
বিশ্বজুড়ে এইচআইভি, যক্ষ্মা ও ম্যালেরিয়ার মতো প্রাণঘাতী রোগের ওষুধ এবং নবজাতকদের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর সরবরাহ বন্ধের উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব চিকিৎসা সরঞ্জাম মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির সহায়তা ভোগী বিভিন্ন দেশে পাঠানো হতো। এ নির্দেশ-সংক্রান্ত এক নথির বরাতে আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
গতকাল সোমবার ইউএসএআইডির প্রায় ৬০ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে ছুটিতে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এরপর এই ওষুধ সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়া হলো।
রয়টার্সের পাওয়া নথি থেকে জানা যায়, ইউএসএআইডির সঙ্গে সরবরাহে জড়িত ঠিকাদার ও অংশীদার প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।
শীর্ষ পর্যায়ের মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান চেমনিক্সকে পাঠানো একটি নথি পেয়েছে রয়টার্স। চেমনিক ইউএসএআইডির সঙ্গে বিশ্বব্যাপী বিভিন্ন রোগের ওষুধ সরবরাহে কাজ করে।
ওই নথিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি এইচআইভি, ম্যালেরিয়া এবং টিউবারকুলোসিসের পাশাপাশি গর্ভনিরোধক, প্রসূতি ও শিশুস্বাস্থ্য সরঞ্জাম নিয়ে কাজ বন্ধ করার নির্দেশ পেয়েছে। এক ইউএসএআইডি সূত্র ও একজন সাবেক ইউএসএআইডি কর্মকর্তার কাছ থেকে এসব তথ্য পাওয়ার দাবি করেছে রয়টার্স।
রয়টার্স চেমনিক্স ও ইউএসএআইডির সঙ্গে যোগাযোগ করলে কোনো তাৎক্ষণিক সাড়া মেলেনি।
গত ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর মার্কিন সহায়তা ও অর্থায়ন স্থগিতের নির্বাহী আদেশ দিয়েছিলেন। ওই আদেশের অংশ হিসেবে ওষুধ সরবরাহ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। যদিও ট্রাম্পের নির্বাহী আদেশটির বিভিন্ন অংশ পুনর্মূল্যায়নের জন্য সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ৭২ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে। ২০২৪ সালে জাতিসংঘের হিসাব অনুযায়ী, সব মানবিক সহায়তার মধ্যে যুক্তরাষ্ট্রের অবদান ছিল ৪২ শতাংশ। এই সরবরাহ বন্ধের পদক্ষেপে বিশ্বের বৃহত্তম একক দাতার সরবরাহকৃত বিলিয়ন ডলারের প্রাণরক্ষাকারী সহায়তা কার্যক্রম হুমকির মুখে পড়েছে।
এসব পদক্ষেপ বিশ্বব্যাপী সহায়তা কার্যক্রমে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। বিশেষ করে এই সরবরাহ বন্ধ হলে উন্নয়নশীল দেশগুলোতে স্বাস্থ্য ও মানবিক সহায়তা খাতে গভীর সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন তাঁরা।
চলতি মাসেই ইউএসএআইডির বিশ্ব স্বাস্থ্য বিভাগের প্রধানের পদ থেকে সরে দাঁড়ানো অতুল গাওয়ান্দে বলেন, ‘এটি একটি বিপর্যয়। বিশ্বজুড়ে দুই কোটি এইচআইভি আক্রান্ত মানুষের জীবন রক্ষায় ওষুধগুলো ব্যবহৃত হচ্ছিল। কিন্তু তা আজ বন্ধ হয়ে গেল।’
অতুল গাওয়ান্দে আরও বলেন, ‘চিকিৎসা বাধাগ্রস্ত হওয়ার ফলে রোগীদের আবার অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। বিশেষ করে এইচআইভির ক্ষেত্রে অন্যদের মধ্যে ভাইরাস ছড়িয়ে দেওয়ার আশঙ্কা বেড়ে যায়। রোগগুলোর ওষুধ-প্রতিরোধী নতুন ধরনের উদ্ভব হওয়ার সম্ভাবনাও তৈরি হয়।’
ওষুধ সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, একই ধরনের নির্দেশনা অন্য সহযোগীরাও পেয়েছেন। যার অর্থ, ওষুধ থাকা সত্ত্বেও তারা ক্লিনিকগুলোতে সরবরাহ করতে পারবেন না। আর ক্লিনিকগুলো যদি যুক্তরাষ্ট্রের অর্থায়নে চলে, তবে সেগুলো খুলতেও পারবেন না।
গাওয়ান্দে বলেন, এর মধ্যে এমন সংস্থাও রয়েছে, যারা ২৩টি দেশে ৬৫ লাখ এতিম ও দুর্বল শিশুদের এইচআইভি সংক্রান্ত সহায়তায় কাজ করছে।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রায় ২০০ বছর পর কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। ৫০ বছর বয়সী ক্রিস্টা পাইককে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। তবে তাঁর আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত দণ্ড কার্যকর ঠেকাতে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।
১ ঘণ্টা আগে
আসামের গুয়াহাটিতে একটি সমাবেশের ঠিক কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা ও তাঁর দলের বেশ কয়েকজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিষয়টি নিশ্চিত করেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাজ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত একটি বিমানঘাঁটির কাছে কয়েকটি বাড়ি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। একই ঘটনায় বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। কাতারাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
চীনের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন এক ভিন্নধারার ‘আইডল’। তিনি কোনো পপ তারকা কিংবা চলচ্চিত্র অভিনেতা নন; ৫৪ বছর বয়সী নৃতত্ত্ববিদ ও অধ্যাপক বিয়াও শিয়াং। তরুণদের উদ্বেগ, অনিশ্চয়তা ও জীবনের অর্থ খোঁজার সংকট নিয়ে তাঁর খোলামেলা আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
২ ঘণ্টা আগে