
দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে সাক্ষাৎকালে এই অনুমোদন দেন ট্রাম্প।
এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামের শীর্ষ সম্মেলনের আগে দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প।
প্রেসিডেন্ট লি জে মিউংয়ের এক উপদেষ্টা জানান, বিনিয়োগ ও জাহাজ নির্মাণ-সম্পর্কিত একটি চুক্তিতে এগিয়েছে দুই দেশ। ট্রাম্পও বলেছেন, চুক্তিটি ‘প্রায় চূড়ান্ত’।
আজ বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘আমি তাদের এখনকার ডিজেলচালিত সেকেলে ধীরগতির সাবমেরিনের পরিবর্তে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দিয়েছি।’
আরও একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘দক্ষিণ কোরিয়া তাদের পারমাণবিক সাবমেরিন তৈরি করবে ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে, আমাদের প্রিয় আমেরিকাতে।’
ট্রাম্প আরও যোগ করেন, ‘আমাদের দেশে জাহাজ নির্মাণশিল্পের বিশাল প্রত্যাবর্তন হচ্ছে।’
দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণশিল্প বিশ্বের অন্যতম উন্নত হলেও পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের জন্য প্রয়োজনীয় প্রপালশন প্রযুক্তি কোথা থেকে আসবে, সে বিষয়ে ট্রাম্প কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।
যুক্তরাষ্ট্র বর্তমানে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে অকাস (Aukus) প্রকল্পে কাজ করছে। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে অস্ট্রেলিয়া পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পাবে। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যুক্তরাজ্যের সঙ্গে এই প্রযুক্তি ভাগ করে নিয়েছে, তাও সেই পঞ্চাশের দশকে।
গতকাল লি জে মিউং ট্রাম্পকে পারমাণবিক সাবমেরিনের জন্য জ্বালানি সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন।
লি ট্রাম্পকে বলেন, ‘আমরা পারমাণবিক অস্ত্রে সজ্জিত সাবমেরিন তৈরির প্রস্তাব করছি না। বরং, ডিজেলচালিত সাবমেরিনের পানির নিচে স্থায়িত্ব কম, যা আমাদের উত্তর কোরিয়া বা চীনের সাবমেরিনগুলোকে অনুসরণ করার ক্ষমতাকে সীমিত করে।’
লির আগে দক্ষিণ কোরিয়ার অন্য প্রেসিডেন্টরাও পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু কয়েক দশক ধরে এর বিরোধিতা করে আসছিল যুক্তরাষ্ট্র।
সিউলের প্রেসিডেন্সিয়াল অফিস জানিয়েছে, ট্রাম্পের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজের ডেজার্টের ওপরে ‘PEACE!’ (শান্তি!) শব্দটি ব্যবহার করা হয়। এটি দুই নেতার প্রথম সাক্ষাতের প্রতিধ্বনি, যখন তাঁরা কোরীয় উপদ্বীপে শান্তি রক্ষায় ‘শান্তি স্থাপনকারী’ (পিসমেকার) ও ‘গতি সঞ্চারকারী’ (পেসমেকার) হিসেবে কাজ করার অঙ্গীকার করেছিলেন।
পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করায় উত্তেজনা এখনো তুঙ্গে রয়েছে।
গতকাল ট্রাম্প জানান, তিনি দক্ষিণ কোরিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কোনো বৈঠক আয়োজন করতে সক্ষম হননি, ফলে বহু বছরের কূটনৈতিক স্থবিরতার পর সম্ভাব্য শীর্ষ সম্মেলন নিয়ে চলা তীব্র জল্পনার অবসান হলো।
ওয়াশিংটনভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল বলেন, দক্ষিণ কোরিয়া এ ধরনের সাবমেরিন অর্জন করলে বিভিন্ন ধরনের প্রশ্নের উদ্রেক হবে। অকাস চুক্তির মতো দক্ষিণ কোরিয়া সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে সাবমেরিনের জন্য পারমাণবিক প্রপালশন সেবা ও জ্বালানি আশা করছে।
কিমবল আরও বলেন, এ ধরনের সাবমেরিন সাধারণত উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হয়। এর জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পক্ষ থেকে জটিল এক নিরাপত্তাব্যবস্থার প্রয়োজন হবে, যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ।
কিমবল বলেন, অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য প্লুটোনিয়াম নিষ্কাশনের জন্য প্রযুক্তি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জন করা দক্ষিণ কোরিয়ার জন্য প্রযুক্তিগত ও সামরিকভাবে অপ্রয়োজনীয়, যা পারমাণবিক অস্ত্র উৎপাদনেও ব্যবহার হতে পারে।
কিমবল আরও সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করতে চায়, তবে ট্রাম্প প্রশাসনের উচিত মিত্রদের কাছ থেকে আসা এ ধরনের প্রস্তাবকে দৃঢ়ভাবে প্রতিহত করা, যেমনটি তারা শত্রুপক্ষের এই দ্বৈত ব্যবহারের প্রযুক্তিগুলোতে প্রবেশাধিকার অস্বীকার করার জন্য কাজ করে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের অবস্থান আবারও স্পষ্ট করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতিতে রাজি নয়; বরং পুরো যুদ্ধের স্থায়ী সমাপ্তিই তাদের লক্ষ্য।
২৭ মিনিট আগে
এপ্রিল মাসের প্রথম দিনটি বিশ্বজুড়ে ‘এপ্রিল ফুলস ডে’ হিসেবে পরিচিত। এ দিনে অনেকেই কাছের বা পরিচিত মানুষকে বোকা বানিয়ে মজা করার চেষ্টা করেন। কিন্তু এপ্রিলের প্রথম দিনটি কীভাবে বোকা বানানোর দিন হলো? এ নিয়ে মার্কিন সাময়িকী ন্যাশনাল জিওগ্রাফিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে পাঁচ দফা উদ্যোগের অংশ হিসেবে শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে দ্রুত শান্তি সংলাপ শুরু করার ওপর জোর দিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
চলমান মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে একটি মানসিক হাসপাতাল এবং ক্যানসার চিকিৎসার ওষুধ উৎপাদনকারী কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। এই ঘটনায় স্বাস্থ্যসেবা খাতে গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থা।
৫ ঘণ্টা আগে