Ajker Patrika

নিজেকে যিশুরূপে উপস্থাপন করে ছবি শেয়ার ট্রাম্পের, তোপের মুখে প্রত্যাহার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৮: ৫৭
নিজেকে যিশুরূপে উপস্থাপন করে ছবি শেয়ার ট্রাম্পের, তোপের মুখে প্রত্যাহার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে যিশুর মতো চরিত্রে ফুটিয়ে তুলে একটি এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি) ছবি পোস্ট করেছিলেন। একসঙ্গে খ্রিষ্টধর্মীয় সর্বোচ্চ নেতা পোপ লিও চতুর্দশকে নিয়ে ধারাবাহিক আক্রমণাত্মক মন্তব্য করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। খ্রিষ্টান রাজনৈতিক মহলের বিভিন্ন পর্যায় থেকে এ ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

গত রোববার ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ছবিটি শেয়ার করেন এবং গতকাল সোমবার তা সরিয়ে ফেলেন। ছবিতে দেখা যায়, ট্রাম্প সাদা আলখাল্লা পরে আছেন এবং একজন ব্যক্তির মাথায় হাত রাখছেন, যা অনেকটা অলৌকিক নিরাময়ের দৃশ্যের মতো।

এই পোস্টটির আগে তিনি পোপের লিওর সমালোচনা করে একটি বার্তা দিয়েছিলেন, যেখানে তিনি পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্রনীতির জন্য ভয়াবহ’ বলে অভিহিত করেন। পরে ট্রাম্প সাংবাদিকদের জানান, ছবিটি তিনি পোস্ট করলেও তাঁর মনে হয়েছে এটি তাঁকে একজন ‘চিকিৎসক’ হিসেবে উপস্থাপন করেছে।

তিনি বলেন, ‘এটি রেড ক্রসের একজন কর্মীর সঙ্গে সম্পর্কিত ছিল, যাকে আমরা সমর্থন করি। শুধু ভুয়া নিউজ মিডিয়াই এমন ব্যাখ্যা দাঁড় করাতে পারে।’ তিনি আরও বলেন, তিনি এমন কোনো পোপ চান না যে ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করে’।

আলজিয়ার্স যাওয়ার পথে সোমবার পোপ লিও বলেন, ‘আমি তাঁর (ট্রাম্প) সঙ্গে কোনো তর্কে জড়াতে চাই না।’ উল্লেখ্য, প্রথম মার্কিন বংশোদ্ভূত এই পোপ বর্তমানে আফ্রিকার চারটি দেশে ১১ দিনের সফরে রয়েছেন। পোপ লিও বলেন, ‘আমি যুদ্ধের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হওয়া চালিয়ে যাব; শান্তি বজায় রাখা, সংলাপ ত্বরান্বিত করা এবং দেশগুলোর মধ্যে বহুপক্ষীয় সম্পর্ক স্থাপনের মাধ্যমে সমস্যার সঠিক সমাধান খোঁজার চেষ্টা করব।’

তিনি আরও যোগ করেন, ‘আজ বিশ্বে অনেক মানুষ কষ্ট পাচ্ছে। প্রচুর নিরপরাধ মানুষ মারা যাচ্ছে। আমি মনে করি, কারোর না কারোর উঠে দাঁড়িয়ে বলা উচিত যে এর চেয়েও ভালো কোনো পথ আছে।’

এদিকে, হোয়াইট হাউস এবং ভ্যাটিকানের মধ্যে কয়েক মাস ধরে উত্তেজনা বাড়ছে, বিশেষ করে মার্কিন প্রশাসনের কঠোর অভিবাসন নীতি, সামরিক পদক্ষেপ এবং ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ ক্যাথলিক নেতারাও পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন।

ইউএস কনফারেন্স অব ক্যাথলিক বিশপসের প্রেসিডেন্ট আর্চবিশপ পল এস কোকলি এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট পবিত্র পোপ সম্পর্কে এমন অবমাননাকর শব্দ চয়ন করায় আমি মর্মাহত। পোপ লিও তাঁর প্রতিদ্বন্দ্বী নন, এমনকি পোপ কোনো রাজনীতিবিদও নন।’ কোকলি আরও বলেন, ‘তিনি খ্রিষ্টের প্রতিনিধি (Vicar of Christ), যিনি সুসমাচারের সত্য থেকে কথা বলেন এবং মানুষের আত্মার কল্যাণে কাজ করেন।’

আন্তর্জাতিকভাবেও ট্রাম্পের মন্তব্য নিন্দিত হয়েছে। ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ট্রাম্পের এই আক্রমণকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ‘মহান পোপের প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের শব্দ চয়নকে আমি অগ্রহণযোগ্য মনে করি। পোপ ক্যাথলিক চার্চের প্রধান এবং শান্তির আহ্বান জানানো ও সব ধরনের যুদ্ধের নিন্দা করা তাঁর জন্য সঠিক ও স্বাভাবিক।’

এই প্রতিক্রিয়া কেবল গির্জার নেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বেশ কয়েকজন রক্ষণশীল ব্যক্তিত্বও ট্রাম্পের পোস্টের, বিশেষ করে এআই জেনারেটেড ছবিটির সমালোচনা করেছেন।

রিপাবলিকান ন্যাশনাল কমিটির যুব উপদেষ্টা পরিষদের সাবেক কো-চেয়ার ব্রিলিন হলিহ্যান্ড এক্সে লিখেছেন, ‘এটি চরম ঈশ্বরবিদ্বেষ। বিশ্বাস কোনো প্রচার সরঞ্জাম নয়। আপনার কাজের রেকর্ডই যেখানে সব কথা বলে, সেখানে নিজেকে ত্রাণকর্তা হিসেবে উপস্থাপন করার প্রয়োজন নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির সুযোগ দেবে হোন্ডা, পাবেন প্রভিডেন্ট ফান্ড

শিক্ষা ক্যাডারে বড় রদবদল, ওএসডি হলেন মাউশি মহাপরিচালক

নিজ ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর পাশে বসে যবিপ্রবির ভিসি খবর পেলেন অব্যাহতির

খোলাচিঠি লিখে জাতীয় মানবাধিকার কমিশন সদস্যদের একযোগে পদত্যাগ

এবার ডি‌সি বদলি নি‌য়ে অর্থ লেনদেনের অভিযোগ, আমির হামজাকে নোটিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত