ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেসে সর্বস্বান্ত মদের দোকানি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫ মাত্রার ভূমিকম্প ও আফটার শকে লন্ডভন্ড হয়ে গেছে একটি ওয়াইনের দোকান। ভেঙে গেছে শত শত বোতল। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ডলার।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস উপকূলে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় শনিবার সকালে আঘাত হানা এ ভূমিকম্পের পর অন্তত ৪০টি আফটার শক অনুভূত হয়। এর প্রভাবে ক্যালিফোর্নিয়ার হারমোসা বিচের বোকাটোস গ্রোসারি স্টোরে কয়েক ঘণ্টার ব্যবধানে দুবার ব্যাপক কম্পন অনুভূত হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথম কম্পনেই দোকানের তাক থেকে নিচে পড়ে ভেঙে যায় শত শত ওয়াইনের বোতল। পরে আরেকটি শক্তিশালী আফটার শকে আবার একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। এতে সব মিলিয়ে প্রায় ৪৫ হাজার থেকে ৫০ হাজার ডলারের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দোকান কর্তৃপক্ষ।
দোকানটির প্রতিনিধি জে হেরন বিবিসিকে বলেন, ভূমিকম্পের এমন ভয়াবহতা আগে কখনো অনুভব করিনি। এখন আমাদের দোকানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। আজকের দিনের বেশির ভাগ সময়ই এই কাজে কেটেছে। আমরা সবকিছু হারাইনি, তবে অনেক কিছুই হারিয়েছি।
প্রথম ভিডিওটি ধারণ করা হয় দোকান খোলার আগেই। কিন্তু পরবর্তী শক্তিশালী কম্পনটি আঘাত হানার সময় দোকানে ক্রেতারা উপস্থিত ছিলেন। তাঁরা দোকানের ভেতরে (পণ্যের সারির মাঝের চলাচলের পথ ধরে) কেনাকাটা করছিলেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ক্যালিফোর্নিয়ার ম্যানহাটন বিচের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে লস অ্যাঞ্জেলেসের আশপাশের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও কম্পন অনুভূত হয়।
তবে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আশপাশের ফায়ার স্টেশন থেকে কর্মী পাঠানো হলেও প্রাথমিকভাবে কোনো হতাহত বা ভবন ধসের ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের প্রভাব পড়ে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরেও। বিমানবন্দরের একটি টার্মিনালের কয়েকটি জানালা ভেঙে যায়। নিরাপত্তার কারণে টার্মিনালের একটি চলাচলের পথও বন্ধ রাখতে হয়।
ভূমিকম্পের সময় বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের (এটিসি) একটি নির্দেশও আলোচনায় এসেছে। প্রকাশিত ভিডিও ও অডিওতে শোনা যায়, কম্পন শুরু হওয়ার ঠিক মুহূর্তে একজন নিয়ন্ত্রক রানওয়ের কাছে অবতরণের প্রস্তুতি নেওয়া ডেলটা এয়ার লাইনসের একটি উড়োজাহাজকে অবতরণ বাতিলের নির্দেশ দিচ্ছেন।









