Ajker Patrika

কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের পরীক্ষার তারিখ ঘোষণা

ইসলাম ডেস্ক
কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের পরীক্ষার তারিখ ঘোষণা
ছবি: সংগৃহীত

আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীন ১৪৪৮ হিজরি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার অনলাইনে ফি জমা শুরু হচ্ছে ৮ অক্টোবর থেকে। বিলম্ব ফি ছাড়া আগামী ১ নভেম্বর পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। অন্যদিকে ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে।

আল-হাইআতুল উলয়ার অফিস ব্যবস্থাপক ও পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ সময়ে (৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬/২৬ রবিউস সানি থেকে ২০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি) নিয়মিত পরীক্ষার্থীদের ফি ১ হাজার ৬০০ টাকা ও মানোন্নয়নসহ অনিয়মিত পরীক্ষার্থীদের ফি ১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ২ থেকে ১১ নভেম্বর (২১ থেকে ৩০ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি) পর্যন্ত ফি জমা দেওয়া যাবে। এ সময়ে নিয়মিত পরীক্ষার্থীদের ১ হাজার ৮০০ টাকা ও অনিয়মিত পরীক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা ফি দিতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) (১২/১৩ শাবান ১৪৪৮ হিজরি) এবং শেষ হবে ১ ফেব্রুয়ারি (সোমবার) (২৩/২৪ শাবান ১৪৪৮ হিজরি)। এর মধ্যে ২২ ও ২৯ জানুয়ারি (শুক্রবার) পরীক্ষা বন্ধ থাকবে। সময়সূচির ক্ষেত্রে ইংরেজি তারিখ চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আল-হাইআতুল উলয়ার অধীন বোর্ডভুক্ত সব দাওরায়ে হাদিস মাদ্রাসা কর্তৃপক্ষ এবং নিবন্ধিত নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। পরীক্ষার ফি কেবল আল-হাইআতুল উলয়ার সফটওয়্যারের (hems. alhaiatululya. org) মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। পেমেন্টের জন্য নগদ অথবা ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং ব্যবহার করা যাবে।

ফি জমার প্রক্রিয়া সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসাগুলোকে সফটওয়্যারের ‘পরীক্ষাসংক্রান্ত’ মেনু থেকে ‘অন্তর্ভুক্তি তালিকা’য় প্রবেশ করতে হবে, যেখানে সংশ্লিষ্ট মাদ্রাসার নিবন্ধিত শিক্ষার্থীদের তালিকা দেখা যাবে। সব পরীক্ষার্থীর ফি একসঙ্গে জমা দিতে ‘সকল পরীক্ষার্থীর পেমেন্ট’ বাটন ব্যবহার করতে হবে। নির্দিষ্ট কয়েকজন পরীক্ষার্থী ফি জমা দিতে চাইলে তালিকায় তাঁদের নামের পাশের ঘরে টিকচিহ্ন দিয়ে ‘প্রয়োগ’ বাটনে ক্লিক করতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় পেমেন্টের বিবরণী দেখে পছন্দের পেমেন্ট মাধ্যম বেছে নেওয়া যাবে।

উল্লেখ্য, দাওরায়ে হাদিস (তাকমিল) কওমি মাদ্রাসাশিক্ষার সর্বোচ্চ স্তর। ২০১৮ সালে জাতীয় সংসদে পাস হওয়া আইনের মাধ্যমে আল-হাইআতুল উলয়ার অধীন এই স্তরের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) ডিগ্রির সমমান দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত