ, নির্ভরযোগ্য এবং অকৃত্রিম ভালোবাসার নাম হলো মা। একজন মানুষ যখন প্রথম পৃথিবীর আলো দেখে, তখন তার প্রথম আশ্রয়, প্রথম নিরাপত্তা এবং মমতার কেন্দ্রবিন্দুতে থাকেন মা। ইসলাম এই পবিত্র সম্পর্কটিকে শুধু আবেগ বা পারিবারিক বন্ধনের মধ্যে সীমাবদ্ধ রাখেনি; বরং মায়ের মর্যাদাকে উন্নীত....
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৮ ঘণ্টা আগে