বাংলাদেশে আসছেন বিশ্বখ্যাত মুফতি তাকি উসমানি, অংশ নেবেন যেসব অনুষ্ঠানে

মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ, বিশিষ্ট ফকিহ এবং পাকিস্তানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম করাচির মহাপরিচালক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি বাংলাদেশ সফরে আসছেন। ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সাত দিনের এই সফরে তিনি দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ৯টি ধর্মীয় ও শিক্ষামূলক অনুষ্ঠানে অংশ নেবেন।
সফরের প্রধান সমন্বয়কারী মুফতি মিজানুর রহমান সাঈদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি জানানো হয়।
একনজরে সফরসূচি
| তারিখ | অনুষ্ঠান |
|---|---|
| ২২ নভেম্বর (রোববার) | বাংলাদেশে পৌঁছে মাগরিব অথবা এশার পর রাজধানীর খিলক্ষেতের শায়খ যাকারিয়া ইসলামি রিসার্চ সেন্টারের ১৫-সালা দস্তারবন্দি ও আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে অংশ নেবেন তিনি। |
| ২৩ নভেম্বর (সোমবার) | এশার নামাজের পর ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০-সালা দস্তারবন্দি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। |
| ২৪ নভেম্বর (মঙ্গলবার) | সকাল ১০টায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা সফর করবেন। |
| ২৫ নভেম্বর (বুধবার) | বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত নরসিংদীর হেরিটেজ রিসোর্টে যাত্রাবিরতি করবেন। একই দিন এশার পর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত উলামা সম্মেলনে অংশ নেবেন। |
| ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) | মাগরিবের পর বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও আল-হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উলামা সম্মেলনে যোগ দেবেন। |
| ২৭ নভেম্বর (শুক্রবার) | সফরের ষষ্ঠ দিনে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার খুতবা ও সাধারণ বয়ান পেশ করবেন। একই দিন এশার পর কেরানীগঞ্জের জামিয়া হাকিমুল উম্মতে ইসলাহি সম্মেলনে অংশ নেবেন। |
| ২৮ নভেম্বর (শনিবার) | সফরের শেষ দিনে মাগরিবের পর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীতে ‘দরসে বুখারি’ প্রদান করবেন। |
আয়োজকেরা জানিয়েছেন, বার্ধক্যজনিত দুর্বলতা ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মুফতি তাকি উসমানির সফরসূচিতে কয়েক দফা পরিবর্তন আনা হয়েছে।
শুরুর দিকে প্রতিদিন একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পরিকল্পনা থাকলেও, ৬ নভেম্বর চূড়ান্ত সূচি প্রণয়নের সময় তাঁর স্বাস্থ্যের কথা চিন্তা করে অনুষ্ঠানের সংখ্যা কমিয়ে আনা হয় এবং পূর্বনির্ধারিত কয়েকটি আয়োজন বাদ দেওয়া হয়।









