হতাশা ও দুশ্চিন্তার সময় মনকে শান্ত করবে কোরআনের যে ১৪ আয়াত

জীবনের চলার পথে কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো প্রাচুর্য, কখনো সংকট, কখনো সাফল্য, কখনো আবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়। এই পথচলায় এমন কিছু মুহূর্ত আসে, যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায় এবং দুশ্চিন্তা ও হতাশায় মন ভেঙে পড়ার উপক্রম হয়। ঠিক এমনই এক অস্থির ও কঠিন সময়ে পবিত্র কোরআন আমাদের শেখায়—একজন মুমিন কখনো আশাহীন বা হতাশ হন না; কারণ তাঁর রব পরম দয়ালু, সর্বশক্তিমান ও সর্বোত্তম পরিকল্পনাকারী। কোরআনের বাণী ভেঙে পড়া হৃদয়ে নতুন শক্তি জোগায়, অন্ধকারে পথহারা মানুষকে আশার আলো দেখায় এবং সংকটগ্রস্ত বান্দাকে রবের প্রতি আরও দৃঢ় আস্থা ফিরিয়ে দেয়।
হতাশা ও দুশ্চিন্তার মুহূর্তে হৃদয়কে প্রশান্ত করতে পবিত্র কোরআনের নির্বাচিত ১৪টি আয়াত নিচে তুলে ধরা হলো:
১. নিরাশ না হয়ে ইমানি দৃঢ়তা ধরে রাখার আয়াত
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنتُمُ الْأَعْلَوْنَ إِن كُنتُم مُّؤْمِنِينَ
অর্থ: তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ কোরো না। যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই বিজয়ী হবে। (সুরা আলে ইমরান: ১৩৯)
২. সাধ্যাতীত বোঝা না চাপানোর আশ্বাস
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ
অর্থ: আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যাতীত কোনো বোঝা চাপিয়ে দেন না। সে যা অর্জন করে, তা তার জন্যই এবং সে যা কামাই করে, তা তার ওপরই বর্তাবে। (সুরা বাকারা: ২৮৬)
৩. কষ্টের পর স্বস্তির সুসংবাদ
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا
অর্থ: অতএব, নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি। (সুরা ইনশিরাহ: ৫-৬)
৪. আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার আহ্বান
قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنفُسِهِمْ لَا تَقْنَطُوا مِن رَّحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
অর্থ: বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা জুমার: ৫৩)
৫. তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসার শিক্ষা
وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ
অর্থ: যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট। (সুরা তালাক: ৩)
৬. অন্তরের প্রশান্তির উৎস
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
অর্থ: জেনে রেখো, আল্লাহকে স্মরণের মাধ্যমেই অন্তরে সত্যিকারের প্রশান্তি লাভ করা যায়। (সুরা রাদ: ২৮)
৭. আপাত অপছন্দের ভেতর লুকিয়ে থাকা কল্যাণ
وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ
অর্থ: হতে পারে, তোমরা কোনো কিছু অপছন্দ করছ, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। (সুরা বাকারা: ২১৬)
৮. ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ ۚ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
অর্থ: হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। (সুরা বাকারা: ১৫৩)
৯. সংকীর্ণমনা না হওয়ার নির্দেশ
وَاصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ ۚ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ
অর্থ: আর তুমি সবর কর। তোমার সবর তো শুধু আল্লাহর তৌফিকেই। তারা যেসব ষড়যন্ত্র করছে, তুমি সে বিষয়ে সংকীর্ণমনা হয়ো না। (সুরা নাহল: ১২৭)
১০. দোয়ায় সাড়া দেওয়ার প্রতিশ্রুতি
ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ ۚ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ
অর্থ: তোমরা আমাকে ডাকো, আমি (তোমাদের ডাকে) সাড়া দেব। যারা অহংকারবশত আমার ইবাদত করে না, নিশ্চিয়ই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। (সুরা গাফির: ৬০)
১১. পেরেশানির মুহূর্তে রবের আশ্বাস
لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا
অর্থ: তুমি পেরেশান হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। (সুরা তাওবা: ৪০)
১২. উত্তম কর্মবিধায়ক হিসেবে আল্লাহ
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
অর্থ: আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। (সুরা আলে ইমরান: ১৭৩)
১৩. ভয় দূর করে বিজয়ের সুসংবাদ
لَا تَخَفْ إِنَّكَ أَنتَ الْأَعْلَىٰ
অর্থ: ভয় করো না, নিশ্চয়ই তুমিই বিজয়ী হবে। (সুরা ত্ব-হা: ৬৮)
১৪. তাকওয়া, উত্তরণের পথ ও অকল্পনীয় রিজিক
وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ
অর্থ: যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন, যা সে কল্পনাও করতে পারে না। (সুরা তালাক: ২-৩)
জীবনের যেকোনো দুশ্চিন্তা, মানসিক চাপ বা হতাশার মুহূর্তে এই আয়াতগুলো ধীরে ধীরে তিলাওয়াত করুন এবং শান্ত মনে প্রতিটি শব্দের অর্থ ও মর্ম নিয়ে গভীরভাবে চিন্তা করুন। হতাশায় ভেঙে না পড়ে সর্বদা মহান আল্লাহর ওপর ভরসা রাখুন এবং তাঁর রহমতের প্রতি আস্থাশীল থাকুন। কারণ, যে রব আকাশ ও জমিনের স্রষ্টা, তিনিই যেকোনো সংকট থেকে মুক্তির পথ খুলে দিতে সক্ষম। নিয়মিত এই আয়াতগুলোর চর্চা ও অর্থ অনুধাবনের মাধ্যমে হৃদয়ে নেমে আসবে প্রশান্তি এবং ইমানের আলো আরও উজ্জ্বল হয়ে উঠবে ইনশা আল্লাহ।









