
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। তাঁর এই সফর ইরান-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আসিম মুনিরের এই সফর নজিরবিহীনও বটে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ বুধবার হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের সরকারি সময়সূচিতে এই বৈঠকের উল্লেখ রয়েছে। এই বৈঠক হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে হবে এবং সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ।
ইসলামাবাদে এই সফরকে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কারণ, চলতি মাসের শুরুতে ভারতের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে দেখা করে। ভারতীয় গণমাধ্যম সেটিকে বড় সাফল্য হিসেবে তুলে ধরে। তখন পাকিস্তানি প্রতিনিধিরা এমন কোনো বৈঠক করতে পারেননি বলে তুলনা করা হচ্ছিল। এবার হোয়াইট হাউস থেকে মুনিরকে আমন্ত্রণ জানানোয় ইসলামাবাদে এটিকে ভারতীয় প্রচারণার জবাব হিসেবে দেখানো হচ্ছে।
গত মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার আকাশপথে লড়াইয়ের পর এ ঘটনা পাকিস্তানের কূটনীতির জন্য বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। সেই সংঘর্ষে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেনাপ্রধান মুনির এখন পাঁচ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
গত মাসে পাকিস্তানের পাঁচ তারকা সেনা কর্মকর্তার পদে উন্নীত হন আসিম মুনির। ১৯৫৯ সালের পর এটাই প্রথম। সে সময় আইয়ুব খান এই পদে ছিলেন। যুক্তরাষ্ট্র সফরে তিনি এক বক্তব্যে ভারতকে ‘সভ্য রাষ্ট্রের’ মতো আচরণ করার আহ্বান জানান। বলেন, পাকিস্তানের ওপর কর্তৃত্ব দেখানোর চেষ্টা না করে আলোচনায় আসুক ভারত।
গত সোমবার রাতে ওয়াশিংটনের জর্জটাউন এলাকায় ফোর সিজনস হোটেলে প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশে বক্তব্য দেন মুনির। সেখানে তিনি ভারতীয় দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেন। পেহেলগাম হামলার পেছনে পাকিস্তান রয়েছে—এমন অভিযোগকে তিনি ভারতীয় আগ্রাসনের অজুহাত বলে অভিহিত করেন। তিনি বলেন, ভারত আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের মাধ্যমে একটি বিপজ্জনক ‘নতুন স্বাভাবিকতা’ গড়তে চায়। পাকিস্তান তা কখনোই মেনে নেবে না, বরং শহীদ হওয়াকে শ্রেয় মনে করবে।
হোটেলে মুনিরকে ফুল ছিটিয়ে অভিনন্দন জানানো হয়। তাঁর প্রশংসায় স্লোগান দেন উপস্থিত ব্যক্তিরা। তবে হোটেলের বাইরে ছিল বিরোধী দল পিটিআইয়ের নেতা-কর্মীদের বিক্ষোভ। তাঁরা দেশে গণতান্ত্রিক সংস্কার ও বন্দী নেতাদের মুক্তির দাবি জানান। তবে তাঁদের কণ্ঠ হোটেলের ভেতরে পৌঁছায়নি।
বক্তব্যে সেনাপ্রধান মুনির আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে ‘পরিষ্কার ও শক্ত সমর্থন’ দিচ্ছে পাকিস্তান। একই সঙ্গে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকেও সমর্থন জানায় ইসলামাবাদ। মুনির বলেন, ‘আমরা চাই এই যুদ্ধ এখনই থেমে যাক।’
তবে সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে বাড়তি সহযোগিতা। গতকাল মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলা বলেন, আইএস-কের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান ‘অসাধারণ অংশীদার’। বিশেষ করে পাকিস্তান-আফগান সীমান্তে পরিচালিত অভিযানের জন্য তিনি প্রশংসা করেন।
মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে কুরিলা জানান, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তায় পাকিস্তান আইএস-কের বহু সদস্য হত্যা করেছে। আটক করেছে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাকে। এর মধ্যে রয়েছে মোহাম্মদ শরিফুল্লাহ, যিনি কাবুলের অ্যাবি গেট বিস্ফোরণের অন্যতম পরিকল্পনাকারী। সেই হামলায় ১৩ মার্কিন সেনাসদস্য নিহত হন।
জেনারেল কুরিলা বলেন, ‘সবার আগে মুনির আমাকে ফোন করেন। বলেন, “আমি ওকে ধরেছি, যুক্তরাষ্ট্রে ফেরত পাঠাতে প্রস্তুত। দয়া করে প্রতিরক্ষামন্ত্রী ও প্রেসিডেন্টকে জানান।”এরপরই শরিফুল্লাহকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়।’
সিনেট আর্মড সার্ভিসেস কমিটিতেও জেনারেল কুরিলা বলেন, পাকিস্তান সীমান্ত এলাকায় আইএস-কে নির্মূলে ‘ডজন ডজন’ অভিযান চালিয়েছে। এখনো দক্ষিণ ও মধ্য এশিয়ায় জঙ্গিবাদ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পাকিস্তান। তিনি বলেন, তালেবান আইএস-কে সদস্যদের সীমান্ত এলাকায় ঠেলে দিয়েছে। সেসব জায়গা থেকে তারা আঞ্চলিক মিত্রদের ছাড়াও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করছে।
২০২৪ সালে পাকিস্তানে এক হাজারেরও বেশি জঙ্গি হামলা হয়। এতে সাত শতাধিক নিরাপত্তাকর্মী ও আড়াই হাজারের মতো বেসামরিক নাগরিক নিহত হন। এমন পরিস্থিতির মধ্যেও পাকিস্তান সন্ত্রাসবিরোধী প্রচেষ্টায় ‘অসাধারণ অংশীদার’ বলে মন্তব্য করেন কুরিলা।
প্রবাসীদের সঙ্গে আলাপে মুনির বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে প্রবাসী পাকিস্তানিরা বড় ভূমিকা রাখছেন। তিনি মেধা পাচারের বিষয়টি গুরুত্ব না দিয়ে একে ‘মেধা অর্জন’ বলে উল্লেখ করেন। সেনাপ্রধান দেশটির অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে সরাসরি কিছু বলেননি। কেউ একজন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমালোচনা করতে চাইলে তিনি নিরুৎসাহিত করেন। আরেকজন রসিকতা করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষদের ‘সফটওয়্যার আপডেট’ করা উচিত। জবাবে মুনির বলেন, গণতান্ত্রিক সমাজে মত প্রকাশের অধিকার সুরক্ষিত থাকা উচিত।
আলোচনা শেষ হয় সেনাপ্রধান ও প্রবাসীদের পক্ষ থেকে একযোগে পাকিস্তানকে আরও শক্তিশালী ও টেকসই রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকারের মাধ্যমে।
আরও খবর পড়ুন:

ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘বেকার কিছু তরুণ “তেলাপোকা” হয়ে গেছেন। তাঁদের কেউ কেউ ‘মিডিয়া, সোশ্যাল মিডিয়া আবার অনেক সময় আরটিআই (তথ্য অধিকার) অ্যাকটিভিস্ট বনে যান। তারপর পুরো ব্যবস্থার ওপর আক্রমণ শুরু করেন...
২ ঘণ্টা আগে
‘চীন থেকে কোনো কিছুই উড়োজাহাজে তোলা যাবে না।’ গতকাল শুক্রবার ট্রাম্পের প্রতিনিধিদল বেইজিং ত্যাগ করার সময় এই বার্তাটিই কঠোরভাবে কার্যকর করেন মার্কিন কর্মকর্তারা। এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে প্রেস পাস থেকে শুরু করে বার্নার ফোনসহ চীন থেকে দেওয়া সব জিনিসপত্র সংগ্রহ করে আবর্জনার....
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে কাটানো সময়টা বিশ্ব রাজনীতির জন্য বেশ আলোচনারই বলা চলে। এর মধ্যে চিনপিং তাঁর ব্যক্তিগত বাগানে নিয়ে গেলেন ট্রাম্পকে। এই বিরল দৃশ্য আলোড়ন তুলেছে সবার মাঝেই। কারণ চীনের গণমাধ্যমে সি চিনপিংকে সাধারণত...
৭ ঘণ্টা আগে
কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে সম্ভাব্য এই অভিযোগ কবে আনুষ্ঠানিকভাবে দাখিল করা হবে, তা এখনো স্পষ্ট নয়।
১৬ ঘণ্টা আগে