
প্রশ্ন: কোরআন-হাদিসে শাবান মাসের ফজিলত সম্পর্কে কী বলা হয়েছে? এ মাসে আমরা কী কী আমল করতে পারি? কোন কোন আমল না করার কথা এসেছে?
আশেকুর রহমান, ঢাকা
উত্তর: হিজরি সনের অষ্টম মাস শাবান। ইসলামে এ মাসের ফজিলত ও মর্যাদা অনেক। মহানবী (সা.) রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন। শাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন। এ মাসের মধ্যভাগে রয়েছে ফজিলতের রাত শবে বরাত।
শবে বরাতের আমল
শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ইসলামের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত বলা হয়। এ রাতে বান্দার গুনাহ মাফ করা হয়। অভাবীকে রিজিক দেওয়া হয়। বিপদগ্রস্তকে বিপদ থেকে মুক্তি দেওয়া হয়। এ রাত জাহান্নাম থেকে মুক্তির রাত। হাদিসে এসেছে, ‘রাসুল (সা.) বলেন, ‘যখন শাবান মাসের ১৫ তারিখের রাত আসবে, তখন তোমরা রাতে নামাজ আদায় করো, দিনে রোজা রাখো। নিশ্চয়ই আল্লাহ এ রাতে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পৃথিবীর আসমানে এসে বলেন, ‘আমার কাছে কোনো গুনাহ ক্ষমাপ্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করে দেব। কোনো রিজিকপ্রার্থী আছে কি? আমি তাকে রিজিক দেব। কোনো বিপদগ্রস্ত মুক্তি পেতে চায় কি? আমি তাকে মুক্তি দেব। আছে কি এমন, আছে কি তেমন? এমন বলতে থাকেন ফজর পর্যন্ত।’ (ইবনে মাজাহ: ১৩৮৮)
নফল রোজা
রাসুল (সা.) শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) শাবান মাসের চেয়ে বেশি রোজা কোনো মাসে রাখতেন না। তিনি পুরো শাবান মাসই রোজা রাখতেন এবং বলতেন, ‘তোমাদের মধ্যে যতটুকু সামর্থ্য আছে, ততটুকু (নফল) আমল করো। কারণ তোমরা (আমল করতে করতে) পরিশ্রান্ত হয়ে না পড়া পর্যন্ত আল্লাহ তাআলা নেকি দেওয়া বন্ধ করেন না।’ (বুখারি: ১৯৭০)
বিশেষ দোয়া
রাসুল (সা.) রজব ও শাবান মাসব্যাপী বেশি বেশি রমজানের বরকত লাভের জন্য দোয়া করতেন। রজবের মতো এই মাসেও এ দোয়া বেশি বেশি পড়তেন—আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ: হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন।’ (আহমাদ: ২৫৯)
শাবানের শেষ দুই দিনের রোজা
শাবান মাসের ২৯ ও ৩০ তারিখ রোজা না রাখাই উত্তম। তবে নিয়মিত রুটিন হিসেবে ওই দুই দিন পড়ে গেলে রাখা যাবে। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘তোমরা রমজানের এক দিন অথবা দুই দিন আগে রোজা রাখবে না। অবশ্য কেউ প্রতি মাসে ওই দিনে রোজা পালনে অভ্যস্ত হলে রাখতে পারবে।’ (আবু দাউদ: ১৩৩৫)
উত্তর দিয়েছেন ,মুফতি ইশমাম আহমেদ, ইসলামবিষয়ক গবেষক

দোয়া মুমিনের জন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার অন্যতম মাধ্যম। তাই দোয়ার পাশাপাশি হালাল উপার্জন, নেক আমল, গুনাহ থেকে বেঁচে থাকা ও আল্লাহর প্রতি অটুট আস্থা রাখা জরুরি। দোয়া করে দ্রুত ফল না পেলেও হতাশ না হয়ে ধৈর্য ধরে আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে।
১০ ঘণ্টা আগে
ইসলামে আত্মিক পরিশুদ্ধি ও প্রাত্যহিক জীবনের বরকত লাভের মূল চাবিকাঠি হলো আল্লাহর কাছে ক্ষমা বা ইস্তিগফার প্রার্থনা করা। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে ক্ষমা প্রার্থনার নির্দেশ দিয়ে বলেন, ‘তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে।
১৫ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৯ ঘণ্টা আগে
আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অনলাইনে ফি জমা শুরু হচ্ছে ৮ অক্টোবর থেকে। বিলম্ব ফি ছাড়া আগামী ১ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অন্যদিকে ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।
১ দিন আগে